যথাযোগ্য ভাবগম্ভীর পরিবেশ এবং সৌহার্দ্য সম্প্রীতির মধ্যদিয়ে প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার ও দোয়া মাহফিলটি গত ২ মার্চ সন্ধ্যায় জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে চাঁদপুরবাসীসহ প্রবাসের বিভিন্ন সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মানুষের স্বত:স্ফূর্ত উপস্থিতিতে রূপসী চাঁদপুরবাসীর ইফতার মাহফিলে মিলনমেলায় পরিণত হয়। নির্ধারিত অডিটোরিয়ামে স্থান সংকুলান না হওয়ায় নবান্ন চাইনিজেও লোকজন বসে পড়েন। উভয় হলই ছিলো লোকে ভর্তি। তারপরেও অনেককে দাঁড়িয়ে থেকে ইফতার করতে দেখা যায়। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকলে এবং আয়োজক কমিটির আন্তরিকতা থাকলে দাঁড়িয়ে ইফতার করে তারা আনন্দিত হন। তারই প্রমাণ মিললো রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনকের আয়োজনে।
রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সাবেক সভাপতি মাওলানা ফখরুল ইসলাম মাছুমের পরিচালনায় ইফতার মাহফিলের শুরুতে কোরআন তেলওয়াত করা হয়। দোয়া পরিচালনা করেন কাওসার পাটোয়ারি। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী আকতার হোসেন বাদল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য ডা. এনামুল হক, সংগঠনের উপদেষ্টা আমিন খান জাকির, বাংলাদেশ সোসাইটির কার্যকরি পরিষদের সদস্য জাহাঙ্গীর সরওয়ার্দী, সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সোহেল, ইফতার মাহফিলের আহবায়ক নূরে আলম মনির সদস্য সচিব আবু ছাদেক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি মোবারক হোসাইনসহ কার্যকরি কমিটির সদস্যরা।
সাবেক সভাপতির বক্তব্যে মাওলানা ফখরুল ইসলাম মাছুম ইফতারপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, চাঁদপুর প্রেসক্লাবের মাধ্যমে ১ হাজার প্যাকেট ইফতার গরীবদের মধ্যে বিতরণ করা হয়েছে। প্রবাসী চাঁদপুরবাসীর জন্য আরো একশত কবরের বুকিং দেয়া হয়েছে। এই কবরগুলো চাঁদপুরবাসীকে দেয়া হবে। তিনি এই সংগঠনকে আরো এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন।
সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান সবাইকে ইফতার মাগফিল সফল করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আপনাদের সাথে নিয়ে আমরা এই সংগঠনকে এগিয়ে নিতে চাই।
সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সোহেল ইফতার ও দোয়া মাহফিলে যারা অংশগ্রহণ এবং যারা সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।