২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 24-06-2026

২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা

মধ্যপ্রাচ্যের যুদ্ধ, ইসরায়েল ঘিরে কূটনৈতিক উত্তেজনা এবং আন্তর্জাতিক সংকট নিয়ে যখন ওয়াশিংটনের রাজনৈতিক নেতারা ব্যস্ত, তখন কোটি কোটি আমেরিকানের অবসরকালীন নিরাপত্তা, আর্থিক ভবিষ্যৎ এবং জীবনযাত্রার স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়ছে। সোশ্যাল সিকিউরিটি কর্মসূচি, যা প্রায় ৭৫ মিলিয়ন আমেরিকানের প্রধান আর্থিক ভরসা, তার দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সংকট সম্পর্কে নতুন সতর্কবার্তা দিয়েছে সোশ্যাল সিকিউরিটি বোর্ড অব ট্রাস্টিজ। ইসরায়েল নিয়ে বিদেশনীতি ও যুদ্ধের প্রশ্নে কংগ্রেসের ব্যাপক মনোযোগ থাকলেও সাধারণ আমেরিকানদের অবসরভাতা, সামাজিক নিরাপত্তা এবং ভবিষ্যৎ আর্থিক সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রয়োজনীয় গুরুত্ব পাচ্ছে না সিনেটর ও কংগ্রেসম্যানদের কাছে ।

যুক্তরাষ্ট্রের সোশ্যাল সিকিউরিটি বোর্ড অব ট্রাস্টিজ তাদের ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে, ওল্ড-এজ অ্যান্ড সারভাইভার্স ইন্স্যুরেন্স (ওএএসআই) এবং ডিজঅ্যাবিলিটি ইন্স্যুরেন্স (ডিআই) ট্রাস্ট ফান্ডের সম্মিলিত রিজার্ভ ২০৩৪ সাল পর্যন্ত নির্ধারিত সব সুবিধা ও প্রশাসনিক ব্যয় পরিশোধ করতে সক্ষম হবে। এটি গত বছরের পূর্বাভাসের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। তবে ২০৩৪ সালের পর ট্রাস্ট ফান্ডের রিজার্ভ শেষ হয়ে গেলে তৎকালীন আয়ের ভিত্তিতে নির্ধারিত সুবিধার প্রায় ৮৩ শতাংশ পরিশোধ করা সম্ভব হবে। যদি আয় কমে যায়, তাহলে সুবিধার প্রায় ৮৩ শতাংশ পরিশোধ করা সম্ভব হবে না।

প্রতিবেদনে বলা হয়েছে, অবসরভাতা ও উত্তরাধিকারীদের জন্য ব্যবহৃত ওল্ড-এজ অ্যান্ড সারভাইভার্স ইন্স্যুরেন্স ট্রাস্ট ফান্ডের রিজার্ভ ২০৩২ সালের চতুর্থ প্রান্তিকে শেষ হয়ে যেতে পারে। সে সময় ফান্ডটির চলমান আয় দিয়ে নির্ধারিত সুবিধার প্রায় ৭৮ শতাংশ প্রদান করা যাবে। অন্যদিকে, প্রতিবন্ধী কর্মীদের জন্য ডিজঅ্যাবিলিটি ইন্স্যুরেন্স ট্রাস্ট ফান্ড আগামী ৭৫ বছরের পূর্বাভাসকাল জুড়ে আর্থিকভাবে স্থিতিশীল থাকবে বলে ধারণা করা হচ্ছে।

২০২৫ সালে ওল্ড-এজ অ্যান্ড সারভাইভার্স ইন্স্যুরেন্স ও ডিজঅ্যাবিলিটি ইন্স্যুরেন্স (ডিআই) ট্রাস্ট ফান্ডের সম্মিলিত রিজার্ভ ১৬০ বিলিয়ন ডলার কমে ২ দশমিক ৫৬ ট্রিলিয়ন ডলারে নেমে আসে। একই বছরে সোশ্যাল সিকিউরিটি কর্মসূচির মোট আয় ছিল ১ দশমিক ৪৫ ট্রিলিয়ন ডলার, যার মধ্যে ১ দশমিক ৩২ ট্রিলিয়ন ডলার এসেছে পে-রোল ট্যাক্স থেকে, ৫৮ বিলিয়ন ডলার সুবিধাভোগীদের কর থেকে এবং ৬৯ বিলিয়ন ডলার সুদ আয় হিসেবে।

অন্যদিকে ২০২৫ সালে কর্মসূচিটির মোট ব্যয় দাঁড়ায় ১ দশমিক ৬১ ট্রিলিয়ন ডলার। এর মধ্যে ১ দশমিক ৬০ ট্রিলিয়ন ডলার সরাসরি সুবিধা হিসেবে ৭ কোটি উপকারভোগীর মধ্যে বিতরণ করা হয়। প্রশাসনিক ব্যয় ছিল প্রায় ৭ বিলিয়ন ডলার, যা মোট ব্যয়ের মাত্র শূন্য দশমিক ৪ শতাংশ।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, সোশ্যাল সিকিউরিটির মোট ব্যয় ২০২১ সাল থেকে মোট আয়ের চেয়ে বেশি এবং ২০১০ সাল থেকে কর্মসূচিটির ব্যয় সুদবিহীন আয়ের চেয়ে বেশি রয়েছে। ২০২৬ সাল থেকে বার্ষিক ব্যয় ধারাবাহিকভাবে বার্ষিক আয়ের চেয়ে বেশি থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

সোশ্যাল সিকিউরিটি কমিশনার ফ্র‍্যাঙ্ক জে. বিসিগনানো বলেন, ট্রাম্প প্রশাসন সোশ্যাল সিকিউরিটিকে সুরক্ষিত ও শক্তিশালী করার অঙ্গীকারে কাজ করছে। তিনি বলেন, সেবা উন্নয়ন, অপচয় ও জালিয়াতি প্রতিরোধ এবং কর্মসূচির স্বচ্ছতা নিশ্চিত করার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সোশ্যাল সিকিউরিটির স্থিতিশীলতা বজায় রাখতে প্রশাসন ও আইনপ্রণেতাদের একসঙ্গে কাজ করতে হবে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে প্রায় ১৮৫ মিলিয়ন কর্মী সোশ্যাল সিকিউরিটির আওতায় আয় করেছেন এবং পে-রোল ট্যাক্স প্রদান করেছেন। একই সময়ে ট্রাস্ট ফান্ডের রিজার্ভ গড়ে ২ দশমিক ৬ শতাংশ হারে সুদ আয় করেছে। বর্তমানে সোশ্যাল সিকিউরিটি বোর্ড অব ট্রাস্টিজের সরকারি সদস্যরা হলেন-ট্রেজারি সেক্রেটারি ও ম্যানেজিং ট্রাস্টি স্কট বেসেন্ট, সোশ্যাল সিকিউরিটি কমিশনার ফ্র‍্যাঙ্ক জে. বিসিগনানো, স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের সচিব রবার্ট এফ কেনেডি জুনিয়র এবং ভারপ্রাপ্ত শ্রম সচিব কিথ ই. সন্ডারলিং। বোর্ডের দুটি পাবলিক ট্রাস্টি পদ এখনো শূন্য রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, কংগ্রেস যদি আগামী কয়েক বছরের মধ্যে কর বৃদ্ধি, সুবিধা কাঠামো পরিবর্তন বা অন্য কোনো আর্থিক সংস্কার না করে, তাহলে ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি সুবিধা কমে যাওয়ার মারাত্মক ঝুঁকি তৈরি হতে পারে। তবে বর্তমানে কর্মসূচিটি দেউলিয়া হচ্ছে না; বরং ট্রাস্ট ফান্ডের সঞ্চিত রিজার্ভ ধীরে ধীরে কমে যাচ্ছে এবং ভবিষ্যতে সংস্কারের প্রয়োজনীয়তা আরো জোরালো হয়ে উঠছে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)