ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 24-06-2026

ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের

দীর্ঘদিনের আন্দোলন ও জনচাপের ফলেই ম্যারিল্যান্ড রাজ্যের স্টেট রিটায়ারমেন্ট অ্যান্ড পেনশন সিস্টেম ইতোমধ্যে প্রায় ৮৫ শতাংশ ইসরায়েলি বন্ড বিনিয়োগ প্রত্যাহার করেছে। এ অগ্রগতিকে সংগঠনটি একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে অভিহিত করলেও তারা এখনো অবশিষ্ট বিনিয়োগ সম্পূর্ণভাবে, অর্থাৎ ১০০ শতাংশ ডাইভেস্টমেন্টের দাবি জানিয়ে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। ঘটনাটি রাজ্যজুড়ে নৈতিক বিনিয়োগ, মানবাধিকার এবং সরকারি তহবিল ব্যবহারের নীতিমালা নিয়ে নতুন করে আলোচনা উসকে দিয়েছে। গত ১৭ জুন বাল্টিমোর শহরে অনুষ্ঠিত সমাবেশে শতাধিক মানুষ অংশ নেন। এ সমাবেশকে আন্দোলনকারীরা বিজয় র‌্যালি হিসেবে উল্লেখ করেন, যেখানে তারা দীর্ঘদিনের প্রচারণা ও জনচাপের ফল হিসেবে এ অগ্রগতিকে উদযাপন করেন। আন্দোলনটি মেরিল্যান্ড ব্রেক দ্য বন্ডস জোটের নেতৃত্বে পরিচালিত হয়, যেখানে জুয়িশ ভয়েস ফর পিস এবং ৪০টিরও বেশি নাগরিক, ধর্মীয়, শ্রমিক ও শিক্ষার্থী সংগঠন যুক্ত রয়েছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন শ্রমিক ইউনিয়ন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং স্থানীয় মানবাধিকার কর্মীরা। আন্দোলনকারীদের দাবি, জনগণের করের অর্থ কোনো যুদ্ধ-সম্পর্কিত বা মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত বিনিয়োগে ব্যবহার করা উচিত নয়, বরং নৈতিক বিনিয়োগ নীতির অধীনে পরিচালিত হওয়া উচিত।

সমাবেশ চলাকালে আন্দোলনকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং স্টেট সরকারের প্রতি অবশিষ্ট ইসরায়েলি বন্ড সম্পূর্ণভাবে প্রত্যাহারের আহ্বান জানান। সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা মিছিল করে মেরিল্যান্ড স্টেট রিটায়ারমেন্ট অ্যান্ড পেনশন সিস্টেমের বোর্ড অফিসে যান এবং সেখানে শত শত নাগরিকের স্বাক্ষরযুক্ত পোস্টকার্ড জমা দেন। এরপর তারা মেরিল্যান্ড কম্পট্রোলার ব্রুক লিয়ারম্যানের কার্যালয়ের সামনে জড়ো হয়ে দাবি তোলেন যে, তিনি যেন তার প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে পূর্ণ ডাইভেস্টমেন্ট নিশ্চিত করেন। কম্পট্রোলার পেনশন বোর্ডের একমাত্র নির্বাচিত সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

আয়োজকদের দাবি অনুযায়ী, এই সিদ্ধান্তের ফলে এখন পর্যন্ত রাজ্যের পেনশন তহবিল থেকে ইসরায়েলি বন্ডে থাকা বিনিয়োগ ৬০ মিলিয়ন ডলারেরও বেশি কমেছে। আন্দোলনকারীরা এটিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বৃহৎ রাজ্য-স্তরের ডাইভেস্টমেন্ট অর্জন হিসেবে উল্লেখ করছেন। তবে সরকারি পর্যায় থেকে এই পরিসংখ্যানের বিস্তারিত আনুষ্ঠানিকভাবে যাচাই করা হয়নি। দীর্ঘদিনের সংগঠিত গ্রাসরুট আন্দোলনের ফলে এ পরিবর্তন এসেছে। তিনি বলেন, এখনো কাজ শেষ হয়নি এবং সম্পূর্ণ ডাইভেস্টমেন্ট না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

বিজয় সমাবেশের শেষে সংগীত পরিবেশনা, সম্প্রদায়িক মিলনমেলা এবং একটি স্থানীয় ফিলিস্তিনি শেফের তৈরি খাবার পরিবেশন করা হয়। আয়োজকদের মতে, এটি আন্দোলনের সাংস্কৃতিক ও মানবিক সংহতির প্রতীক। আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছেন, মেরিল্যান্ড সরকার সম্পূর্ণভাবে ইসরায়েলি বন্ড থেকে বিনিয়োগ প্রত্যাহার না করা পর্যন্ত তারা ক্যাম্পেইন, জনসংযোগ এবং নীতিগত চাপ অব্যাহত রাখবে।

ইসরায়েলি বন্ড থেকে বিনিয়োগ প্রত্যাহারের সিদ্ধান্ত নিলো ইউএডব্লিউ কনভেনশন

যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ শ্রমিক সংগঠন ইউনাইটেড অটো ওয়ার্কার্স (ইউএডব্লিউ) গত ১৮ জুন তাদের বিনিয়োগ পোর্টফোলিও থেকে ইসরায়েলি বন্ডে থাকা অর্থ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। গাজায় চলমান যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংগঠনটি জানিয়েছে। ডেট্রয়েট শহরের হান্টিংটন প্লেসে অনুষ্ঠিত সংগঠনের ৩৯তম সাংবিধানিক কনভেনশনের শেষ পর্যায়ে গত ১৮ জুন এ প্রস্তাবটি ভোটে পাস হয়। প্রায় এক হাজার প্রতিনিধির হাত তুলে ভোটের মাধ্যমে প্রস্তাবটি অনুমোদিত হয়, যারা যুক্তরাষ্ট্রজুড়ে বিভিন্ন ইউএডব্লিউ লোকাল ইউনিয়নের প্রতিনিধিত্ব করেন।

সংগঠনের তথ্য অনুযায়ী, ইসরায়েলি বন্ড ও সংশ্লিষ্ট সিকিউরিটিজে থাকা কয়েক লাখ ডলারের বিনিয়োগ এ সিদ্ধান্তের ফলে প্রত্যাহার করা হবে। তবে ঠিক কত পরিমাণ অর্থ প্রত্যাহার করা হবে, তা নির্দিষ্টভাবে জানানো হয়নি। ইউএডব্লিউ নেতৃত্ব জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা যুদ্ধ শুরুর পর থেকেই সংগঠনটি বিষয়টি পর্যবেক্ষণ করছিল। ২০২৩ সালের ডিসেম্বরেই সংগঠনটি যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি পিটিশনে স্বাক্ষর করে এবং ইসরায়েলের সঙ্গে আর্থিক সম্পর্ক নিয়ে অভ্যন্তরীণ পর্যালোচনা শুরু করে।

ইউএডব্লিউ রিজিয়ন ৯এ-এর পরিচালক ব্র্যান্ডন মান্সিলা এক বিবৃতিতে বলেন, সংগঠনটি ইতিহাসজুড়ে বৈশ্বিক রাজনৈতিক ও মানবাধিকার ইস্যুতে অবস্থান নিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে, দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্যের বিরুদ্ধে এবং কন্ট্রা যুদ্ধের বিরুদ্ধেও তারা অবস্থান নিয়েছিল। তিনি আরো বলেন, গাজা ও ইসরায়েলের সংঘাতের পরিপ্রেক্ষিতে যুদ্ধবিরতির আহ্বান জানানো এবং বিনিয়োগ পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত সংগঠনের ন্যায়বিচারভিত্তিক অবস্থানেরই অংশ। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের একটি সাক্ষাৎকার অনুযায়ী ইউএডব্লিউর ইসরায়েলি বন্ডে আনুমানিক ৪ লাখ থেকে ৭ লাখ ডলার পর্যন্ত বিনিয়োগ ছিল, যদিও বাজার পরিস্থিতির ওপর ভিত্তি করে এই পরিমাণ পরিবর্তিত হতে পারে। বর্তমান সময়ে মোট বিনিয়োগের সঠিক পরিমাণ প্রকাশ করা হয়নি।

ভোটের বিস্তারিত সংখ্যা বা কতজন প্রতিনিধি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে ইউএডব্লিউ কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে প্রস্তাবটি অনুমোদিত হয়েছে এবং ডাইভেস্টমেন্ট প্রক্রিয়া শুরু হবে। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে শ্রমিক আন্দোলনের মধ্যে আন্তর্জাতিক রাজনীতি ও বিনিয়োগ নীতির ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)