“দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত। লেগেছে লেগেছে, রক্তে আগুন লেগেছে”। ১ নভেম্বর রোববার গাজীপুর বাইপাস রোডের মোড়ে যে তান্ডবলীলা চালানো হয়- সেখানে এ শ্লোগানমুখর ছিল শ্রমিক নামের কতিপয় লোকজন। বেতন বৃদ্ধির দাবি আদায়ে এ ধরনের ভাষা দিয়ে শ্লোগান বাংলাদেশের মানুষ কখনও শোনেনি। রাস্তা অবরোধ করে আন্দোলনটাও মেনে নেয়া যায়। কিন্তু একের পর এক গাড়ি ভাংচুর, গার্মেন্টস পণ্য বহনকারী লরি ভাংচুর। গার্মেন্টের গেট ভেঙ্গে ভেতরে থাকা শ্রমিকদের পেটানো।
কর্মকর্তাদের সারিবদ্ধ থাকা গাড়িগুলো পিটিয়ে ভেঙ্গে চুরমার করা। সর্বপরি গার্মেন্টসে আগুন ধরিয়ে গোটা ফ্যাক্টরি পুড়িয়ে দেয়া কী কয়েকদিনের আন্দোলনে হতে পারে। সরকার যেখানে মজুরি বোর্ড গঠন করেছে, গেজেট প্রকাশ করেছে এরপরও এসব তান্ডবের অর্থ কী?
বাইপাসে রোববার নীরিহ পুলিশ সদস্যগণ দূরে দাঁড়িয়ে পরিস্থিতি অবলোকন করছিলেন, তাদের ধাওয়া দেয়া। ও তারা যখন একটা সেভ হোমে আত্মরক্ষার্থে ঢুকেছে, তখন সে গেট ভেঙে যেভাবে টেনে হেঁচড়ে বের করে পিটিয়ে অচেতন করে ফেলা হয়েছে ওইদিন। শুধু পুলিশই নয়, বিজিবি সদস্যদেরও আহত করে ফেলা হয়েছে। এসব তান্ডবলীলা পথচারি ও সাধারণ মানুষ স্বাভাবিক পরিস্থিতি হিসেবে দেখেনি। ভূক্তভূগীরা এ প্রতিবেদককে বিস্তারিত জানাতে গিয়ে অজানা এ শঙ্কায় তটস্থ হয়ে পড়েন। ভবিষ্যতে কী হবে।
পুলিশ কিভাবে দ্বায়িত্ব পালন করবেন। আর পুলিশ ব্যর্থ হলে দেশের আইনশৃংখলা পরিস্থিতির কী হবে— এমন অজানা আশংকায় প্রত্যক্ষদর্শীরা।
সরকার এ আন্দোলন শুরুর সাথে সাথেই কমিটি গঠন করেছে। কমিটির তালিকা পুর্ণাঙ্গ করতে ব্যর্থ হয়ে কিছুটা সময়ক্ষেপণ- তাও খুব বেশি না। আর বাইপাসের ওই ঘটনা যখন ঘটেছে, তার আগের দিনই সরকার সংশ্লিস্ট সেক্টরের লোকজনকে ডেকে বিস্তারিত জানিয়ে দেয়। এবং আন্দোলন সংগ্রাম না করে কাজে মন দেয়ার নির্দেশনা দেয়। এবং ওই ঘটনার দিনই সরকার ওই কমিশনের নাম প্রকাশ করে গেজেটও প্রকাশ করে। এরপরও এরকম ভয়াবহতার অবতাণা ঘটানোর পেছনে কী উদ্দেশ্য থাকতে পারে সেটা নিয়েই দুশ্চিন্তা।
শুধু এখানেই থেমে নেই, এ রিপোর্ট যখন লেখা হচ্ছে সে ৩ নভেম্বর মঙ্গলবারও আন্দোলন অব্যাহত। মিরপুর ১১ মেট্রোরেল স্টেশন যাত্রী নিরাপত্তায় বন্ধ করে দেয়া হয়েছে। আগের দিন সোমবার তান্ডব চলেছে মিরপুরেও। পুলিশকে মারধর, পুলিশের গাড়ি ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়া।
পোশাক খাতের ন্যূনতম মজুরি এখন মাসে সাড়ে ১২ হাজার টাকা। শ্রমিক সংগঠনগুলো সেটি বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবি তুলেছে, যা বর্তমান মজুরির প্রায় ২ দশমিক ৪ গুণ। গত দুই মাসে ঢাকা, গাজীপুর ও আশুলিয়ায় ধারাবাহিক কর্মসূচি হয়েছে। ১২ অক্টোবর উত্তরার আজমপুরে সড়ক অবরোধ হয়েছে। ১৩ অক্টোবরও একইভাবে দক্ষিণখানে অবৈধভাবে থাকা বিভিন্ন গার্মেন্টস শ্রমিকরা বের হয়ে আজমপুরে ঢাকা ময়মনসিংহ প্রধান সড়ক অবরোধ করে রেখে দুই প্রান্ত থেকে চলাচলের সব যানবাহন বন্ধ করে দিতে দেখা গেছে। অবরোধের আগের সপ্তাহেই সরকার মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ
ঘটনার দিন পহেলা নভেম্বর পোশাক শ্রমিকদের (গার্মেন্টস শিল্প সেক্টর) নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ করেছে সরকার। রোববার (১ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। পরে তা গেজেট আকারে প্রকাশ হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’ (সংশোধিত ২০২৬) এর ১৩৮ ধারার বিধান অনুযায়ী নিম্নতম মজুরি বোর্ডের সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। বোর্ডে নিরপেক্ষ সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ।
মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব। আর শ্রমিকপক্ষের প্রতিনিধি করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে।
অন্যদিকে, মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন বিজিএমইএর পরিচালক এবিএম সামছুদ্দিন। শ্রমিকপক্ষের প্রতিনিধি করা হয়েছে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতারকে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০২৬) এর ১৩৮ ধারার ৩(ক) ও ৩(খ) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে এবং ১৩৯ ধারায় নির্ধারিত কার্যাবলি সম্পাদনের উদ্দেশ্যে গার্মেন্টস শিল্পের জন্য এ বোর্ড গঠন করা হয়েছে। এর আগে শনিবার সকালে সচিবালয়ে পোশাক শ্রমিকদের বেতন বাড়াতে ন্যূনতম মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী।
সম্প্রতি শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের মজুরি পুনর্বিন্যাসের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। পোশাক শ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে, যা কার্যকর হয় একই বছরের ডিসেম্বরে। সেই হিসাবে আগামী নভেম্বরে তিন বছর পূর্ণ হতে যাচ্ছে। সরকার এ জন্যই বিষয়টা বিবেচনা করে উদ্যোগ নিয়েছে।
তবে নতুন আইন অনুযায়ী তিন বছর গণনা কি আইন পাসের সময় থেকে হবে, নাকি আগের মজুরি ঘোষণার সময় থেকে—তা নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে কিছুটা মতপার্থক্য রয়েছে। শ্রমিক নেতাদের দাবি, এ বছরই নতুন মজুরিকাঠামো নির্ধারণ করতে হবে। অন্যদিকে মালিকপক্ষ মনে করছে, নতুন আইন পাসের পর থেকে তিন বছর গণনা করা উচিত।
এ বিষয়ে শ্রমসচিব জানান, কারিগরি কমিটির সভায় আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে। সেখানে সিদ্ধান্ত না হলে জাতীয় ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি) কিংবা সরকারের উচ্চপর্যায়ে এটি চূলচেরা বিশ্লেষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু এখন প্রশ্ন এরপরও আন্দোলনের হুশিয়ারী ও মহাসড়ক অবরোধ করে হয়রানি কেন?
ফ্লাশ ব্যাক- শ্রমিক কল্যাণ ফেডারেশনের হুঁশিয়ারি
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত না হলে রাজপথে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিল সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার। তিনি বলেছেন, বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি শ্রমিকরা হলেও তাদের শ্রমের যথাযথ মূল্যায়ন, মর্যাদা ও জীবনযাত্রার মান নিশ্চিত করা হচ্ছে না।
গত (২৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে একটি রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত ‘অবিলম্বে জাতীয় মজুরি বোর্ড পুনর্গঠন এবং জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমানের সভাপতিত্বে গোলটেবিল আলোচনায় প্রধান অতিথি ছিলেন শ্রম সংস্কার কমিশনের প্রধান ও বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। বক্তব্য দেন বিভিন্ন সেক্টরের কেন্দ্রীয় নেতারা। সেখানে নাজমা আক্তার বলেন, শ্রমিকদের মজুরি বলতে শুধু খাবারের খরচ বোঝায় না। খাদ্য, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা ও বিনোদনের মতো মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি কিছু সঞ্চয় ও স্বাচ্ছন্দ্য বজায় রাখার সুযোগ থাকতে হবে।
সেটিই হওয়া উচিত একজন শ্রমিকের ন্যায্য মজুরি। এবং সেখানেই নুন্যতম মজুরি ত্রিশ হাজার টাকা দাবী করা হয়। হুট করে বারো হাজার টাকা থেকে ত্রিশ হাজার করলে গার্মেন্টস বায়ারর থাকবে না অন্য দেে চলে যাবে সেটা নিয়ে ভাবছে না আন্দোলনকারীরা।
শ্রমিকদের বেতন দেন কে?
শ্রমিকদের বেতন সরকার দেয় না। গার্মেন্টস মালিকরা দিয়ে থাকেন। আর গার্মেন্টস মালিক ওই টাকা সংগ্রহ করেন বিদেশী বায়ারের যে অর্ডার সেখান থেকে। ফলে দিন শেষে টাকাটা বায়ারের পকেট থেকেই আসছে। এখন প্রশ্ন যেখানে প্রতিযোগিতার বিশ্বে বাংলাদেশ অর্ডার ধরে রাখতে প্রত্যাশার চেয়েও কম মূল্যে অর্ডার নেন, সেখানে বাড়তি শ্রমিক বেতন কিভাবে দেবেন গার্মেন্টস মালিক? এতে করে গার্মেন্টস মালিকরা অসহায় হয়ে পড়ছেন। এবং এখানে লস দিয়ে তাদের গার্মেন্টস পরিচালনা করতে হয়।
ফলে বিষয়টা সুরাহা করতে বসে সরকার। হুট করেই সরকার শ্রমিকের বেতন বড় অংকে বাড়িয়ে দিলে সেটা সামাল দিতে না পারলে বায়াররা মুখ ফিরিয়ে নিলে ক্ষতিটা কার? শ্রমিকের না সরকারের। বিষয়টা গার্মেন্টস সেক্টরের নেতারা জানলেও কতিপয় রাজনৈতিক দলের উচ্চভিলাসী সুযোগ লাভের ইন্ধনে এসব সাধারন শ্রমিকদের মাঠে নামানো হচ্ছে বলে অভিযোগ।
গত ২৭ আগস্টে যে গোলটেবিল মিটিং হয় মুলত এরপর থেকেই ফুসে ওঠে এই সেক্টর। প্রথম শুরু হয় গাজীপুর। এরপর নারায়ণগঞ্জ, আশুলিয়া, সাভার জোন ফুসে উঠতে শুরু করে। তিল তিল করে সূচনা করে গত অক্টোবর থেকে ক্রমশ ব্যাপক আকার ধারন শুরু হয়। এসময় বিরোধী রাজনৈতিক দল শ্রমিকের পক্ষে অবস্থান নিয়ে গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা মেনে নেয়ার আহ্বান জানায়। এতে শ্রমিকরা আরো সোচ্চার হয়ে ওঠে।
গত ১২ ও ১৩ অক্টোবর পরপর দুইদিন আজমপুরে ঢাকা ময়মনসিং রোড অবরোধ
গত ১২ অক্টোবর বেলা ১১টার দিকে বিভিন্ন কারখানার শত শত শ্রমিক আজমপুরে জড়ো হয়ে বিক্ষোভ করেন এবং একপর্যায়ে সড়ক অবরোধ করেন। উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার কে এইচ এম এরশাদ জানান, দক্ষিণখানের বিভিন্ন কারখানার শ্রমিকরা সড়কে নামেন এবং পুলিশের বোঝানোর পর সড়ক ছেড়ে যান। আরেক প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দর সড়কে যান চলাচল বন্ধ থাকায় কর্মস্থলগামী মানুষ ও যাত্রীরা দুর্ভোগে পড়েন, এবং প্রায় এক ঘণ্টা পর শ্রমিকরা কাজে ফিরে যান।
ঘটনাটি সংক্ষিপ্ত ছিল এবং কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি। কিন্তু পরের দিন ১৩, ১৪ অক্টোবরও একই কর্মসূচি ওই এক স্থানেই অনুষ্ঠান করে গার্মেন্টস শ্রমিকেরা। একই সময় গাজীপুরও আন্দোলন শুরু হয়। এর আগে গত ২ অক্টোবর গাজীপুর গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত সমাবেশে নেতারা ১ ডিসেম্বরের মধ্যে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। সমাবেশ শেষে মিছিল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে তীব্র যানজট সৃষ্টি হয়। ফলে তিল তিল করেই এ আন্দোলন চুড়ান্ত রুপ নেয়।
মজুরির পটভূমি: আইন, সময়সীমা ও সরকারের সিদ্ধান্ত
সর্বশেষ মজুরি: তৈরি পোশাকশ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি ২০২৩ সালের নভেম্বরে ঘোষিত হয় এবং ডিসেম্বরে কার্যকর হয়। তখন ৮ হাজার টাকা থেকে বেড়ে হয় ১২ হাজার ৫০০ টাকা, অর্থাৎ ৫৬ দশমিক ২৫ শতাংশ বৃদ্ধি।
আইন সংশোধন: সরকার শ্রম আইন সংশোধন করে মজুরি পুনর্র্নিধারণের সময়কাল পাঁচ বছর থেকে তিন বছর করেছে। সেই হিসাবে ২০২৬ সালের ডিসেম্বরেই তিন বছর পূর্ণ হচ্ছে।
সময় গণনা নিয়ে মতভেদ: তিন বছর আইন সংশোধনের আগে থেকে গণনা হবে, না পরে থেকে, তা নিয়ে শ্রমিক ও মালিকপক্ষ ভিন্নমত পোষণ করছে। শ্রমিকনেতারা বলছেন, চলতি বছরই নতুন কাঠামো করতে হবে; মালিকপক্ষ বলছে, আইন পাসের পর থেকে গণনা হওয়া উচিত।
মালিকপক্ষের অবস্থান
বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে মজুরি বৃদ্ধির দাবি যৌক্তিক, তবে কারখানাগুলোর বাড়তি মজুরি দেওয়ার সক্ষমতা আছে কি না তাও দেখতে হবে। তাঁর ভাষ্য, বর্তমান কাঠামোতেই বহু কারখানা টিকতে না পেরে বন্ধ হয়েছে এবং নতুন করে মজুরি বাড়লে পরিস্থিতি আরও জটিল হবে। অন্য একটি প্রতিবেদনে তাঁকে উদ্ধৃত করে বলা হয়েছে, আরএমজি খাত এখন কঠিন সময় পার করছে, তাই মজুরি বাড়ানোর এটি সঠিক সময় নয়। একই প্রতিবেদনে শ্রমসচিবের বরাতে বলা হয়েছে, মালিকপক্ষ নতুন বোর্ড গঠনের প্রস্তাবে দ্বিমত করেনি।
নিষিদ্ধ আওয়ামী লীগের সম্পৃক্ততা
নিষিদ্ধ আওয়ামী লীগের সম্পৃক্ততার অভিযোগ মিলছে কয়েকদিন ধরে চলমান শ্রমিক আন্দোলনে। শ্রমিকরা সাধারন আন্দোলনই করছিল। সর্বোচ্চ সড়ক অবরোধ। কোনাবাড়ীতে আন্দোলনরত শ্রমিকদের কোনো যানবাহনে স্পর্শ না করারও হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ। কিন্তু বাইপাস, মিরপুরে আর ওই অবস্থা ছিলনা। রীতিমত তান্ডব চালানো হয়। কখনো হেলমেট পরা। কখনো মুখে কাপড় বাধা বেশ কিছু শ্রমিকবেশীদের আক্রমণাত্মক ও ধংসলীলা চালাতে দেখা যায়। পুলিশের উপর আক্রমণও এরাই করে পরিস্থিতি উত্তপ্ত করে রাখে।
এদের মধ্যে কয়েকজনকে আটক করে। তাদের পরিচয় মিলেছে নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের কর্মী হিসেবে। পুলিশের ভাষ্য, আটকরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী। তারা সাধারণ শ্রমিকদের আন্দোলনের মধ্যে ঢুকে পুলিশের সঙ্গে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও নাশকতার চেষ্টা করছিলেন।
গত তিন নভেম্বর খবরে জানা যায় ঘটনাস্থল থেকে ১১ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছেন ডিবির মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ রাকিব খান। তিনি বলেন, তারা বিভিন্ন জেলা থেকে আসা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।
উপকমিশনার রাকিব বলেন, সাধারণ শ্রমিকদের ‘ব্যবহার করে’ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নাশকতার চেষ্টা করছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “কয়েকদিন ধরে গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন চলছে। তবে রোববার থেকে তারা বেশ সহিংস হয়ে উঠেছে।
এক ব্রিফিংয়ে একই ধরনের অভিযোগ করেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম প্রিভেনশন উত্তর) মো. মহিদুল ইসলাম। তিনি বলেন, “আন্দোলনকারীদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যরা ঢুকে পড়েছে।”
সবশেষ
গার্মেন্টস সেক্টর হুট করে এমন চরম আকার ধারণ করেনি। তিল তিল করে ফুসে উঠেছে তারা। এ ব্যাপারে সরকারের আইনশৃংখলাবাহিনীর উদাসীনতা ছিল কি না বিষয়টা খতিয়ে দেখা দরকার বলে অভিজ্ঞরা মনে করছেন। কেননা গার্মেন্টেস সেক্টরে এমন অশান্ত হয়ে ওঠার ঘটনা এটাই নতুন না। এমন বহু ঘটেছে। বিশেষ করে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কঠোর নজরদারির মধ্যে নড়চড়ের সুযোগ পায়নি। সেই আইনশৃংখলাবাহিনীই বিদ্যমান অলমোস্ট। বিষয়টি আমলে নিয়ে সজাগ থাকলে কোনো পক্ষই ক্ষতিগ্রস্ত হতেন না।
মাঝে সরকারের ভাবমূর্তি ক্ষণ্ন হবার উপক্রম। কেননা ঘঠনা ঘটে যাবার পর এখন শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে গার্মেন্টেসে চাকরি করে এবং অপরাধের সঙ্গে জড়িত ছিলেন এমনদের খোঁজার চেষ্টা করা হচ্ছে। দিন শেষে আন্তর্জাতিক বাজার ঠিক রাখতে যেমনটা এ শ্রমিকদেরই প্রয়োজন তেমনি শ্রমিকদের ফ্যামেলির বিষয়টা সহ তাদের ন্যায্য আন্দোলনের মধ্যে দুস্কৃতিকারীরা ঢুকে ফায়দা নিচ্ছে কি না এ ব্যাপারে সতর্কতা গ্রহণ করা জরুরি। কারণ মুখে মুখে ডিসেম্বরের একটা ডেটলাইন। একটি পক্ষ দিন রাত ওই জল্পনা করে কিছু অবুঝ মানুষকে উস্কে দেয়ার চেষ্টা করছেন বৈ কি!

