সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়ার আশঙ্কার কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন গত ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা ইস্যু স্থগিত করে। এ সিদ্ধান্তের পর ফেব্রুয়ারি ২০২৬-এ বাংলাদেশ-সংশ্লিষ্ট আবেদনকারীদের জন্য পূর্বে হালনাগাদ করা ২৩টি অভিবাসী ভিসা ইস্যুর তথ্য পাওয়া গেছে।

তবে মার্চ থেকে নভেম্বর পর্যন্ত বাংলাদেশিদের জন্য কোনো অভিবাসী ভিসা ইস্যু হয়েছে কি না, সে বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর কোনো হালনাগাদ মাসিক পরিসংখ্যান প্রকাশ করেনি। জানা যায় এ সময়ে একজন বাংলাদেশিকেও ভিসা দেওয়া হয়নি তাই কেউ এস ডিপার্টমেন্ট অব স্টেট ভিসা ইস্যুর সরকারি তথ্যও প্রকাশ করেনি ।

ট্রাম্প প্রশাসনের যুক্তি ছিল, এসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে এসে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়ে বা পড়ার ঝুঁকি রয়েছে। এ নীতির আওতায় সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকদের অভিবাসী ভিসা ইস্যু বন্ধ রাখা হয়। তবে আবেদন জমা দেওয়া ও সাক্ষাৎকার গ্রহণের কার্যক্রম চালু ছিল। পর্যটক, শিক্ষার্থীসহ অন্যান্য অস্থায়ী ভিসা এ স্থগিতাদেশের আওতায় ছিল না।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের প্রকাশিত ফেব্রুয়ারি ২০২৬-এর পরিসংখ্যান অনুযায়ী, ওই মাসে বিশ্বজুড়ে মোট ২৬ হাজার ৪৮৩টি অভিবাসী ভিসা ইস্যু করা হয়। এর মধ্যে স্থগিতাদেশের আওতাভুক্ত ৭৫টি দেশের সঙ্গে সংশ্লিষ্ট আবেদনকারীদের জন্য ৬২৬টি ভিসা ইস্যুর তথ্য পাওয়া যায়। বাংলাদেশ-সংশ্লিষ্ট হিসাব ছিল ২৩টি। একই মাসে ব্রাজিলের ক্ষেত্রে ৭৪টি, পাকিস্তানের ৬৩টি এবং নাইজেরিয়ার ৫৯টি অভিবাসী ভিসা ইস্যুর তথ্য পাওয়া গেছে।

তবে এসব সংখ্যাকে সংশ্লিষ্ট দেশের নাগরিকদের জন্য ইস্যু করা ভিসার পূর্ণাঙ্গ হিসাব হিসেবে দেখা যাবে না। কারণ পররাষ্ট্র দফতরের সংশ্লিষ্ট পরিসংখ্যানে আবেদনকারীদের নাগরিকত্বের পরিবর্তে জন্মস্থান অথবা ‘কান্ট্রি অব চার্জেবিলিটি’ অনুযায়ী তথ্য সাজানো হয়। ফলে বাংলাদেশে জন্ম নেওয়া অন্য দেশের নাগরিক কিংবা ভিন্ন দেশের পাসপোর্টধারীর তথ্যও এ শ্রেণিবিন্যাসে অন্তর্ভুক্ত হতে পারে।

এদিকে ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা ইস্যু স্থগিত রাখার নীতির বৈধতা আদালতে চ্যালেঞ্জ করা হয়। মামলাটি করেন দুটি অলাভজনক সংগঠন ও ১১ জন ব্যক্তি। তাদের মধ্যে ভিসা প্রত্যাখ্যাত হওয়ায় পরিবারের সদস্যদের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়া ব্যক্তিরাও ছিলেন। গত ২১ আগস্ট নিউইয়র্কের ফেডারেল আদালতের বিচারক জেনেট ভার্গাস ট্রাম্প প্রশাসনের এ নীতিকে আইনবহির্ভূত ঘোষণা করে বাতিল করেন। আদালতের মতে, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ ধরনের সামগ্রিক নিষেধাজ্ঞা জারির ক্ষেত্রে তার আইনগত ক্ষমতার সীমা অতিক্রম করেছেন।

এরপর গত ২৮ আগস্ট যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর আনুষ্ঠানিকভাবে জানায়, আদালতের ২১ আগস্টের আদেশ অনুযায়ী ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা ইস্যু স্থগিতের নীতি আর কার্যকর নেই। ফলে সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকদের অভিবাসী ভিসা ইস্যুতে ওই স্থগিতাদেশের বাধা উঠে যায়। তবে এর অর্থ এই নয় যে, সব আবেদন স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত হবে; আবেদনকারীদের স্বাভাবিক যাচাই-বাছাই ও যোগ্যতার শর্ত পূরণ করতে হবে।

স্থগিতাদেশ প্রত্যাহারের পরও বাংলাদেশিদের কতটি অভিবাসী ভিসা ইস্যু হয়েছে, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মাসিক অভিবাসী ভিসা ইস্যুর সরকারি তালিকায় সর্বশেষ প্রকাশিত তথ্য ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের। মার্চ থেকে নভেম্বর পর্যন্ত নতুন মাসিক প্রতিবেদন প্রকাশিত না হওয়ায় স্থগিতাদেশ প্রত্যাহারের পর বাংলাদেশিদের ভিসা ইস্যুর প্রকৃত সংখ্যা নির্ধারণ করা যাচ্ছে না।

অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশিদের জন্য এ তথ্যের ঘাটতি গুরুত্বপূর্ণ। বিশেষ করে পরিবারভিত্তিক ও কর্মসংস্থানভিত্তিক অভিবাসী ভিসার আবেদনকারীরা স্থগিতাদেশ প্রত্যাহারের পর তাদের আবেদন কতটা এগিয়েছে, তা জানতে আগ্রহী। নতুন সরকারি পরিসংখ্যান প্রকাশিত না হওয়ায় ভিসা ইস্যুর স্বাভাবিক কার্যক্রম কতটা পুনরায় শুরু হয়েছে, সে বিষয়েও পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাচ্ছে না।

এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। নিউইয়র্কের বৃহৎ প্রবাসী সংগঠন বাংলাদেশ সোসাইটি অব নিউইয়র্ক এবং ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকাসহ (ফোবানা) অন্যান্য বাংলাদেশি সংগঠনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো দৃশ্যমান আনুষ্ঠানিক বক্তব্য, প্রতিবাদ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তথ্য চাওয়ার উদ্যোগ এখনো সামনে আসেনি। অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশিদের স্বার্থে এসব সংগঠন বিষয়টি নিয়ে কী পদক্ষেপ নেবে বা প্রবাসীদের কল্যানে ফোবানার কাজ কি তা নিয়ে প্রবাসীদের মধ্যে আগ্রহ রয়েছে।