জর্জিয়া স্টেটের গভর্নর নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কিশা ল্যান্স বটমস। রিপাবলিকান প্রার্থী ও ধনকুবের ব্যবসায়ী রিক জ্যাকসনকে পরাজিত করে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে কোনো স্টেটের গভর্নর নির্বাচিত হয়েছেন। তাঁর এই বিজয়ের মধ্য দিয়ে দুই দশকের বেশি সময় পর জর্জিয়ার গভর্নর পদে ডেমোক্র্যাটদের প্রত্যাবর্তন ঘটল।

মধ্যবর্তী নির্বাচনে বটমসের জয়কে জর্জিয়ার রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। নির্বাচনের ফল গণনা চলার মধ্যেই সংবাদমাধ্যমগুলো তাঁকে বিজয়ী ঘোষণা করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক হিসেবে পরিচিত রিপাবলিকান ব্যবসায়ী রিক জ্যাকসনকে হারিয়ে বটমসের এই জয় ডেমোক্র্যাটদের জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক সাফল্য।

৫৬ বছর বয়সী বটমস ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত আটলান্টার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। করোনাভাইরাস মহামারির সময় তিনি শহরটির নেতৃত্ব দেন। পরে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে হোয়াইট হাউসের জনসম্পৃক্ততা বিষয়ক দপ্তরের প্রধান ও জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে কাজ করেন।জর্জিয়ায় সর্বশেষ ১৯৯৮ সালে ডেমোক্র্যাট রয় বার্নস গভর্নর নির্বাচিত হয়েছিলেন। এরপর টানা দুই দশকের বেশি সময় রিপাবলিকানরা স্টেটটির গভর্নর পদ ধরে রাখেন। বর্তমান রিপাবলিকান গভর্নর ব্রায়ান কেম্পের মেয়াদ শেষ হওয়ায় এবার নতুন গভর্নর নির্বাচনের লড়াই হয়।

বটমসের বিজয় যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসেও গুরুত্বপূর্ণ ঘটনা। এর আগে দেশটির কোনো স্টেটের গভর্নর হিসেবে কোনো কৃষ্ণাঙ্গ নারী নির্বাচিত হননি। তাঁর জয়ের মধ্য দিয়ে সর্বোচ্চ নির্বাহী পদে কৃষ্ণাঙ্গ নারীদের প্রতিনিধিত্বের ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত তৈরি হলো।

যুক্তরাষ্ট্রের ৫০ স্টেটে ১ হাজার নির্বাচনী পর্যবেক্ষক পাঠিয়েছে বিচার বিভাগ

২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ পর্যবেক্ষণের জন্য যুক্তরাষ্ট্রের ৫০টি স্টেটেই প্রায় এক হাজার কর্মকর্তা ও পর্যবেক্ষক মোতায়েন করেছে ডিপার্টমেন্ট অফ জাস্টিস (ডিওজে)।৩ নভেম্বর, মঙ্গলবার নির্বাচনের দিন এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বিচার বিভাগের দাবি, ভোটাধিকার সুরক্ষা, নির্বাচনী আইন মেনে চলা এবং অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতেই ইতিহাসের বৃহত্তম এই পর্যবেক্ষণ কার্যক্রম নেওয়া হয়েছে।বিচার বিভাগের প্রকাশিত তথ্য অনুযায়ী, ডিওজের সিভিল রাইটস ডিভিশন এ কার্যক্রম সমন্বয় করছে। এতে বিভাগের কর্মকর্তা, বিচার বিভাগের অন্যান্য শাখার কর্মী, বিভিন্ন স্টেটের ফেডারেল অ্যাটর্নি অফিসের প্রতিনিধি এবং অফিস অব পারসোনেল ম্যানেজমেন্টের ফেডারেল পর্যবেক্ষকেরা অংশ নিচ্ছেন।

নির্বাচনী পর্যবেক্ষকেরা ভোটকেন্দ্রে ভোটাধিকার আইন, ভোটারদের সমান সুযোগ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের ভোট দেওয়ার সুবিধা নিশ্চিত করা হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করবেন। ভোটারদের জাতি, বর্ণ, জাতিগত পরিচয়, ধর্ম বা প্রতিবন্ধিতার কারণে ভোট দিতে বাধা দেওয়া, ভয় দেখানো কিংবা বৈষম্যের শিকার করা হচ্ছে কি না, সেটিও তাঁদের নজরদারির আওতায় থাকবে।

সহকারী অ্যাটর্নি জেনারেল হারমিট কে. ধিলন বলেছেন, নির্বাচনের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করা বর্তমান প্রশাসনের অন্যতম অগ্রাধিকার। তাঁর ভাষ্য অনুযায়ী, বিচার বিভাগের ইতিহাসে এবারই সবচেয়ে বড় পরিসরে নির্বাচনী পর্যবেক্ষক মোতায়েন করা হয়েছে।এর আগে ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনে বিচার বিভাগ ২৮৯ জন পর্যবেক্ষক পাঠিয়েছিল। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ২৭টি স্টেটের ৮৬টি এলাকায় ৭১৪ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করেন। এবার প্রথমবারের মতো ৫০টি স্টেটেই পর্যবেক্ষক পাঠানো হয়েছে।

তবে এই উদ্যোগ নিয়ে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছে। ভোটাধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন এবং ডেমোক্র্যাট নেতাদের একাংশ আশঙ্কা করছেন, বিপুলসংখ্যক ফেডারেল পর্যবেক্ষকের উপস্থিতি বিশেষ করে সংখ্যালঘু ও অভিবাসী অধ্যুষিত এলাকায় ভোটারদের মধ্যে ভীতি তৈরি করতে পারে। অন্যদিকে বিচার বিভাগ বলছে, পর্যবেক্ষকদের কাজ হলো ফেডারেল নির্বাচনী আইন মেনে চলা হচ্ছে কি না, তা দেখা। তাঁরা ভোটারদের ভোট দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে বা ভোটের ফল নির্ধারণে হস্তক্ষেপ করতে পারবেন না।

ক্যালিফোর্নিয়ার ২০ হাজার মেইল ব্যালট আটকে দেওয়ার আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগমুহূর্তে ক্যালিফোর্নিয়ার প্রায় ২০ হাজার ভোটারের ডাকযোগে পাঠানো ব্যালট আলাদা করে রাখার জন্য ট্রাম্প প্রশাসনের করা জরুরি আবেদন প্রত্যাখ্যান করেছে সুপ্রিম কোর্ট। সোমবার, ২ নভেম্বর, আদালত এ সিদ্ধান্ত জানায়। এর ফলে যেসব ভোটারের নাগরিকত্ব নিয়ে ফেডারেল প্রশাসন সন্দেহ প্রকাশ করেছে, তাঁদের ব্যালট আপাতত আলাদা করে রাখার জন্য ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষকে কোনো নির্দেশ দেয়নি আদালত।

ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগ দাবি করেছিল, ক্যালিফোর্নিয়ার ভোটার তালিকায় প্রায় ২০ হাজার এমন ব্যক্তি রয়েছেন, যাঁরা যুক্তরাষ্ট্রের নাগরিক নন বলে ফেডারেল কর্মকর্তাদের সন্দেহ। তাঁদের কাছেও ডাকযোগে ভোট দেওয়ার ব্যালট পাঠানো হয়েছে। এসব ব্যালট গণনা না করে আলাদা রাখা এবং সংশ্লিষ্ট ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ের পর গণনার দাবি জানিয়েছিল প্রশাসন।

সোমবার সুপ্রিম কোর্টে জরুরি আবেদন জমা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিচারপতিরা তা প্রত্যাখ্যান করেন। আদালত সিদ্ধান্তের পক্ষে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি। কোনো বিচারপতিও প্রকাশ্যে ভিন্নমত জানাননি। ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণের ঠিক আগের দিন এ সিদ্ধান্ত আসে।এর আগে ক্যালিফোর্নিয়ার কেন্দ্রীয় জেলা আদালতের বিচারক ডেভিড ও. কার্টার ২৮ অক্টোবর ট্রাম্প প্রশাসনের আবেদন নাকচ করেন।

তাঁর মতে, নাগরিকত্ব যাচাইয়ের নামে ২০ হাজারের বেশি ব্যালট আলাদা রাখার দাবি স্টেটের নিজস্ব নির্বাচন পরিচালনার সাংবিধানিক ক্ষমতার সঙ্গে সাংঘর্ষিক। নির্বাচনের ঠিক আগে ফেডারেল সরকারের এমন পদক্ষেপে বৈধ ভোটারদের ভোটাধিকার ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এরপর বিচার বিভাগ নবম সার্কিট আপিল আদালতে যায়। তিন বিচারকের একটি প্যানেল ২-১ ভোটে প্রশাসনের জরুরি আবেদন খারিজ করে। আদালত জানায়, নিম্ন আদালতকে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন বিবেচনার যথেষ্ট সুযোগ না দিয়ে আগেভাগে আপিল করায় এ বিষয়ে তাদের হস্তক্ষেপের এখতিয়ার নেই। পরে ট্রাম্প প্রশাসন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়।

মামলায় যুক্তরাষ্ট্র সরকারের পক্ষে ক্যালিফোর্নিয়া স্টেট, স্টেটের সেক্রেটারি অব স্টেট শার্লি ওয়েবার এবং লস অ্যাঞ্জেলেস কাউন্টির রেজিস্ট্রার-রেকর্ডার ও কাউন্টি ক্লার্ক ডিন লোগানকে বিবাদী করা হয়। বিচার বিভাগের অভিযোগ, ফেডারেল সংস্থাগুলো বিভিন্ন সরকারি ও তৃতীয় পক্ষের তথ্য মিলিয়ে সম্ভাব্য অ-নাগরিক ভোটারদের একটি তালিকা তৈরি করেছে। ওই তালিকায় থাকা ব্যক্তিদের নাগরিকত্ব যাচাই না করে তাঁদের ব্যালট গণনা করা উচিত নয়।

তবে ক্যালিফোর্নিয়ার নির্বাচন কর্তৃপক্ষ ফেডারেল সরকারের তালিকার নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের বক্তব্য, তালিকায় ভুল তথ্য রয়েছে এবং ভোট গ্রহণ শুরু হওয়ার পর এত বিপুলসংখ্যক ব্যালট আলাদা করে যাচাই করা বাস্তবসম্মত নয়। এতে বৈধ ভোটারদের ভোট গণনা থেকে বাদ পড়ার ঝুঁকি তৈরি হতে পারে। বিচার বিভাগের এক আইনজীবীও আদালতে স্বীকার করেছেন, তালিকার তথ্যে উল্লেখযোগ্য ভুল থাকার আশঙ্কা রয়েছে।

ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁর মতে, প্রশাসনের এ ধরনের উদ্যোগ নির্বাচনে হস্তক্ষেপ এবং ভোটারদের অধিকার ক্ষুণ্ন করার ঝুঁকি তৈরি করে।এদিকে সোমবার ওয়াশিংটনের আরেকটি ফেডারেল আদালতের প্রধান বিচারক জেমস বোয়াসবার্গ পৃথক এক সিদ্ধান্তে বলেছেন, ক্যালিফোর্নিয়ার নির্বাচন কর্মকর্তাদের প্রতি ট্রাম্প প্রশাসনের শেষ মুহূর্তের দাবিগুলো যুক্তরাষ্ট্রের সংবিধানের নির্বাচন-সংক্রান্ত ধারার লঙ্ঘন করে থাকতে পারে। সংবিধান অনুযায়ী, ফেডারেল নির্বাচনের নিয়ম নির্ধারণের ক্ষমতা কংগ্রেস ও স্টেটগুলোর মধ্যে বণ্টিত।

ক্যালিফোর্নিয়ায় ডাকযোগে ভোট গ্রহণ অক্টোবরের শুরু থেকেই চলছে। স্টেটটির প্রায় ২ কোটি ৩০ লাখ নিবন্ধিত ভোটারের কাছে ব্যালট পাঠানো হয়। নির্বাচনের আগে ৬০ লাখের বেশি মেইল ব্যালট ফেরত এসেছে বলে স্টেটের কর্মকর্তারা জানিয়েছেন। মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনের আগে সুপ্রিম কোর্টের এ সিদ্ধান্তে বিতর্কিত ব্যালটগুলো আলাদা রাখার জন্য ট্রাম্প প্রশাসনের শেষ মুহূর্তের প্রচেষ্টা ব্যর্থ হলো।