মিশিগানের হ্যামট্রাম্যাক শহরের মেয়র নির্বাচন নিয়ে প্রায় এক বছরের আইনি বিরোধে নতুন মোড় এসেছে। ওয়েইন কাউন্টি সার্কিট কোর্টের বিচারক ক্যাথলিন ম্যাকার্থি গত ৩০ অক্টোবর রায় দিয়েছেন, মেয়র পদে প্রার্থী মুহিথ মাহমুদ শহরের বাসিন্দা হিসেবে নির্বাচিত পদে দায়িত্ব পালনের যোগ্য। একই সঙ্গে বিতর্কিত ৩৭টি ডাকযোগে দেওয়া ব্যালটসহ নির্বাচনের ফল প্রত্যয়নের নির্দেশ দিয়েছেন তিনি।

২০২৫ সালের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে অ্যাডাম আলহারবি ১১ ভোটের ব্যবধানে বিজয়ী ঘোষিত হয়েছিলেন। কিন্তু নির্বাচনের পর শহরের ক্লার্কের কার্যালয়ে পাওয়া ৩৭টি ডাকযোগে দেওয়া ব্যালট প্রথম গণনায় অন্তর্ভুক্ত হয়নি। এসব ব্যালটের হেফাজত ও সংরক্ষণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠায় ওয়েইন কাউন্টির নির্বাচন বোর্ড সেগুলো গণনায় অন্তর্ভুক্ত করতে পারেনি।

আদালতের নির্দেশে গত ১৬ অক্টোবর ব্যালটগুলো গণনা করা হলে ফল পাল্টে যায়। নতুন গণনায় মুহিথ মাহমুদ পান ২ হাজার ৮৯ ভোট এবং অ্যাডাম আলহারবি পান ২ হাজার ৭৭ ভোট। ফলে মাহমুদ ১২ ভোটের ব্যবধানে এগিয়ে যান।তবে ফল প্রত্যয়নের আগে মাহমুদের হ্যামট্রাম্যাকের বাসিন্দা হওয়া নিয়ে আলাদা আইনি বিরোধ চলছিল। আলহারবির পক্ষের আইনজীবী দাবি করেন, মাহমুদ মূলত ট্রয় শহরে বসবাস করেন। অন্যদিকে মাহমুদ বলেন, তার অন্য শহরে বাড়ি থাকলেও তিনি হ্যামট্রাম্যাকের বাসিন্দা।

দুই পক্ষের সাক্ষ্য ও নথিপত্র পর্যালোচনা করে বিচারক ম্যাকার্থি মাহমুদের বসবাসের যোগ্যতা বহাল রাখেন। আদালত বলেন, অন্য শহরে তার বাড়ি থাকা কিংবা পরিবারের সদস্যদের ট্রয়ে বসবাস করা তাকে হ্যামট্রাম্যাকের মেয়র পদে অযোগ্য করে না।

রায়ের পর বর্তমান মেয়র আলহারবির আইনজীবী নবিহ আয়াদ জরুরি আপিল এবং রায় স্থগিতের আবেদন করার কথা জানান। ফলে মাহমুদের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের আগে আরো আইনি প্রক্রিয়া বাকি রয়েছে।অন্যদিকে মাহমুদের আইনজীবী মার্ক ব্রুয়ার আদালতের সিদ্ধান্তকে ভোটারদের রায়ের স্বীকৃতি হিসেবে উল্লেখ করেছেন। গত ৩০ অক্টোবর পর্যন্ত আলহারবিই মেয়রের দায়িত্বে ছিলেন। ওয়েইন কাউন্টির নির্বাচন বোর্ডের আনুষ্ঠানিক ফল প্রত্যয়ন এবং আপিলের পরবর্তী সিদ্ধান্তের ওপর এখন ক্ষমতা হস্তান্তরের বিষয়টি নির্ভর করছে।