মেরিল্যান্ডের প্রিন্স জর্জ কাউন্টি জেলের মুসলিম চ্যাপ্লেন ইমাম ড. এড্রিস ব্রিজেসকে চাকরির আবেদন প্রক্রিয়ায় খ্রিস্টান ধর্মের শর্ত আরোপের কারণে বৈষম্যের শিকার হওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের বৃহত্তম মুসলিম নাগরিক অধিকার সংস্থা কেয়ার ফেডারেল আদালতে মামলা চালিয়ে বিজয় অর্জন করেছে। এই মামলার সমাধানের মাধ্যমে ব্রিজেস ১ লাখ ৯৫ হাজার ক্ষতিপূরণ পেয়েছেন এবং নিশ্চিত হয়েছে যে ভবিষ্যতে প্রিন্স জর্জ কাউন্টি বা তাদের ঠিকাদার প্রিজন মিনিস্ট্রি অফ আমেরিকা কোনো প্রার্থীকে ধর্মীয় শর্ত পূরণের জন্য বাধ্য করতে পারবে না। এই ঘটনা যুক্তরাষ্ট্রে সংবিধান দ্বারা সুরক্ষিত ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
২০২১ সালে ব্রিজেস প্রিন্স জর্জ কাউন্টি জেলের চ্যাপ্লেন পদে আবেদন করেছিলেন ইমাম ড. এড্রিস ব্রিজেস। তবে আবেদনের মধ্যে একটি অংশে উল্লেখ করা হয়েছিল যে শুধু খ্রিস্টান প্রার্থীরাই এই পদের জন্য যোগ্য। মুসলিম ধর্মের অনুগত ড. এড্রিস ব্রিজেস এই শর্ত পূরণ করতে পারেননি, কারণ তিনি মুসলিম। তিনি আবেদনের মধ্যে থাকা স্টেটমেন্ট অফ অ্যাপ্লিক্যান্টস ক্রিশ্চিয়ান ফেইথ পূরণ করতে পারেননি। এই শর্তে বলা হয়েছে, প্রার্থীকে খ্রিস্টান ধর্মের প্রতি আনুগত্য প্রদর্শন করতে হবে, যা মুসলিম ব্রিজেসের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
ব্রিজেস, জানিয়েছেন যে ২০২১ সালের এপ্রিল মাসে তিনি জানতে পারেন কারাগারে পেইড চ্যাপ্লেন নিয়োগ চলছে। তিনি আবেদনপত্র চেয়েছিলেন, কিন্তু আবেদনের শর্ত পূরণ করতে না পারায় আবেদন করতে পারেননি। মামলায় উল্লেখ করা হয়েছে যে এই ধরনের ধর্মীয় শর্ত যুক্তরাষ্ট্রের প্রথম সংশোধনীর Establishment Clause লঙ্ঘন করে, যা সরকারের পক্ষ থেকে কোনো রাষ্ট্রধর্ম প্রতিষ্ঠার অনুমতি দেয় না। এছাড়া, আবেদনের শর্ত ব্রিজেসের ধর্মীয় স্বাধীনতার অধিকারও লঙ্ঘন করছে। ব্রিজেস বলেন, আমি হতবাক এবং দুঃখিত হয়েছি যে আমার মুসলিম ধর্মের কারণে আমি প্রার্থী তালিকায় অন্তর্ভুক্ত হতে পারছি না। একজন চ্যাপ্লেন হিসেবে মূল কাজ হলো সকলের জন্য উপস্থিত থাকা, ধর্মবিশ্বাস নির্বিশেষে।
মামলার আলোচনার পর তিনটি মূল শর্তে সমাধান হয়েছে। প্রথমত, প্রিজন মিনিস্ট্রি অফ আমেরিকা আর কোনো জেলের চাকরিতে বা সরকারের একচেটিয়া চুক্তির আওতায় প্রার্থীকে ধর্মীয় বিবৃতি পূরণের জন্য বাধ্য করবে না। দ্বিতীয়ত, প্রিন্স জর্জ কাউন্টি ব্রিজেসের স্বেচ্ছাসেবক আবেদনের অনুমোদন দেবে, আবেদনের সম্পূর্ণতা এবং টিবি স্ক্রিনিং প্রমাণপত্রের পর। তৃতীয়ত, প্রিন্স জর্জ কাউন্টি ব্রিজেসকে ১ লাখ ৯৫ হাজার ডলার পরিশোধ করবে। এছাড়া উভয় পক্ষ ফেব্রুয়ারি ৮, ২০২৬-এর মধ্যে একটি বিস্তারিত চুক্তি সম্পন্ন করবে এবং ব্রিজেস তার মামলা প্রত্যাহার করবেন।
কেয়ারের লিগ্যাল ডিফেন্স ফান্ডের স্টাফ অ্যাটর্নি জন ফসাম বলেন, প্রথম সংশোধনী আমাদের সকলের অধিকার রক্ষা করে। আমরা গর্বিত যে ব্রিজেসের ন্যায্যতা ফিরিয়ে দিতে পেরেছি এবং আমেরিকার মুসলিমদের জন্য সমতার লড়াই চালিয়ে যাব।সিদ্দিক ল-এর মিরিয়াম সেদ্দিক বলেন, ব্রিজেস একজন যোগ্য স্বেচ্ছাসেবক ছিলেন। খ্রিস্টান ধর্মের প্রয়োজনীয়তা আরোপ করা সম্পূর্ণ বৈষম্যমূলক। আমরা আনন্দিত যে ব্রিজেস তার অবিচারের জন্য ন্যায্য ক্ষতিপূরণ পেয়েছেন। ড. এড্রিস ব্রিজেস বলেন, এটি চ্যাপ্লেন এবং সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজয়, যারা আমাদের সংবিধান দ্বারা সুরক্ষিত ধর্মীয় স্বাধীনতার অধিকার রক্ষা করতে বিশ্বাসী।
ওয়াশিংটন ডি.সি. ভিত্তিক কেয়ার মুসলিমদের ধর্মীয় প্রথা ও চর্চা সম্পর্কে কারাগারের কর্মকর্তা ও প্রশাসকদের শিক্ষিত করার জন্য একটি এ কোরেকশনাল ইনস্টিটিউশনস গাইড টু ইসলামিক রিলিজিয়াস প্র্যাকটিসেস শীর্ষক নির্দেশিকা প্যাকেজ সরবরাহ করে। এ সমাধানটি যুক্তরাষ্ট্রে প্রথম সংশোধনী দ্বারা সুরক্ষিত ধর্মীয় স্বাধীনতার একটি শক্তিশালী বিজয় হিসেবে বিবেচিত হচ্ছে।