বাংলাদেশ সোসাইটির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন


দেশ ডেস্ক , আপডেট করা হয়েছে : 25-02-2026

বাংলাদেশ সোসাইটির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

বায়ান্ন’র ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে অমর একুশে মহান শহীদ দিবস তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের আমব্রেলা সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটি। এ উপলক্ষ্যে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সিটির জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে অস্থায়ী শহীদ মিনার নির্মান করে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। সোসাইটি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল প্রদান করা হয়। 

এবার পবিত্র রমজান মাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আয়োজিত হওয়ায় অনুষ্ঠান আয়োজনেও ছিলো ভিন্নতা, ছিলো অনুষ্ঠানে কোন রাজনৈতিক স্লোগান না দেওয়ার সিদ্ধান্ত। সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের মূল পর্বের আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সোসাইটির ট্রাস্টি বোর্ড সদস্য আব্দুর রহিম হাওলাদার, মোহাম্মদ আতরাউল আলম ও কাজী সাখাওয়াত হোসেন আজম এবং সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ানসহ সোসাইটির কর্মকর্তারা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। 

এরপর সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনকারী সংগঠনগুলোর নামের তালিকা পাঠ করেন এবং সংগঠনগুলো একে একে লাইনে দাঁড়িয়ে একুশের প্রথম প্রহরে অর্থাৎ স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিট থেকে একে একে পুষ্পস্তবক অর্পণ করে। এসময় বাংলাদেশ সোসাইটি, বিএনপি, আওয়ামী লীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদ, আওয়ামী পরিবার, বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা, চট্টগ্রাম সমিতি, কুইন্স বাংলাদেশ সোসাইটি, বৃহত্তম লাকসাম ফাউন্ডেশন ইউএসএ, গ্রেটার খুলনা সোসাইটি ইউএসএ, জেনারেশন ৭১, কুষ্টিয়া জেলা এসেসিয়েশন ইউএসএ, কিশোরগঞ্জ জেলা সমিতি ইউএসএ, প্রবাসী সিরাজগঞ্জ জেলা সমিতি, সর্থ বেঙ্গল ফাউন্ডেশন, ব্রাক্ষণবাড়িয়া সোসাইটি ইউএসএ, চাঁদপুর ফাউন্ডেশ নিউইয়র্ক, বিন্দাবন্দ এলামনাই এসোসিয়েশন, হবিগঞ্জ জেলা সমিতি, কুষ্টিয়া জেলা সমিতি, গোল্ডেন এজ হোমকেয়ার, নবাবগঞ্জ এসোসিয়েশন প্রভৃতি সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। 

শুরুতেই বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে প্রথমে সোসাইটির পক্ষ থেকে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় সোসাইটির কর্মকর্তা ও ট্রাষ্টিবোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় অমর একুশের গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি...’ পরিবেশিত হয়। তবে পবিত্র রমজান মাসের কারণে অনুষ্ঠান আয়োজন সীমিত করা হয়। এর আগে বিশেষ দোয়া মুনাজাত করা হয়। 

অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শুরুর আগে সভাপতি আতাউর রহমান সেলিম তার বক্তব্যে বাংলাদেশ সোসাইটিকে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের আমব্রেলা সংগঠন হিসেবে উল্লেখ করে বলেন, এই সোসাইটি আমাদের সবার। এখানে কোন রাজনীতি নেই। কেউ কোন রাজনৈতিক শ্লোগান দেবেন না। আমরা গত বছরের মতো কোন অপ্রীতিকর ঘটনা চাই না। তিনি শান্তিপূর্ণ পরিবেশে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ সোসাইটি আপনার, অমার সবার সংগঠন। এজন্য সবার সহযোগিতা চাই। তিনি ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। 

অনুষ্ঠানে সোসাইটির অন্যান্য কর্মকতার মধ্যে একুশ উদযাপন কমিটির আহবায়ক আবুল কালাম ভুঁইয়া, সদস্য সচিব মোহাম্মদ হাসান (জিলানী) ও প্রধান সমন্বয়কারী মফিজুল ইসলাম ভুইয়া (রুমি), সহ সভাপতি কামরুজ্জামান কামরুল, সাংগঠনিক সম্পাদক ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, জনসংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, কার্যকরি সদস্য জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, আবুল কাশেম চৌধুরী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোসাইটি ঘোষিত বাংলা স্কুলের শিক্ষার্থীদের জন্য আয়োজিত চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা বিশেষ কারণে গত ১৪ ফেব্রুয়ারি সোসাইটির কার্যালয়ে আয়োজন ও পুরষ্কার বিতরণ করা হয়। এতে বিপুর সংখ্যক নতুন প্রজন্ম অংশ নেয়।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)