নিউইয়র্ক সিটির স্কুল জোনে ঘণ্টাপ্রতি ১৫ মাইল গাড়ির গতিসীমা


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 19-03-2026

নিউইয়র্ক সিটির স্কুল জোনে ঘণ্টাপ্রতি ১৫ মাইল গাড়ির গতিসীমা

নিউ ইয়র্ক সিটির স্কুল এলাকায় সড়ক নিরাপত্তা বাড়াতে বড় পদক্ষেপ নিয়েছে সিটি প্রশাসন। গত ১৬ মার্চ নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান কওয়ামে মামদানি ঘোষণা করেন যে শহরের সব যোগ্য স্কুলের আশপাশে যানবাহনের সর্বোচ্চ গতিসীমা ১৫ মাইল প্রতি ঘণ্টা নির্ধারণ করা হবে। এ সিদ্ধান্তটি বাস্তবায়িত হচ্ছে স্যামির আইনের আওতায়, যা নিউ ইয়র্ক সিটিকে নির্দিষ্ট এলাকায় নিজস্বভাবে গতিসীমা কমানোর ক্ষমতা দিয়েছে। প্রশাসন জানিয়েছে, এটি এখন পর্যন্ত শহরে স্যামির আইন ব্যবহারের সবচেয়ে বড় সম্প্রসারণ।

মেয়র মামদানি কুইন্সের ফ্লাশিং ইন্টারন্যাশনাল হাই স্কুলে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন। একই ক্যাম্পাসে অবস্থিত জেএইচএস ১৮৯ ড্যানিয়েল কার্টার বেয়ার্ডের সামনেও নতুন একটি ১৫ মাইল প্রতি ঘণ্টা স্কুল স্লো জোন চালু করা হয়। শহরের পরিবহন বিভাগ নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন জানিয়েছে, ১৪৭তম স্ট্রিটের বার্কলে অ্যাভিনিউ থেকে স্যানফোর্ড অ্যাভিনিউ পর্যন্ত অংশে এই নতুন গতিসীমা কার্যকর করা হবে।

প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের মধ্যে অতিরিক্ত প্রায় ৮০০টি স্কুল লোকেশনে সর্বোচ্চ গতিসীমা ১৫ মাইল প্রতি ঘণ্টা কার্যকর করা হবে। এর ফলে চলতি বছরের শেষ নাগাদ নিউ ইয়র্ক সিটির পাঁচটি বরো জুড়ে প্রায় ১ হাজার ৩০০টি স্কুল এলাকায় এই কম গতিসীমা কার্যকর হবে। শহরে মোট প্রায় ২ হাজার ৩০০টি স্কুল লোকেশন রয়েছে, যেখানে প্রায় ৩ হাজার ২০০টি স্কুল পরিচালিত হয় (কিছু স্থানে একাধিক স্কুল একই ভবনে অবস্থিত)। মেয়র মামদানির প্রথম মেয়াদের শেষের আগেই সব যোগ্য স্কুল এলাকায় এ স্লো জোন চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, বর্তমানে থাকা প্রায় ৭০০টি ২০ মাইল প্রতি ঘণ্টা স্কুল স্লো জোনকে কমিয়ে ১৫ মাইল প্রতি ঘণ্টা করা হবে এবং যেখানে আগে ২৫ মাইল প্রতি ঘণ্টাগতিসীমা ছিল, এমন আরো প্রায় ১০০টি নতুন স্কুল এলাকায় এ সীমা চালু করা হবে। কোন এলাকায় আগে এ ব্যবস্থা কার্যকর হবে তা নির্ধারণ করা হবে দুর্ঘটনা ও নিরাপত্তাসংক্রান্ত তথ্য বিশ্লেষণের ভিত্তিতে।

শহরের পরিবহন কমিশনার মাইক ফ্লিন বলেন, যানবাহনের গতি কমানো সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমানোর অন্যতম কার্যকর উপায়। গবেষণায় দেখা গেছে, কোনো পথচারী যদি ২৫ মাইল প্রতি ঘণ্টা গতিতে চলা গাড়ির ধাক্কায় পড়ে, তবে তার গুরুতর আহত হওয়ার সম্ভাবনা ১৫ মাইল প্রতি ঘণ্টা গতির তুলনায় তিনগুণ বেশি। তাই স্কুলের আশেপাশে গাড়ির গতি কমানো শিশু, অভিভাবক এবং স্কুল কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ।

নতুন গতিসীমা কার্যকর করার আগে প্রতিটি এলাকায় স্থানীয় কমিউনিটি বোর্ডকে ৬০ দিনের নোটিশ দেওয়া হবে এবং তাদের মতামত দেওয়ার সুযোগ থাকবে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় রাস্তার নকশা উন্নয়ন, স্পিড হাম্প স্থাপন, মোড়ে দৃশ্যমানতা বাড়াতে ডে-লাইটিং এবং অন্যান্য সড়ক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ২০১৩ সালে ব্রুকলিনে দ্রুতগতির গাড়ির ধাক্কায় নিহত ১২ বছর বয়সী এক কিশোরের স্মরণে এই আইনটির নামকরণ করা হয় স্যামির আইন। তার মা অ্যামি কোহেন এবং নিরাপদ সড়কের দাবিতে কাজ করা বিভিন্ন সংগঠনের দীর্ঘ আন্দোলনের পর ২০২৪ সালে অঙ্গরাজ্যের আইনসভায় লিন্ডা বি. রোজেনথাল–এর উদ্যোগে আইনটি পাস হয়। আইনটি কার্যকর হওয়ার পর থেকে নিউ ইয়র্ক সিটির বিভিন্ন এলাকায় ইতোমধ্যে ১০০টিরও বেশি স্থানে গতিসীমা কমানো হয়েছে।

শহর প্রশাসনের মতে, স্কুল এলাকায় যানবাহনের গতি কমানো হলে শিক্ষার্থীরা হাঁটা বা সাইকেল ব্যবহার করে স্কুলে যাতায়াতের সময় আরো নিরাপদ বোধ করবে এবং সামগ্রিকভাবে নিউ ইয়র্ক সিটির সড়ক নিরাপত্তা পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)