অনলাইনভিত্তিক গ্রুপ দ্য বিউটিফুল লেডিস অফ ইউএসএ ও আল-আকসা পার্টি হলের যৌথ উদ্যোগে নিউইয়র্কের কুইন্সের জ্যামাইকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কের সর্ববৃহৎ ও জনপ্রিয় মেলা “কুইন্স ঈদ বাজার -২০২৬”। মার্চ মাসের ৭, ৮, ১৪, ১৫ ও ১৯ মার্চ চাঁদ রাত পর্যন্ত মেলাটি চলে। কুইন্সের জ্যামাইকার প্রাণকেন্দ্রে অবস্থিত আল-আকসা পার্টি হল প্রাঙ্গণে প্রতি সপ্তাহের শনিবার ও রোববার এ আয়োজন দুপুর ১২টা থেকে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত হয়।
দ্য বিউটিফুল লেডিস অফ ইউএসএ গ্রুপের এডমিন সিলভী আকন্দ, নাদিয়া চৌধুরী ও শাম্মী সাইফ জানান, এবারের মেলায় প্রায় দুই শতাধিকের বাংলাদেশি নারী উদ্যোক্তার পাশাপাশি ভারত ও পাকিস্তানের নারী উদ্যোক্তারাও অংশ নেন। ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের এসব উদ্যোক্তা তাঁদের নিজস্ব ব্র্যান্ডের পোশাক, গয়না, হস্তশিল্প ও খাদ্যপণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পান। এতে নতুন উদ্যোক্তাদের জন্য যেমন একটি প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, তেমনি অভিজ্ঞ ব্যবসায়ীরাও তাঁদের পণ্যের প্রচার-প্রসারের সুযোগ পেয়েছেন।
মেলায় দেশীয় ঐতিহ্যবাহী পণ্যের পাশাপাশি আধুনিক ফ্যাশন সামগ্রীর সমাহার ছিল। শাড়ি, সালোয়ার-কামিজ, লেহেঙ্গা, থ্রি-পিস, পাঞ্জাবি, ফতুয়া, শিশুদের পোশাক, হিজাব, কস্টিউম জুয়েলারি, কসমেটিকস, হাতে তৈরি অলংকার ও হোম ডেকর সামগ্রী ক্রেতাদের বিশেষভাবে আকৃষ্ট করে। এছাড়া রমজান উপলক্ষে ইফতার সামগ্রীর আয়োজন ছিল।
চাঁদরাতকে কেন্দ্র করে মেলায় যুক্ত হয় বাড়তি আকর্ষণ। মেহেদি কর্নারে নারী ও তরুণীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা, ফটো বুথ এবং পরিবার-পরিজন নিয়ে সময় কাটানোর মতো পরিবেশ মেলাটিকে এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত করে।
আয়োজকরা জানান, নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করে তোলা, তাঁদের ব্যবসাকে বৃহত্তর পরিসরে পরিচিত করা এবং প্রবাসে বাংলা সংস্কৃতি ও উৎসবের আবহ ধরে রাখাই এ আয়োজনের মূল লক্ষ্য। তারা আরও বলেন, ভবিষ্যতেও আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে বহির্বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ‘দ্য বিউটিফুল লেডিস অফ ইউএসএ’ এই গ্রুপটি উত্তর আমেরিকার বাঙালি কমিউনিটিতে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছে। এবারের মেলা সহ এটি হবে তাদের ১২তম আয়োজন।
আয়োজকরা আরও জানান, ‘দ্য বিউটিফুল লেডিস অব ইউএসএ’-এর উদ্যোগে আগামী ৩ মে ২০২৬, রোববার আমাজুরা কনসার্ট হলে বাংলাদেশের জনপ্রিয় সুরকার ও সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের লাইভ কনসার্ট অনুষ্ঠিত হবে, যা প্রবাসী বাংলা সংগীতপ্রেমীদের জন্য একটি বিশেষ আকর্ষণ হতে যাচ্ছে।