কেএ-১২ শিক্ষকদের জন্য নতুন সুযোগ


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 02-04-2026

কেএ-১২ শিক্ষকদের জন্য নতুন সুযোগ

নতুন প্রজন্মকে দক্ষ ও ভবিষ্যৎ প্রস্তুত করে তুলতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই নিউ ইয়র্ক স্টেট আবারও চালু করেছে সম্মানজনক মাস্টার টিচার ও মাস্টার কাউন্সেলর প্রোগ্রামের নতুন আবেদন প্রক্রিয়া। এই উদ্যোগের মাধ্যমে সেরা শিক্ষক ও কাউন্সেলরদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের নেতৃত্বে শিক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নিউ ইয়র্ক স্টেটের গভর্নর ক্যাথি হোচুল ঘোষণা করেছেন যে, ২০২৬ সালের জন্য মাস্টার টিচার প্রোগ্রাম এবং মাস্টার কাউন্সেলর পদের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। এই প্রোগ্রামের আওতায় ইতোমধ্যে রাজ্যজুড়ে ১ হাজার ৬০০-এর বেশি দক্ষ পাবলিক স্কুল শিক্ষক ও কাউন্সেলরকে স্বীকৃতি দেওয়া হয়েছে।

গভর্নর হোচুল বলেন, আমাদের রাজ্যের অসাধারণ শিক্ষক ও কাউন্সেলররা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত ও শিক্ষিত করতে নিরলসভাবে কাজ করছেন। এই প্রোগ্রামের মাধ্যমে আমরা তাদের অবদানকে সম্মান জানাতে চাই এবং আরো মানুষকে তাদের সাফল্য উদযাপনে উদ্বুদ্ধ করতে চাই। এ প্রোগ্রামে নির্বাচিত শিক্ষক ও কাউন্সেলররা শিক্ষার্থীদের পাশাপাশি নতুন ও প্রাথমিক পর্যায়ের শিক্ষক ও কাউন্সেলরদের মেন্টর হিসেবে কাজ করবেন। আবেদন করার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ মে ২০২৬।

মাস্টার টিচার প্রোগ্রাম পরিচালিত হচ্ছে স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের অধীন যা যুক্তরাষ্ট্রের বৃহত্তম পাবলিক উচ্চশিক্ষা ব্যবস্থাগুলোর একটি। সানির ৯টি ক্যাম্পাসে এ প্রোগ্রাম পরিচালিত হয়, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশেষজ্ঞরা সরাসরি অংশগ্রহণ করেন। সানির চ্যান্সেলর জন বি. কিং জুনিয়র বলেন, শিক্ষক তৈরির ক্ষেত্রে সানি রাজ্যের সবচেয়ে বড় প্রতিষ্ঠান হিসেবে গভর্নরের এ উদ্যোগকে সমর্থন করতে পেরে আমরা গর্বিত। এ প্রোগ্রাম দীর্ঘদিন ধরে শিক্ষাক্ষেত্রে সেরা নেতৃত্বকে স্বীকৃতি দিয়ে আসছে।

নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য অ্যালিসিয়া এল. হাইন্ডম্যান গভর্নরের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষকদের পেশাগত উন্নয়নে এ ধরনের বিনিয়োগ ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে স্টেম শিক্ষার ক্ষেত্রে দক্ষতা বাড়াতে এ প্রোগ্রাম বড় ভূমিকা রাখবে। এ প্রোগ্রামের আওতায় নির্বাচিত শিক্ষকরা বিজ্ঞান, প্রযুক্তি, কম্পিউটার বিজ্ঞান, রোবোটিক্স, কোডিং, ইঞ্জিনিয়ারিং, গণিত এবং কৃষি শিক্ষাসহ বিভিন্ন স্টেমবিষয়ে শিক্ষার্থীদের সহায়তা করবেন। পাশাপাশি, তারা স্থানীয় শিল্পখাতের সঙ্গে যোগাযোগ রেখে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে দিকনির্দেশনা দেবেন।

অন্যদিকে ‘মাস্টার কাউন্সেলররা শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, কলেজে ভর্তি এবং আর্থিক সহায়তা পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। বিশেষ করে তারা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের ফাফসা সম্পন্ন করতে সহায়তা করছেন। বর্তমানে নিউ ইয়র্কে ২০২৬ সালের শিক্ষার্থীদের প্রায় ৫৫ দশমিক ৪ শতাংশ ইতোমধ্যে ফাফসা সম্পন্ন করেছে।

এ প্রোগ্রামে নির্বাচিত শিক্ষক ও কাউন্সেলররা চার বছর মেয়াদে প্রতি বছর ১৫ হাজার ডলার করে ভাতা পাবেন। এছাড়া তারা পেশাগত উন্নয়নের জন্য বিশেষ প্রশিক্ষণ, মেন্টরিং এবং বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণের সুযোগ পাবেন। তারা নতুন শিক্ষক ও কাউন্সেলরদের সঙ্গে কাজ করে একটি সহায়ক পরিবেশ তৈরি করবেন এবং শিক্ষাক্ষেত্রে নতুন উদ্ভাবন ও কার্যকর পদ্ধতি ছড়িয়ে দেবেন।

এ প্রোগ্রামটি গভর্নর হোচুলের বৃহত্তর শিক্ষা উন্নয়ন পরিকল্পনার অংশ। এর আগে তিনি সায়েন্স অব রিডিংভিত্তিক শিক্ষা পদ্ধতি চালুর ঘোষণা দেন, যা শিক্ষার্থীদের পড়াশোনার দক্ষতা উন্নত করতে প্রমাণভিত্তিক কৌশল ব্যবহার করে। এছাড়া শিক্ষক সংকট মোকাবিলায় এবং নতুন শিক্ষকদের উৎসাহিত করতে বিভিন্ন প্রশিক্ষণ ও সার্টিফিকেশন প্রোগ্রামে অর্থায়নও বাড়ানো হয়েছে।

স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সমন্বিত উচ্চশিক্ষা ব্যবস্থা, যার ৬৪টি কলেজ ও বিশ্ববিদ্যালয় রয়েছে। প্রায় ৯৫ শতাংশ নিউ ইয়র্কবাসী এই প্রতিষ্ঠানগুলোর ৩০ মাইলের মধ্যে বাস করেন। প্রতিবছর প্রায় ১৭ লাখ শিক্ষার্থী সানির বিভিন্ন কোর্স ও প্রোগ্রামে অংশ নেন। এছাড়া গবেষণা খাতে প্রতিষ্ঠানটির বার্ষিক ব্যয় প্রায় ১.৫ বিলিয়ন ডলার।

নিউ ইয়র্ক স্টেটের মাস্টার টিচার ও মাস্টার কাউন্সেলর প্রোগ্রাম শুধু শিক্ষকদের স্বীকৃতি দেওয়ার একটি উদ্যোগ নয়, বরং এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্তিশালী শিক্ষা কাঠামো গড়ে তোলার প্রচেষ্টা। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষক ও কাউন্সেলরদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং শিক্ষার্থীরা আরো উন্নত ও বাস্তবমুখী শিক্ষা লাভের সুযোগ পাবে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)