বাংলাদেশ ব্যাংকের বহুল আলোচিত রিজার্ভ চুরি মামলায় নতুন মোড় নিয়েছে। মামলার গুরুত্বপূর্ণ অগ্রগতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি আদালত সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুরকে জবানবন্দি (ডিপোজিশন) দেওয়ার নির্দেশ দিয়েছেন। আদালতের নির্দেশ অনুযায়ী আগামী ১০ এপ্রিল তিনি এ জবানবন্দি দেবেন। বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) একটি অভ্যন্তরীণ নথিতে এ তথ্য জানা গেছে।
নথি অনুযায়ী, গত ১১ মার্চ ই-মেইলের মাধ্যমে আদালতের নির্দেশনা নিশ্চিত করেন মামলায় সংশ্লিষ্ট আইনজীবী ধর্মেন্দ্র নায়ার ও ব্যারিস্টার সৈয়দ আফজাল হাসান উদ্দিন। একই সঙ্গে জবানবন্দির প্রস্তুতি নিয়েও তাঁরা সংশ্লিষ্ট পক্ষকে অবহিত করেন।
নথিতে উল্লেখ করা হয়েছে, আদালতের অনুরোধে ড. মনসুর এরই মধ্যে একটি হলফনামা জমা দিয়েছেন। পরবর্তী ধাপে তাঁকে সরাসরি জবানবন্দি দিতে হবে। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ দেওয়া আইনি প্রতিষ্ঠান বিএসএনকে ও কিস্টোন ৬ ও ১০ এপ্রিল তাঁর জন্য প্রস্তুতিমূলক বৈঠকের আয়োজন করেছে।
জানা গেছে, ড. আহসান এইচ মনসুর গত ৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। তিনি ওয়াশিংটন ডিসি হয়ে নিউইয়র্কে পৌঁছবেন। আগামী ১২ এপ্রিল তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
সফরে তার সঙ্গে একজন সংশ্লিষ্ট কর্মকর্তাকে নেওয়ারও অনুরোধ করা হয়েছে। বিএফআইইউর নথিতে বলা হয়েছে, এই সফরের সব ব্যয় বাংলাদেশ ব্যাংক বহন করবে। এতে বিমানভাড়া, আবাসন, প্রটোকলসহ বর্তমান গভর্নরের সমমানের সুযোগ-সুবিধা দেওয়ার সুপারিশ করা হয়েছে। এসব ব্যবস্থাপনা গভর্নরের দপ্তর থেকে সমন্বয় করা হবে।