যুক্তরাষ্ট্রে যেসব কারণে শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 22-04-2026

যুক্তরাষ্ট্রে যেসব কারণে শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে

যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসার শর্ত পালনে বিশেষ সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। শিক্ষার্থী ভিসা (F-1/M-1) বজায় রাখা এবং ভবিষ্যতে ভিসা প্রাপ্তিতে সম্ভাব্য জটিলতা এড়াতে শিক্ষার্থীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। গত ১৮ এপ্রিল ঢাকার মার্কিন দূতাবাস তাদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় শিক্ষার্থী ভিসা বাতিলের সুনির্দিকিছু কারণ উল্লেখ করে।

বার্তায় উল্লেখ করা হয়, কোনো শিক্ষার্থী যদি মাঝপথে পড়াশোনা ছেড়ে দেয় অথবা পর্যাপ্ত কারণ ছাড়া নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকে কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানকে অবহিত না করে নিজের অধ্যয়ন কর্মসূচি বা কোর্স থেকে সরে দাঁড়ানোর মতো কাজ করেন, তবে তার বর্তমান ভিসা বাতিল হওয়ার পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্যতাও হারাতে পারেন। দূতাবাস জানায়, ভিসার শর্ত ভঙ্গ করলে শুধু বর্তমান অবস্থানই অবৈধ হবে না, বরং এটি স্থায়ীভাবে রেকর্ডভুক্ত হয়ে যাবে। এর ফলে ওই শিক্ষার্থী ভবিষ্যতে যেকোনো ধরনের মার্কিন ভিসার আবেদনের ক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হতে পারেন।

সম্ভাব্য আইনি জটিলতা এড়াতে শিক্ষার্থীদের সব সময় তাদের ভিসার শর্তাবলি মেনে চলার আহ্বান জানানো হয়েছে। শিক্ষার্থী হিসেবে নিজের ভ্যালিড স্ট্যাটাস বা বৈধ অবস্থান বজায় রাখতে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অফিসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দেয়া হয়েছে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)