পাকিস্তানকে ঘরের মাঠে টেষ্টে হারাল বাংলাদেশ


নিজস্ব প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 13-05-2026

পাকিস্তানকে ঘরের মাঠে টেষ্টে হারাল বাংলাদেশ

দুর্দান্ত এক সাফল্য বাংলাদেশ দলের। পাকিস্তানের মত টেষ্ট ক্রিকেটের পরাশক্তিকে হারালো নিজ মাঠে। 

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি ২০২৫-২৭ চক্রে প্রথম জয় পেল বাংলাদেশ। মিরপুর টেস্টে গতকাল পাকিস্তানকে ১০৪ রানে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।


এ নিয়ে টানা তিন টেস্টে পাকিস্তানকে হারানোর কৃতিত্ব দেখাল টাইগাররা। এ জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০-তে এগিয়ে গেল স্বাগতিক দল।


মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে গতকাল পঞ্চম ও শেষ দিন বাংলাদেশের বোলাররা সংঘবদ্ধ আক্রমণে পাকিস্তানকে ১৬৩ রানে অলআউট করে দেন। জয় আসে ১০৪ রানের। পেসম্যান নাহিদ রানা ছিলেন পাকিস্তান বধের মূল নায়ক। এছাড়া উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।


দুই বছরের মধ্যে এ নিয়ে তিন টেস্টে পাকিস্তানকে হারাল বাংলাদেশ। ২০২৪ সালের আগস্ট ও সেপ্টেম্বরে রাওয়ালপিন্ডিতে দুই টেস্টের সিরিজে পাকিস্তানকে ২-০-তে হারায় টাইগাররা। তার আগের ১৩ টেস্টে কখনই পাকিস্তানকে হারাতে পারেনি বাংলাদেশ। টানা তিন টেস্ট জয়ে ব্যবধান অনেক কমাতে সমর্থ হলো নাজমুল হোসেন শান্তর দল। সব মিলিয়ে ১৬ টেস্টে বাংলাদেশের জয় ৩টি, পাকিস্তানের ১২টি।


ভয়ংকর এক স্পেলে শান মাসুদ, সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ানকে আউট করেন নাহিদ রানা। শেষ দিকে সাজঘরে ফেরান নুমান আলী ও শাহিন শাহ আফ্রিদিকে। ৯.৫ ওভারে ৪০ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন এ পেসার। ১১ টেস্টের ক্যারিয়ারে এ নিয়ে দ্বিতীয়বার ৫ উইকেট নিলেন তিনি। এর আগে ২০২৪ সালে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নেন ৬১ রানে ৫ উইকেট। গতকাল তাসকিন ও তাইজুল দুটি করে ও প্রথম ইনিংসে ৫ উইকেট নেয়া মিরাজ একটি উইকেট নেন।


এর আগে সকালে ৩ উইকেটে ১৫২ রান নিয়ে শেষ দিন ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮৮ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। তাতে পাকিস্তান পায় ২৬৮ রানের লক্ষ্য। শান্ত ৮৭ রান করে নুমান আলীর স্পিনে লেগ বিফোরের ফাঁদে পড়েন। এতে দারুণ এক কীর্তি গড়ার সুযোগ হারান তিনি। তিন টেস্টে উভয় ইনিংসে সেঞ্চুরি করেছেন ভারতের সুনিল গাভাস্কার, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ও ডেভিড ওয়ার্নার। এ গ্রেটদের পাশে নাম লেখানো হলো না শান্তর, অন্তত এ যাত্রায়। তবে ১৫০ বলে ৮৭ রান করে তিনি দলকে সম্মানজনক পুঁজি এনে দেন। এছাড়া মুমিনুল হক করেন ৫৬ রান।


এরপর পাকিস্তানের বিপক্ষে রাজত্ব করেন নাহিদ-তাসকিনরা। ১ উইকেট হারিয়ে লাঞ্চে যাওয়া অতিথি দল শেষ দুই সেশনে সমীকরণ মেলাতে পারেনি। নাহিদ গতির ঝড় তুলে লণ্ডভণ্ড করেন সফরকারী দলের ব্যাটিং লাইনআপ। পাকিস্তানের আব্দুল্লাহ ফজল দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান করেন।


চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ৩ ম্যাচে প্রথম জয়ে পাকিস্তানকে টপকে ছয় নম্বরে উঠেছে বাংলাদেশ। টাইগারদের পয়েন্ট ১৬, হার ৪৪.৪৪ শতাংশ। পাকিস্তানের ১২ পয়েন্ট, হার ৩৩.৩৩ শতাংশ। বাংলাদেশের নিচে আছে ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ।


১৬ মে সিলেটে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।


সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ: ৪১৩ ও ২৪০/৯ (ডি.)। পাকিস্তান: ৩৮৬ ও ১৬৩/১০। ফল: বাংলাদেশ ১০৪ রানে জয়ী। ম্যাচসেরা: নাজমুল হোসেন শান্ত। 


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)