কূল রাখি, না শ্যাম রাখি!


সালেক সুফী , আপডেট করা হয়েছে : 13-05-2026

কূল রাখি, না শ্যাম রাখি!

নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে সরকার পরিচালনার দায়িত্বে আসার তিন মাস না পেরোতেই নানা সমস্যায় জর্জরিত সরকার অনেকের দৃষ্টিতে দিশাহারা হয়ে পড়েছে। এর পেছনে যে বর্তমান সরকার দায়ী তা কিন্তু নয়। বিএনপি সরকার এসব সমস্যার পেছনে রয়েছে অন্তর্বর্তী সরকারের আমলে নেওয়া নানা সিদ্ধান্ত। যে দুর্ভোগের যন্ত্রণায় অতিষ্ঠ নতুন সরকার। 

এখন অনেকটাই নিশ্চিত, ডিপ স্টেটের ষড়যন্ত্র আর প্রণোদনায় মেটিকুলাস ডিজাইনে শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে অপসারণ করে রাষ্ট্রীয় ক্ষমতায় আসা অনির্বাচিত অন্তর্বর্তী সরকার বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্রের কাছে নতজানু হয়ে তাদের ডিজাইন অনুযায়ী, মৌলবাদী শক্তির হাতে দেশ শাসনের ক্ষমতা ছলেবলে কৌশলে অর্পণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ ছিল। অনেকটা সেই কারণেই মুক্তিযুদ্ধ, একাত্তরের সংবিধান, দেশের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্বধারী দল, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মব সন্ত্রাস অন্তর্বর্তী সরকারের পৃষ্ঠপোষকায় অবলীলায় হয়েছে। কিন্তু বাদ সেধেছে শক্তিশালী প্রতিবেশী ভারত। ওরা নিজেদের স্বার্থেই চায়নি বাংলাদেশে ভারত বিরোধী মৌলবাদী গোষ্ঠী ক্ষমতায় আসুক। 

লোকে বলে দুই পরাশক্তির দ্বন্দ্বে সমঝোতা হিসেবে ভারত সরকারের কাছে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে বিএনপি জোট। ১৭ বছর প্রবাসে থাকা বর্তমান প্রধানমন্ত্রী বলেছিলেন তার প্রবাস থেকে দেশে ফেরত তৃতীয় পক্ষের ওপর নির্ভরশীল ছিল। কে সে তৃতীয় পক্ষ? কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে তিনি দেশে ফিরলেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী না জানালেও কিছু মিডিয়ায় কিন্তু ইঙ্গিতপূর্ণ প্রতিবেদন প্রকাশ করা শুরু করেছে। সংসদে সরকারি দলের ভারসাম্যহীন আলোচনা এবং বক্তব্যেও কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সরকার কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে ধোঁয়াশা সৃষ্টি করেছে। দূরত্ব বেড়েছে দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা জামাতের সঙ্গে। বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগকে আইন করে রাজনৈতিক কর্মকান্ড স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়ে সরকার প্রতিশ্রুতি ভঙ্গের ঝুঁকি নিয়েছে।

আরো একটি বিশেষ বিতর্কিত বিষয় যা জাতির জন্য দীর্ঘস্থায়ী বহুমুখী সংকট সৃষ্টি করবে সেটি হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের স্বাক্ষরিত একতরফা বাণিজ্য চুক্তি। চুক্তির অনেক শর্তই দেশের সার্বভৌমত্বের সঙ্গে সংঘাত পূর্ণ। অনির্বাচিত সরকারের জন্য চুক্তি স্বাক্ষর কোনো অবস্থাতেই আইন বা বিধি সম্মত ছিল না। কিন্তু জনশ্রুতি আছে বিএনপি, জামায়াত উভয় রাজনৌতিক দল প্রতিশ্রুতিবদ্ধ থাকায় দেশবিরোধী চুক্তি বিষয়ে টু শব্দ করছে না। গণতান্ত্রিক দাবিদার সরকার বিতর্কিত চুক্তিটি সংসদে আলোচনা করে সংশোধন বা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া জরুরি ছিল। কিন্তু তারা করেনি। এমনকি নতুন সরকারের প্রতিটা ভুল ধরে হইচই করা জামায়াত, এনসিপি প্রতিনিয়ত ব্যস্ত। তারাও এ ব্যাপারে টুশব্দটুকু করছে না। 

সরকার কার্যক্রম শুরু করার পর রোজার চ্যালেঞ্জ, টিকা কেলেঙ্কারির জন্য হাম সংক্রমণ, যুক্তরাষ্ট্র ইসরাইল যৌথ বাহিনী কর্তৃক ইরান আক্রমণের পরিণতিতে সৃষ্ট জ্বালানি সংকট পরিস্থিতি সামাল দিতে হচ্ছে। জ্বালানি বিদ্যুৎ সংকট শিল্প, বাণিজ্যসহ সব ক্ষেত্রে অরাজক অবস্থার সৃষ্টি করছে। সরকার বিষয়টি শুরুতে গুরুত্ব দেয়নি। বরং আমলাদের পরামর্শে কিছু হঠকারী সিদ্ধান্ত নিয়ে পরিস্থিতি জটিল করে তুলেছে।

সংসদে গুরুত্বপূর্ণ জাতীয় সমস্যা আলোচনা না করে অনেক মামুলি বিষয় নিয়ে বাহাস করে সময়, অর্থের অপচয় করা হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন এবং গণ ভোট নিয়ে সরকার এবং বিরোধী দলের মধ্যে সংঘাত সৃষ্টির উপক্রম হয়েছে।

যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকট কিন্তু চরমে। গ্রীষ্মের বাকি সময়টা জ্বালানি বিদ্যুৎ সংকট সামাল দিতেই হিমশিম খাবে সরকার। অর্থনীতির বাস্তব অবস্থা নাজুক। সরকার কিন্তু আওয়ামী লীগের প্রতিক্রিয়া বিষয়ে উদ্বিগ্ন। প্রভাবশালী প্রতিবেশীর প্রচ্ছন্ন চাপ রয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তির কারণে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা সীমিত এখন। আসছে বাজেট। সরকার চাইছে উচ্চ বিলাসী বাজেট ঘোষণা করতে। অভ্যন্তরীণ সূত্র থেকে কর আদায় উল্লখযোগ্য পরিমাণে বৃদ্ধির সুযোগ সীমিত। উন্নয়ন সহযোগীদের নিকট থেকেও উন্নয়ন সহায়তা বৃদ্ধির সুযোগ সীমিত। এমতাবস্থায় কূল রাখি না শ্যাম রাখি দোটানায় পড়া সরকার কীভাবে প্রথম বছরের সংকট মোকাবিলা করবে, সেটি নিয়ে চলছে নানা আলোচনা বিশ্লেষণ। প্রধানমন্ত্রী কিন্তু ১৭ বছর প্রবাসে ছিল। স্বরাষ্ট্রমন্ত্রীও সাত বছর ভারতে নির্বাসিত জীবন কাটিয়েছেন। বিএনপির অনেক যোগ্য নেতা কিন্তু সরকারে উপেক্ষিত। সার্বিক অবস্থার বিবেচনায় পরিস্থিতি সংকট পথে মনে করার যথেষ্ট কারণ রয়েছে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)