রাজনৈতিক অস্থিরতার ফল কার ঘরে উঠবে


সৈয়দ মাহবুব মোর্শেদ , আপডেট করা হয়েছে : 27-05-2026

রাজনৈতিক অস্থিরতার ফল কার ঘরে উঠবে

চলতি মাসের মাঝামাঝি তারিখে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী কৃষকের পাকা ধান কেটে দিচ্ছেন, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, ঘটনাটি ঘটেছে শরীয়তপুরের জাজিরা উপজেলার কুন্ডেরচর এলাকায়। পদ্মাবাহিত জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের একটি গ্রামে ছাত্রলীগের ১০-১২ জন নেতা-কর্মী এক কৃষকের ধান কেটে দিয়েছেন। তাঁদের ধানকাটার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় ১০-১২ জন তরুণ জাতীয় পতাকা, আওয়ামী লীগ ও ছাত্রলীগের দলীয় পতাকা হাতে নিয়ে একটি ধানখেতে বিভিন্ন ধরনের শ্লোাগান দিচ্ছেন। তাঁরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেনের পক্ষে বিভিন্ন শ্লোগান দিচ্ছেন। এরপর তাঁরা একজন কৃষকের ধান কেটে দিচ্ছেন। ওই ধান মাথায় নিয়ে একটি নছিমন গাড়িতে তুলে দিচ্ছেন। ধান কাটতে সহযোগিতা করায় ওই এলাকার একজন কৃষক শরীয়তপুর জেলা ছাত্রলীগ ও জাজিরা উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীদের ধন্যবাদ দিতে শোনা যায়।

এদিকে চট্টগ্রামের নন্দনকান এলাকার ডিসি হিল সংলগ্ন সড়কে কয়েকদিন আগে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা রাস্তায় মিছিল করেছে। নগরের ডিসি হিল এলাকায় এই মিছিল করে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ। মিছিলের ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

কি করছে ছাত্রদল?

এদিকে বিএনপির প্রাণপ্রিয় সংগঠন বলে পরিচিত ছাত্রদলের বিরুদ্ধে বিভিন্নস্থানে ক্ষমতার দাপট দেখানোর পাশাপাশি অভিযোগ আছে নিজেদের মধ্যে কোন্দল হনাহানির খবর। চলছে বিভিন্ন স্থানে চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগ। এছাড়াও রয়েছে ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দল, আধিপত্য বিস্তার এবং বিভিন্ন রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে একাধিক হানাহানি ও হতাহতের ঘটনা ঘটেছে। সাম্প্রতিক বিভিন্ন তথ্য ও প্রতিবেদনে এসব সংঘাতের কিছু নির্দিষ্ট ঘটনা উঠে এসেছে। 

গত বছরের অভ্যন্তরীণ কোন্দল-আধিপত্য বিস্তারসহ বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে সংঘর্ষে ৫ আগস্ট পরবর্তী ১০ মাসে জাতীয়তাবাদী ছাত্রদলের সংঘর্ষ ও বিরোধে প্রাণ হারিয়েছেন সংগঠনটির ৪১ ব্যক্তি। যাদের মধ্যে ৩১ জনই ছাত্রদলের নেতাকর্মী। এছাড়া আহত হয়েছেন পাঁচ শতাধিকের বেশি। এসব ঘটনার নেপথ্যে রয়েছে নেতাকর্মীদের মতবিরোধ, বিএনপি ও অঙ্গসংগঠনের মধ্যে মতভিন্নতা, আধিপত্য প্রতিষ্ঠা, চাঁদাবাজি-ঠিকাদারি নিয়ন্ত্রণসহ নানা বিষয়, যা গণমাধ্যমের খবরে প্রকাশ পেয়েছে। 

সংঘর্ষ বাড়ছে ছাত্রদল-এনসিপি-ছাত্রশিবিরের মধ্যে

বিএনপি ও অঙ্গসংগঠনের মধ্যে মতভিন্নতা, আধিপত্য প্রতিষ্ঠা, চাঁদাবাজি-ঠিকাদারি নিয়ন্ত্রণসহ নানা বিষয়ের খবরের পাশাপাশি ছাত্রদল-এনসিপি-ছাত্রশিবিরের মধ্যে সংর্ঘষ বাড়ছে। সর্বশেষ ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ আটজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। গত ২২ মে শুক্রবার রাতে ঝিনাইদহ সদর থানায় হওয়া মামলায় অজ্ঞাতনামা আরও ১১০ থেকে ১১৫ জনকে আসামি করা হয়েছে। এসব নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানান ধরনের মতভেদ রয়েছে। 

ঘটনাগুলি কিসের ইঙ্গিত করে

এদিকে উপরের এইসব ঘটনাগুলো প্রমাণ করে রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন ধরনের অস্থিরতা কাজ করছে। যা-র পরিপ্রেক্ষিতে রাজনৈতিক অঙ্গনে নানান ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। এই ধরনের পরিস্থিতিতে আরও অন্যরকম আবহ দিয়েছে ময়মনসিংহের ত্রিশালের বৈলর ইউনিয়নে এক জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যে। তিনি বলেছেন, গত ৫ আগস্ট (২০২৮ সালের) যাদের দেশের মানুষ বিতাড়িত করে দিয়েছিল, খবর নিয়ে দেখেন- এখন যারা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে, তারা তলে তলে ওই বিতাড়িত হওয়াদের সঙ্গে খাতির তৈরি করছে। ১৯৮৬ ও ১৯৯৬ সালে যেভাবে অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল, এখন তাদের সঙ্গে একটি সুন্দর ‘ছোট লেজ’ গজিয়েছে। প্রশ্ন হচ্ছে বিতাড়িতরা তো এখন তাদের অতীত শুধরাতে কৃষকের পাকা ধান কেটে দিচ্ছেন। গোপনে গোপনে কারো কারো পাশে থেকে বিভিন্ন ধরনের হয়রানির বিরুদ্ধে প্রতিবাদে অংশ নিচ্ছেন। এছাড়াও নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠনটির মাতৃসংগঠনও বসে নেই। 

গত কয়েকদিন আগে রাজধানীর ধানমন্ডি ও আশপাশের এলাকা থেকে ঝটিকা মিছিল করে। পুলিশ অবশ্য বলেছে যে, প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ২৩ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। কিন্তু যেখানে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে ক্ষমতার দাপট দেখানোর অভিযোগ ভারী হচ্ছে সেখানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি চাচ্ছে জনগণের কাছাকাছি আসতে। অনলাইন প্লাটফরমমে বার্তা দিচ্ছে তাদের আমলের চেয়ে দেশে এখন ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। এছাড়া দেশের বাইরেও তাদের সমর্থকদের সতর্ক রেখেছেন।

পর্তুগালের লিসবনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আকতার হোসেনের ওপর হামলা ঘটনা এমন বার্তা দিচ্ছে। আর এমন পরিস্থিতিতে সামনে দিনে রাজনৈতিক অঙ্গনে লাভের ফল কে তুলবে সে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। অন্যদিকে ‘গত ৫ আগস্ট (২০২৮ সালের) যাদের দেশের মানুষ বিতাড়িত করে দিয়েছিল, খবর নিয়ে দেখেন- এখন যারা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে’- বলে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিচ্ছেন তা সর্বস্তরের জনগণ কতটা গলদকরণ করবে তা সময় বলে দেবে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)