বিপুল তরঙ্গে আন্দোলিত করেছেন অদিতি মহসিন


সুদীপ্ত দেব , আপডেট করা হয়েছে : 27-05-2026

বিপুল তরঙ্গে আন্দোলিত করেছেন অদিতি মহসিন

একে তো বর্ষার বর্ষণের মত বৃষ্টি, তার উপর হলঘরে বিপুল তরঙ্গ রে গেয়ে প্রবাসীদের আন্দোলিত করলেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী অদিতি মহসিন। ২৩ মে যথাসময়ে পৌঁছে দেখি তখনও অন্য অনুষ্ঠান চলছে। এত বড় প্রোগ্রামে সময় ঠিকঠাক রাখাও মুশকিল হয়তো। শিল্পীর জন্য এক ঘন্টা সময় থাকলেও পরবর্তীতে স্বল্প পরিসরের বাধ্যবাধকতায় তিনি মাত্র ৫টি গান গেয়েছেন। আর তাতেই মুগ্ধ করলেন হলভর্তি দর্শকশ্রোতাদের। অদিতি মহসিন বলে কথা। রবীন্দ্রসঙ্গীত শ্রোতা বোদ্ধা সবাই জানেন ইতিমধ্যে জনপ্রিয় ও খ্যাতিমান হয়েছেন এই শিল্পী দুই বাংলাতেই। তাঁর প্রথম গানে প্রবাসীরা আকুল হয়েছেন দেশের মাটিতে মাথা ঠেকিয়ে, দেশের শ্যামলবরণ কোমল মূর্তি মর্মে গেঁথে আর রবি ঠাকুরের অমর সুরের জালে। প্রবাসীরা শ্রদ্ধাভরে স্মরণ করে নিল শীতল জলে প্রাণ জুড়ানো জন্মদেশকে যে ‘সকল-সহা সকল-বহা মাতার মাতা’। এরপর রক্তকরবীর ঘুমভাঙ্গানিয়া, দু:খজাগানিয়া কে স্মরণ করে শিল্পী শুধালেন ‘তোমায় গান শুনাবো, তাইতো আমায় জাগিয়ে রাখো’। দর্শক-শ্রোতাদেও নিশ্চয় মনে থাকবে ‘রক্তকরবীর সমস্ত পালাটি ‘নন্দিনী’ বলে একটি মানবীর ছবি। চারিদিকের পীড়নের ভিতর দিয়ে তার আত্মপ্রকাশ। ‘ফোয়ারা যেমন করে সংকীর্ণতার পীড়নে হাসিতে অশ্রুতে কলধ্বনিতে উর্ধ্বে উচ্ছসিত হয়ে উঠে তেমনি। নাটকটির মধ্যেই রবি ঠাকুর আভাস দিয়েছিলেন যে, মাটি খুড়ে যে পাতালে খনিজ ধন খোঁজা হয় নন্দিনী সেখানকার নয়। মাটির উপরিতলে যেখানে প্রাণের, যেখানে রূপের নৃত্য, যেখানে প্রেমের লীলা, নন্দিনী সেই সহজ সুখের, সেই সহজ সৌন্দর্যের’।

এরপর কবির ধ্রুপদাঙ্গের ‘একি আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গ রে’ গেয়ে মহাজাগতিক আনন্দ দ্যোতনায় অদিতি আন্দোলিত করলেন সবাইকে। মহাজগতের আলোকে উজ্জ্বল, চঞ্চল এক অপার রহস্য উন্মোচন করেছেন রবীন্দ্রনাথ তার গানে, কবিতায়। 

তাই শিল্পী অদিতি মহসিন বললেন রবীন্দ্রনাথ বাঙালির জীবনে বিশেষ স্থান জুড়ে আছে। রবীন্দ্রনাথকে ছাড়া বাংলা ভাষা বেশির ভাগই অসম্পূর্ণ। তিনি মুক্তধারা বইমেলা চলমান থাকবে এই প্রত্যাশা করেন এবং বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মুক্তধারা খ্যাত বিশ্বজিত সাহাকে। এর মধ্যেই শেষ দুটো গান ‘গ্রাম ছাড়া ঐ রাঙামাটির পথ’ এবং ‘তুমি কি কেবলই ছবি, শুধু পটে লেখা’ শোনালেন অপরিসীম নি:স্তব্ধতায়, কন্ঠস্বরের অপূর্ব মাধুর্য ও মোহনীয়তায়। হল থেকে ফেরার পথে মনে হচ্ছিল পেছন থেকে অদিতি মহসিন বলছেন মুক্তধারার প্রয়াস চলমান থাক অবিরাম।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)