চরিত্রের বিশ্বাসযোগ্যতাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ


আলমগীর কবির , আপডেট করা হয়েছে : 03-06-2026

চরিত্রের বিশ্বাসযোগ্যতাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ

দীর্ঘ ক্যারিয়ারে কাজে সংখ্যা বাড়ানোর চেয়ে গুণের দিকেই বরাবর নজর দিয়েছেন মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। ঈদ উপলক্ষে দর্শক তাকে দেখতে পাবেন একদম ভিন্ন দুটি মাধ্যমে একটি মিউজিক ভিডিও এবং একটি ওয়েব ফিল্মে। কাজগুলো এবং তার বর্তমান ক্যারিয়ার ভাবনা নিয়ে দেশ পত্রিকার মুখোমুখি হলেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন আলমগীর কবির

প্রশ্ন: আপনার ক্যারিয়ারে মিউজিক ভিডিওর সংখ্যা হাতে গোনা। এবার ‘পেন্সিল হিল’ নামের একটি নতুন মিউজিক ভিডিওতে আপনাকে দেখা যাবে। এতো বছর পর এ মাধ্যমে ফেরার কারণ কী?

সাদিয়া ইসলাম মৌ: ক্যারিয়ারের শুরুর দিকে ‘আমার গরুর গাড়িতে’ গানের মিউজিক ভিডিওতে কাজ করেছিলাম। দর্শক তখন সেটি বেশ ভালোভাবে গ্রহণ করেছিলেন। সত্যি বলতে, এখন মিউজিক ভিডিওর ধরন অনেক বদলে গেছে। নিয়মিত প্রস্তাব পেলেও সব কাজ তো আর করা হয়ে ওঠে না। আসিফ আলতাফ যখন ‘পেন্সিল হিল’ নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করলেন, প্রথমেই গানটির নামটাই আমাকে আগ্রহী করে তোলে। পরে গানটি শুনে বেশ ভালো লাগে। এতে আধুনিক জীবনের এক ধরনের বিষাদ ও অনুভূতি উঠে এসেছে। আমার মনে হয়েছে, আমার উপস্থিতি গানটির আবহ আরো বাড়িয়ে দেবে। সেই ভালো লাগা থেকেই কাজটি করা। এটি আমার ক্যারিয়ারের মাত্র তৃতীয় মিউজিক ভিডিও। ঈদের আগের রাতে আসিফের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউবে এটি প্রকাশ পাবে।

প্রশ্ন: অন্যদিকে ওটিটি প্ল্যাটফর্ম ‘আইস্ক্রিন’-এ মুক্তি পাচ্ছে আপনার অভিনীত ওয়েব ফিল্ম ‘সারার সংসার’। বছরখানেক আগের করা কাজ, অবশেষে মুক্তি পাচ্ছে...

মৌ: হ্যাঁ, কাজটি মুক্তি পাচ্ছে শুনে খুব ভালো লাগছে। এটি কাজী আনোয়ার হোসেনের ‘আর্তনাদ’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে। চিত্রনাট্য করেছেন লেখকের পুত্রবধূ মাসুমা মায়মুর। গল্পে এক মায়ের মানসিক টানাপোড়েন, অপরাধবোধ, নৈতিক দ্বন্দ্ব এবং সন্তানকে রক্ষার সংগ্রামের গল্প উঠে এসেছে। জটিল ও আবেগঘন একটা চরিত্র। ২৬ মে এটি মুক্তি পাচ্ছে।

প্রশ্ন: মিডিয়াতে একটা কথা প্রচলিত আছে যে, আপনি অভিনয় খুব একটা করতে চান না বা কম করেন। বিষয়টি আসলে কেমন?

মৌ: (হেসে) এটা আসলে ঠিক না। প্রত্যেক শিল্পীই ভালো গল্পের অপেক্ষায় থাকেন, আমরাও তার ব্যতিক্রম নই। যখন কোনো কাজের প্রস্তাব আসে, চিত্রনাট্য ভালো লাগলে, পরিচালক আন্তরিকভাবে চাইলে এবং সবকিছু মিলে গেলে অবশ্যই কাজ করি।

প্রশ্ন: এখন কাজের ক্ষেত্রে কোন বিষয়গুলোকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন?

মৌ: সময়ের সঙ্গে সঙ্গে আমাদের অভিজ্ঞতা যেমন বেড়েছে, তেমনি বয়সও বেড়েছে। এখন চরিত্রের বিশ্বাসযোগ্যতা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। বাস্তব জীবনে আমি দুই সন্তানের মা। তাই এমন চরিত্রই করতে চাই, যেটি আমার বর্তমান বয়স ও অবস্থানের সঙ্গে মানানসই। আমাকে তো এখন আর ১৬ বছরের কিশোরীর চরিত্রে মানাবে না!

প্রশ্ন: ‘সারার সংসার’-এর পরিচালক আকা রেজা গালিব আপনার অভিনয়ের বেশ প্রশংসা করেছেন। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল?

মৌ: গালিব ভাইকে আমার খুব আন্তরিক একজন মানুষ মনে হয়েছে। তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ ছিল। এ কাজের আগে গল্প ও চরিত্র নিয়ে ওনার সঙ্গে আমি একাধিকবার আলোচনা করেছি। আমি সবসময় বলি, আমি তো মূলত অভিনয়ের মানুষ নই, নাচ ও মডেলিং থেকেই আমার পরিচিতি। তাই অভিনয় করতে গেলে আমাকে অনেক পরিশ্রম করতে হয়। সব সময়ই মনে হয়, কাজটা আরো ভালো করা যেত। তবে এই কাজের ক্ষেত্রে পরিচালক যেভাবে চরিত্রটির জন্য আমাকে ভেবেছেন এবং প্রস্তাব দিয়েছেন, সেটা আমার কাছে আলাদা মনে হয়েছে। আমি ওনার প্রতি কৃতজ্ঞ।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)