গ্রেস মেংকে পুনরায় নির্বাচিত করার আহবান


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 10-06-2026

গ্রেস মেংকে পুনরায় নির্বাচিত করার আহবান

যুক্তরাষ্ট্র কংগ্রেসের অন্যতম প্রভাবশালী সদস্য গ্রেস মেং আবারো নির্বাচন করছেন। ডেমোক্র্যাট দলীয় আগামী প্রাইমারী নির্বাচন ঘিরে তার সভা-সমাবেশের অংশ হিসেবে শনিবার (৬ জুন) অপরাহ্নে গ্রেস মেং জ্যামাইকার ইলহান একাডেমিতে বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। মূলধারার রাজনীতিক ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে গ্রেস মেং নিজেকে বাংলাদেশী কমিউনিটির বন্ধু ও পরিবারের সদস্য হিসেবে উল্লেখ করেন। তিনি অতীতের মতো আগামী নির্বাচনেও বাংলাদেশী-আমেরিকানদের সমর্থন ও ভোট কামনা করে তার নির্বাচনী এজেন্ডার কথা তুলে ধরেন এবং বাংলাদেশী কমিউনিটির জন্য সিনিয়র সেন্টার প্রতিষ্ঠাসহ অন্যান্য সমস্যার সমাধানের উদ্যোগের কথা জানান। এসময় কমিউনিটি নেতৃবৃন্দ আগামী নির্বাচনে তাকে সমর্থন এবং তার পক্ষে কাজ করার প্রতিশ্রুতির কথা জানান।

উল্লেখ্য, নিউইয়র্ক সিটির কুইন্সে ১৯৭৫ সালে জন্মগ্রহণকারী গ্রেস মেং ইউএস কংগ্রেসের নিউইয়র্কের কংগ্রেসনাল ডিষ্ট্রিক্ট-৬ থেকে একাধিকবার কংগ্রেস সদস্য নির্বাচিত হয়েছেন। আগামী ২৩ জুন মঙ্গলবার অনুষ্ঠিতব্য ডেমোক্র্যাট দলীয় প্রাইমারী নির্বাচনে তিনি পুনরায় প্রার্থী। এই নির্বাচনের আগাম ভোট গ্রহণ চলবে ১৩ জুন থেকে ২১ জুন পর্যন্ত। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ শহীদুল্লাহ। এর আগে কংগ্রেসওম্যান গ্রেস মেং’র পুনরায় নির্বাচন বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তার ক্যাম্পেইন ম্যানেজার হ্যারী ব্রুসেল। পরবর্তীতে ফখরুল ইসলাম দেলোয়ার বাংলাদেশী কমিউনিটির সাথে গ্রেস মেং এর সম্পর্ক ও কর্মকান্ডের কথা তুলে ধরেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রবীণ ডেমোক্র্যাট দলীয় লীডার মোর্শেদ আলম, কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিষ্ট্রিক্ট লীডার এট লার্জ এটর্নী মঈন চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সহ সভাপতি কামরুজ্জামান কামরুল, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির উপদেষ্টা সালেহ আহমেদ, ডেমোক্র্যাট দলীয় লীডার ড. দিলীপ নাথ, মূলধারার রাজনীতিক দীলিপ চৌহান, এনআরবি বাংলাদেশ-এর চেয়ারপার্সন শেকিল চৌধুরী, নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট-৩২ এর ডেমোক্র্যাট দলীয় আগামী প্রাইমারী নির্বাচনে প্রার্থী মোহাম্মদ মোল্লা সানি সহ আরো অনেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে বক্তারা কংগ্রেসওম্যান গ্রেস মেং-কে বাংলাদেশী কমিউনিটির দীর্ঘদিনের বন্ধু হিসেবে উল্লেখ করেন এবং আগামী নির্বাচনেও তার পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দেন। বক্তারা বলেন, গ্রেস মেং বাংলাদেশী কমিউনিটির একজন হিসেবেই তাকে আমরা চিনি এবং জানি। কমিউনিটির যেকোন অনুষ্ঠানে তার উপস্থিতি ও সহযোগিতা তাই প্রমান করে। 

সবশেষে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির পক্ষ থেকে কংগ্রেসওম্যান গ্রেস মেং-কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 

অনুষ্ঠানে উল্লেখযোগ্য কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির উপদেষ্টা এবিএম সালাহউদ্দিন আহমদ, সাবেক সভাপতি বিলাল চৌধুরী, সাধারণ সম্পাদক এনায়েত মুন্সী, সাবেক সাধারণ সম্পাদক সেবুল মিয়া, ইউএস বাংলাদেশ চেম্বার এন্ড কমার্স-এর প্রেসিডেন্ট লিটন আহমেদ, কম্যুনিটি এক্টিভিস্ট মোশায়েদ রাশেদ, ফ্রেন্ডস সোসাইটির প্রচার ও জনসংযোগ সম্পাদক সাইদুল ইসলাম রিয়াদ, কার্যকরি সদস্য নওশাদ হায়দার, রিমি ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। 


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)