নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩০-এর আসন্ন প্রাইমারি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী বাংলাদেশি-আমেরিকান প্রার্থী শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং হয়েছে। কমিউনিটির পরিচিত মুখ, অ্যাকটিভিস্ট ও মূলধারার রাজনীতিক এবং জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার জ্যামাইকাবাসীর পক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করেন। গত ২ জুন সন্ধ্যায় তার অফিসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আগত অতিথিগণ শামসুল হকের জন্য ফান্ড রেইজের পাশপাশি যোগ্য প্রার্থী হিসেবে তাকে নির্বাচিত করতে দলমত নির্বিশেষে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য কমিউনিটি নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, আগামী ২৩ জুন মঙ্গলবার এই নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ব্যতিক্রমী এই ফান্ড রেইজিং অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার। সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, এবং জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির অন্যতম উপদেষ্টা সালেহ আহমেদ, মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা)-এর এক্সিকিউটিভ সেক্রেটারি আরমান চৌধুরী, ইকনা’র সাবেক সভাপতি তারেক খান, নাবিক-এর কামরুল ইসলাম, এনআরবি বাংলাদেশ-এর চেয়ারপার্সন শেকিল চৌধুরী, ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাদেক, জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএসি)-এর সাবেক সেক্রেটারি আফতাব মান্নান, সামাজিক সংগঠন ভালো’র কর্ণধার শাহরিয়ার রহমান, বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা)-এর সহ-সভাপতি এরশাদুর সিদ্দিক, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সাবেক সভাপতি বিলাল চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩০-এর আসন্ন প্রাইমারি নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান প্রার্থী শামসুল হককে এক যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করে বলেন, তিনি এনওয়াইপিডি’র একজন যোগ্য সাবেক পুলিশ কর্মকর্তা। তিনি কাজে বিশ্বাসী। তিনি নির্বাচিত হলে আলবেনীতে বাংলাদেশি কমিউনিটিসহ অন্যান্য কমিউনিটির জন্য কাজ করতে পারবেন।
অনুষ্ঠানে শামসুল হক বলেন, নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩০-এর আগামী নির্বাচন সহজ নির্বাচন নয়। তবে এই নির্বাচনে জয়ের প্রবল সম্ভাবনা রয়েছে। জয়ের জন্য দরকার অর্থের পাশাপাশি ভলান্টিয়ার, কমিউনিটির সাপোর্ট আর প্রচার-প্রচারণা। তিনি বলেন, ইতোমধ্যেই আমরা প্রবীন সিনেটর বার্নি সেন্ডার্সসহ অনেকের সমর্থন পেয়েছি। এই সমর্থনগুলো আমাদেরকে উৎসাহিত করছে এবং বিজয় হতে সাহায্য করবে। নতুন প্রজন্মের বিপুল সংখ্যক ছেলেমেয়ে তার নির্বাচনী প্রক্রিয়ায় সহযোগিতা করছে বলেও তিনি উল্লেখ করেন।