নিউ ইয়র্ক সিটির এনওয়াইপিডি পুলিশ হেডকোয়ার্টার্সে গত ২৮ মে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পুলিশ বিভাগের বিভিন্ন কর্মকর্তাদের পদোন্নতি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনওয়াইপিডি পুলিশ কমিশনার জেসিকা টিশ। তার হাত থেকে পদোন্নতির সনদ গ্রহণ করেন বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন এর তিনজন গর্বিত সদস্য।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন-পুলিশ অফিসার তান্নি চন্দা, যিনি সার্জেন্ট পদে পদোন্নতি লাভ করেছেন; পুলিশ অফিসার সাফায়েত জামিল, যিনি ডিটেকটিভ পদে পদোন্নতি পেয়েছেন; এবং পুলিশ অফিসার আশফাকুর রহমান, যিনি ডিটেকটিভ পদে পদোন্নতি লাভ করেছেন।
এই অসাধারণ অর্জনে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। সংগঠনের প্রেসিডেন্ট ক্যাপ্টেন একেএম আলম, ভাইস প্রেসিডেন্ট সার্জেন্ট ডিটেকটিভ স্কোয়াড এরশাদুর সিদ্দিক এবং সেক্রেটারি ডিটেকটিভ জামিল সারোয়ার এক যৌথ শুভেচ্ছা বার্তায় বলেন, এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং সমগ্র বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির জন্য গর্বের বিষয়।
বাপার মিডিয়া লিয়াজোঁ সার্জেন্ট জসিম মিয়া বলেন, আমাদের এ সদস্যদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে এ পদোন্নতি এসেছে। তাদের এই সাফল্য আগামী প্রজন্মের বাংলাদেশি-আমেরিকান তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
অনুষ্ঠানে বাপার সাবেক সার্জেন্ট অফ আর্মস পুলিশ অফিসার মাহবুব জুয়েলসহ বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পেশাজীবী, শুভানুধ্যায়ী এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।
পদোন্নতিপ্রাপ্ত এ কর্মকর্তাদের সাফল্যে পুরো বাংলাদেশি-আমেরিকান কমিউনিতে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। কমিউনিটির নেতৃবৃন্দ মনে করেন, তাদের এই অর্জন ভবিষ্যৎ প্রজন্মকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যোগদানে উৎসাহিত করবে এবং বাংলাদেশি-আমেরিকানদের ইতিবাচক ভাবমূর্তি আরো উজ্জ্বল করবে।