সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ ফাইনাল দেখবে ৫০ হাজার দর্শক


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 10-06-2026

সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ ফাইনাল দেখবে ৫০ হাজার দর্শক

নিউ ইয়র্ক স্টেট ও সিটি প্রশাসন, ফিফা এবং এনওয়াইএনজে হোস্ট কমিটি ৮ জুন, সোমবার যৌথভাবে সেন্ট্রাল পার্কে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচ দেখার জন্য একটি বিশাল ফ্রি ওয়াচ পার্টি আয়োজন করা হবে বলে ঘোষণা দিয়েছে। আগামী ১৯ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া এই আয়োজনকে বিশ্বের অন্যতম বৃহৎ পাবলিক ভিউয়িং ইভেন্ট হিসেবে বিবেচনা করা হচ্ছে, যেখানে প্রায় ৫০ হাজার দর্শক একসঙ্গে সেন্ট্রাল পার্কে ম্যাচ উপভোগ করতে পারবেন। ঘোষণাটি এসেছে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল, নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি, ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো, গ্লোবাল সিটিজেন সিইও হিউ ইভান্স, সেন্ট্রাল পার্ক কনজারভেন্সি প্রেসিডেন্ট বেটসি স্মিথ এবং এনওয়াইএনজে হোস্ট কমিটির সিইও অ্যালেক্স লাসরির যৌথ উদ্যোগে।

এই ওয়াচ পার্টিটি সেন্ট্রাল পার্কের গ্রেট লনে আয়োজন করা হবে এবং এটি গ্লোবাল সিটিজেনের সহযোগিতায় পরিচালিত হবে। আয়োজকদের মতে, টিকিট সম্পূর্ণ বিনামূল্যে হলেও তা লটারির মাধ্যমে বিতরণ করা হবে। আগ্রহীরা আগামী ১১ জুন সকাল ১০টা থেকে নিবন্ধন করতে পারবেন এবং লটারির আবেদন শেষ হবে ১৬ জুলাই। অনুষ্ঠানের গেট খুলবে দুপুর ১২টায় এবং ফাইনাল ম্যাচ শুরু হবে বিকেল ৩টায় (ইস্টার্ন টাইম)।গভর্নর ক্যাথি হোকুল বলেন, বিশ্বকাপ একটি একবারের জীবনকালের অভিজ্ঞতা এবং এটি সব বয়সের নিউ ইয়র্কবাসীর উপভোগের সুযোগ হওয়া উচিত। তিনি বলেন, যারা সরাসরি স্টেডিয়ামে যেতে পারবেন না, তাদের জন্যই শহরের সবচেয়ে বড় পাবলিক ভিউয়িং আয়োজন করা হচ্ছে।

নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি বলেন, বিশ্বকাপের অংশ হতে হাজার হাজার ডলার খরচ করা উচিত নয়। আমাদের প্রশাসনের অধীনে সেটি লাগবে না। তিনি জানান, ৫০ হাজার মানুষের জন্য ফ্রি ওয়াচ পার্টির পাশাপাশি প্রতিটি বরোতে ফ্যান ফেস্টিভ্যাল আয়োজন করা হবে, যাতে সাধারণ মানুষও এই বিশ্বমঞ্চের অংশ হতে পারে।

এনওয়াইএনজে হোস্ট কমিটির সিইও অ্যালেক্স লাসরি বলেন, বিশ্বকাপ ফাইনাল বিশ্বের সবচেয়ে বেশি দেখা ক্রীড়া ইভেন্টগুলোর একটি। সেন্ট্রাল পার্কে একসঙ্গে ৫০ হাজার মানুষকে বিনামূল্যে এটি দেখার সুযোগ দেওয়া একটি ঐতিহাসিক মুহূর্ত হবে।গ্লোবাল সিটিজেনের সিইও হিউ ইভান্স বলেন, সেন্ট্রাল পার্কের গ্রেট লন গত ১৪ বছর ধরে তাদের কার্যক্রমের কেন্দ্র। এবার তারা বিশ্বকাপ ফাইনালের সবচেয়ে বড় পাবলিক ভিউয়িং আয়োজন করতে পেরে গর্বিত।এই আয়োজনের পাশাপাশি সেন্ট্রাল পার্কে একটি অস্থায়ী ফুটবল মাঠ ফিফা অ্যারেনা চালু করা হয়েছে, যা ১০ জুন থেকে ১৮ জুলাই পর্যন্ত সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে। সেখানে ফুটবল ক্লিনিক, যুব টুর্নামেন্ট এবং ওপেন প্লে সেশন আয়োজন করা হবে।

ফিফা ও স্ট্রিট সকার ইউএসএর উদ্যোগে তৈরি এই মাঠটি বিশ্বকাপ চলাকালীন সময়ে বিভিন্ন বয়সের মানুষের জন্য বিনামূল্যে ফুটবল খেলার সুযোগ দেবে। আয়োজকদের মতে, এটি শুধু একটি ক্রীড়া আয়োজন নয়, বরং কমিউনিটি অংশগ্রহণ ও ফুটবলের প্রসার বাড়ানোর একটি উদ্যোগ।এই প্রকল্পে নিউ ইয়র্ক স্টেট ও সিটি প্রশাসন মোট ৯.৫ মিলিয়ন ডলারের বিনিয়োগ করেছে। পাশাপাশি কিছু টিকিট স্থানীয় দাতব্য সংস্থার জন্য সংরক্ষিত থাকবে বলে জানানো হয়েছে।

বিশ্বকাপ উপলক্ষে নিউ ইয়র্কে আরো বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সাশ্রয়ী পরিবহন ব্যবস্থা, স্টেডিয়াম শাটল বাস সার্ভিসে ভাড়া হ্রাস, এবং লং আইল্যান্ডের স্টনি ব্রুক ইউনিভার্সিটি ও মিড-হাডসন অঞ্চলের কেনসিকো ড্যাম প্লাজায় আলাদা ওয়াচ ইভেন্ট।আয়োজকদের মতে, এসব উদ্যোগের মূল লক্ষ্য হলো বিশ্বকাপকে সাধারণ মানুষের কাছে আরো সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক করে তোলা, যাতে নিউ ইয়র্কবাসী এই বৈশ্বিক ক্রীড়া উৎসবের অংশ হতে পারে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)