প্রকৌশল শিক্ষায় মেধার পাশাপাশি সততার গুরুত্বারোপ ইউজিসি চেয়ারম্যানের


বিশেষ প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 17-06-2026

প্রকৌশল শিক্ষায় মেধার পাশাপাশি সততার গুরুত্বারোপ ইউজিসি চেয়ারম্যানের

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেছেন, শুধু মেধা ও কারিগরি দক্ষতা অর্জন করাই প্রকৌশল শিক্ষার্থীদের লক্ষ্য হওয়া উচিত নয়; তাদের সৎ, নৈতিক ও দায়িত্বশীল মানবসম্পদ হিসেবেও গড়ে উঠতে হবে। তিনি বলেন, মেধা ও দক্ষতার সঙ্গে নৈতিকতা, সততা, দেশপ্রেম এবং মানবিক মূল্যবোধের সমন্বয় ঘটলে তা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র সবার জন্যই কল্যাণকর হবে।

রাজধানীর মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-তে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাডেমিক কার্যক্রম শুরুর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের টেকসই উন্নয়ন, প্রযুক্তিনির্ভর অর্থনীতি এবং বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে যেতে দক্ষ প্রকৌশলীর পাশাপাশি নৈতিক নেতৃত্বসম্পন্ন পেশাজীবীর প্রয়োজন রয়েছে। দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও উদ্ভাবনবান্ধব সমাজ গঠনে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, ডিগ্রি সম্পন্ন করার পর শিক্ষার্থীরা দেশের বিভিন্ন খাত ও পেশায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। তাই তাদের শুধু একাডেমিক উৎকর্ষ নয়, সামাজিক দক্ষতা, নেতৃত্বগুণ এবং মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ হয়ে গড়ে উঠতে হবে। তিনি উল্লেখ করেন, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) সামরিক বাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত একটি স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যেখানে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও পেশাগত উৎকর্ষের চর্চা বিশেষভাবে গুরুত্ব পায়।

ইউজিসি চেয়ারম্যান বলেন, শৃঙ্খলার এই ইতিবাচক ধারা বজায় রাখার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা, সামাজিক সম্পৃক্ততা ও ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রেও সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন। তিনি এমআইএসটি কর্তৃপক্ষকে এমন একটি শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান, যেখানে শৃঙ্খলা ও মানবিক বিকাশের মধ্যে ভারসাম্য বজায় থাকবে এবং শিক্ষার্থীরা দক্ষ, দায়িত্বশীল ও সমাজমুখী নাগরিক হিসেবে গড়ে উঠবে।

দেশে উচ্চশিক্ষার বিস্তার ঘটলেও সে অনুপাতে শিক্ষার মান বাড়েনি বলে মন্তব্য করেছেন ইউজিসি চেয়ারম্যান। তিনি বলেছেন, মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিতকরণের মাধ্যমে শিক্ষার্থীদের কর্মসংস্থান উপযোগী করে গড়ে তুলতে কাজ করছে ইউজিসি। এ লক্ষ্যে দক্ষতাভিত্তিক (স্কিলভিত্তিক) শিক্ষা, গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

অধ্যাপক মামুন আহমেদ বলেন, দেশে বর্তমানে প্রায় ১৮০টি বিশ্ববিদ্যালয়ে প্রায় ৫০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন। উচ্চশিক্ষা খাতের পরিধি বেড়েছে, কিন্তু সেই তুলনায় শিক্ষার মান বাড়েনি। এ পরিস্থিতি থেকে উত্তরণে ইউজিসি বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। তিনি বলেন, শিক্ষার্থীদের স্বপ্ন পূরণ এবং তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষক ও নীতিনির্ধারকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। নতুন প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে, যাতে তারা দেশ গঠনে অবদান রাখার পাশাপাশি বৈশ্বিক কর্মবাজারেও প্রতিযোগিতা করতে পারে।

অনুষ্ঠানে এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামন, কর্নেল মো. শাহাব উদ্দিন, কর্নেল মোহাম্মদ মোজাম্মেল হক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে মেজর জেনারেল হাকিমুজ্জামন বলেন, প্রতিষ্ঠানটিতে প্রকৌশলসহ সব বিভাগে আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) কারিকুলামের আওতায় পাঠদান করা হয়। এর ফলে শিক্ষার্থীরা কর্মজীবনে প্রতিযোগিতামূলক সক্ষমতা অর্জন করছে। তিনি আরও বলেন, এমআইএসটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ প্রকৌশলী ও প্রযুক্তিবিদ তৈরির পাশাপাশি দায়িত্বশীল নাগরিক গড়ে তুলতে কাজ করছে। ভবিষ্যতে আধুনিক গবেষণাগার ও ল্যাবরেটরি স্থাপন, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য আবাসন-সুবিধাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। এসব উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটির শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, নবীন শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)