নিউইয়র্কের তিন মিলিয়ন বাসিন্দা পাবেন ২.১ বিলিয়ন ট্যাক্স রিলিফ


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 17-06-2026

নিউইয়র্কের তিন মিলিয়ন বাসিন্দা পাবেন ২.১ বিলিয়ন ট্যাক্স রিলিফ

নিউইয়র্ক স্টেটের প্রায় ৩ মিলিয়ন বাড়ির মালিক ও সিনিয়র নাগরিক এ বছর ২.১ বিলিয়ন ডলারেরও বেশি প্রপার্টি ট্যাক্স -সহায়তা পেতে যাচ্ছেন। গভর্নর ক্যাথি হোচুল ঘোষণা করেছেন, স্টেটের স্কুল ট্যাক্স রিলিফ (স্টার) কর্মসূচির আওতায় গ্রীষ্ম ও শরৎ মৌসুমজুড়ে যোগ্য বাসিন্দাদের কাছে এই অর্থ চেক অথবা সরাসরি ব্যাংক হিসাবে জমা হবে। মূল্যস্ফীতি, খাদ্য ও জ্বালানির উচ্চমূল্যের কারণে যখন অনেক পরিবার আর্থিক চাপে রয়েছে, তখন এই সহায়তা তাদের জন্য গুরুত্বপূর্ণ স্বস্তি নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

স্টার বা স্কুল ট্যাক্স রিলিফ হলো নিউইয়র্ক স্টেটের একটি সম্পত্তি কর-সহায়তা কর্মসূচি, যার লক্ষ্য হলো প্রাইমারি রেসিডেন্স ওপর আরোপিত স্কুল করের বোঝা কমানো। এই কর্মসূচির মাধ্যমে যোগ্য বাড়ির মালিকরা হয় কর ছাড় পান, অথবা স্টার ট্যাক্স ক্রেডিট হিসেবে নগদ অর্থ গ্রহণ করেন। সাধারণ স্টার সুবিধা মূলত মধ্যম আয়ের বাড়ির মালিকদের জন্য, আর এনহ্যান্সড স্টারবা বর্ধিত স্টার সুবিধা কর্মসূচি নির্দিষ্ট আয়ের প্রবীণ নাগরিকদের জন্য অতিরিক্ত সুবিধা প্রদান করে।

নিউ ইয়র্ক স্টেটের তথ্য অনুযায়ী, বার্ষিক আয় ৫ লাখ ডলারের কম এমন অধিকাংশ বাড়ির মালিক ৩৫০ থেকে ৬০০ ডলারের মধ্যে স্টার ক্রেডিট পাবেন। অন্যদিকে বার্ষিক আয় ১ লাখ ১০ হাজার ৭৫০ ডলারের কম এমন অধিকাংশ সিনিয়র নাগরিক বর্ধিত স্টার সুবিধা কর্মসূচির আওতায় ৭০০ থেকে ১,৫০০ ডলার পর্যন্ত সহায়তা পাবেন। গভর্নর হোচুল বলেন, এই অর্থ পরিবারগুলোর গ্যাস, মুদি পণ্য, ইউটিলিটি বিল, গাড়ির কিস্তি কিংবা শিশুদের স্কুলের প্রয়োজনীয় খরচ মেটাতে সহায়ক হবে।

এ বছর স্টার কর্মসূচির আওতায় নিউইয়র্ক সিটির প্রায় ৪ লাখ ৭৪ হাজার পরিবার ১৪৯.৭ মিলিয়ন ডলার সুবিধা পাবে। এছাড়া লং আইল্যান্ডের ৫ লাখ ৭২ হাজার পরিবার পাবে ৬৫৯.২ মিলিয়ন ডলার এবং মিড-হাডসন অঞ্চলের ৩ লাখ ৯৭ হাজার পরিবার পাবে ৪৬১.১ মিলিয়ন ডলার। সব মিলিয়ে রাজ্যজুড়ে প্রায় ২.৭৮ মিলিয়ন পরিবার ও বাড়ির মালিক এই কর্মসূচির সুবিধাভোগী হবেন। কর বিভাগ জানিয়েছে, স্টার চেক বিতরণ ইতোমধ্যে শুরু হয়েছে এবং গ্রীষ্ম ও শরৎকালজুড়ে চলবে। নিউইয়র্ক সিটি, বাফেলো, রচেস্টার ও সিরাকিউজের মতো এলাকায় স্কুল কর পরিশোধের সময়সীমা জুন ও জুলাই মাসে হওয়ায় সেসব এলাকার বাসিন্দারা প্রথম দিকে চেক পাবেন। অন্য অঞ্চলে ধাপে ধাপে অর্থ বিতরণ করা হবে। বাসিন্দারা এনওয়াই ডট গভ/স্টার ওয়েবসাইটে গিয়ে তাদের চেকের অবস্থা অনুসরণ করতে পারবেন এবং চাইলে ডাইরেক্ট ডিপোজিট-এর জন্যও নিবন্ধন করতে পারবেন।

গভর্নর হোচুল বলেন, গ্রীষ্মের শুরু মানেই লাখো নিউইয়র্কবাসীর জন্য স্টার ট্যাক্স রিলিফ মৌসুমের সূচনা। আমরা কর ছাড়, চাইল্ড ট্যাক্স ক্রেডিট এবং অন্যান্য সহায়তা কর্মসূচির মাধ্যমে মানুষের পকেটে আরও অর্থ ফিরিয়ে দিতে কাজ করছি। রাজ্য কর্মকর্তাদের মতে, ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের এই সময়েষ্টার কর্মসূচির অর্থ বিশেষ করে মধ্যবিত্ত পরিবার ও নির্দিষ্ট আয়ের প্রবীণ নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা হিসেবে কাজ করবে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)