নিক্সের শিরোপা লাভে তাণ্ডব, গ্রেফতার ৬৭


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 17-06-2026

নিক্সের শিরোপা লাভে তাণ্ডব, গ্রেফতার ৬৭

নিউ ইয়র্ক নিক্সের ঐতিহাসিক এনবিএ চ্যাম্পিয়নশিপ জয় উদযাপনকে ঘিরে নিউ ইয়র্ক সিটির বিভিন্ন এলাকায় ব্যাপক বিশৃঙ্খলা, ভাঙচুর ও সহিংসতার ঘটনা ঘটেছে। নিউ ইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) জানিয়েছে, এ ঘটনায় অন্তত ৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে এবং আহত হন ১০ জন পুলিশ কর্মকর্তা।

গত ১৩ জুন রাতে ম্যাচ চলাকালীন সময় থেকেই ম্যাডিসন স্কয়ার গার্ডেনের আশপাশে, বিশেষ করে ফিফথ অ্যাভিনিউ থেকে নাইনথ অ্যাভিনিউ পর্যন্ত এলাকায় এবং শহরের বিভিন্ন স্থানে বিপুলসংখ্যক উচ্ছৃঙ্খল সমর্থক জড়ো হতে শুরু করে। নিক্সের শিরোপা নিশ্চিত হওয়ার পর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে।

পুলিশ জানায়, গ্রেফতার হওয়াদের বিরুদ্ধে পুলিশ কর্মকর্তার ওপর হামলা, অস্ত্র রাখার অভিযোগ, ভাঙচুর, বিশৃঙ্খল আচরণ, গ্রেফতারে বাধা প্রদান এবং সরকারি কাজে বাধা দেওয়ার মতো অভিযোগ আনা হয়েছে।

এনওয়াইপিডির তথ্যমতে, টাইমস স্কয়ারের ৪৩তম স্ট্রিট ও ব্রডওয়ে এলাকায় ১৭ বছর বয়সী এক কিশোর গুলিবিদ্ধ হয়। জনসমাগম এতো বেশি ছিল যে, অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছতে পারেনি। পরে পুলিশ সদস্যরাই তাকে হাসপাতালে নিয়ে যান। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে এবং পৃথক ঘটনায় তিনজন আগ্রহভাজন ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে।

এছাড়া শহরের বিভিন্ন স্থানে অন্তত চারটি ছুরিকাঘাতের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

উদযাপনের সময় পাঁচটি স্কুল বাসে অগ্নিসংযোগ বা ব্যাপক ভাঙচুর করা হয়। পুলিশ জানায়, এসব বাস ম্যানহাটন থেকে মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ-সংশ্লিষ্ট অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছিল। শুধু স্কুল বাস নয়, অন্তত পাঁচটি এনওয়াইপিডি গাড়ির ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, কিছু ব্যক্তি বেসবল ব্যাটসহ বিভিন্ন বস্তু দিয়ে পুলিশ গাড়িগুলোতে আঘাত করে। অনেকেই গাড়ির ওপর উঠে লাফালাফি করে, ফলে উইন্ডশিল্ড ও জানালাগুলো ভেঙে যায়। এছাড়া বেশ কয়েকটি ব্যক্তিগত যানবাহনও ভাঙচুরের শিকার হয়।

শহরের বিভিন্ন স্থানে একাধিক মারামারির ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক ও অ্যাভিনিউ ঘণ্টার পর ঘণ্টা বন্ধ রাখতে হয়। কারণ বিপুলসংখ্যক মানুষ এলাকা ছাড়তে অস্বীকৃতি জানায়। এনওয়াইপিডি জানিয়েছে, আহত ১০ পুলিশ কর্মকর্তার মধ্যে একজনকে মুখে ঘুসি মারা হয় এবং আরেকজনকে কাচের বোতল দিয়ে আঘাত করা হয়। নিক্সের ৫৩ বছর পর এনবিএ শিরোপা জয়ের আনন্দে লাখো সমর্থক রাস্তায় নেমে এলেও উদযাপনের একাংশ সহিংসতায় রূপ নেওয়ায় শহরজুড়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)