মার্তিনেজের পর আলিসনের হৃদয়েও লাল-সবুজের উন্মাদনা


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 01-07-2026

মার্তিনেজের পর আলিসনের হৃদয়েও লাল-সবুজের উন্মাদনা

বিশ্বকাপ ফুটবলের মূলমঞ্চে বাংলাদেশের লাল-সবুজ জার্সি হয়তো এখনো দেখা যায়নি, কিন্তু বিশ্বমঞ্চে সমর্থকদের আবেগের যে সুনামি, তাতে বারবার কেঁপে উঠছে ফুটবল বিশ্বের পরাশক্তিরা। বিশ্ব ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ আর্জেন্টিনা ও ব্রাজিল। মাঠের লড়াইয়ে তারা একে অপরের চরম শত্রু হলেও, দূর দেশ বাংলাদেশের সমর্থকদের উন্মাদনার কাছে যেন এক বিন্দুতে মিলে গেছেন দুই দলের বিশ্বসেরা তারকারা।

কিছুদিন আগেই আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী রানিং গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ সংক্ষিপ্ত সফরে এসে বাংলাদেশের মানুষের ভালোবাসা কাছ থেকে দেখে গেছেন। এমনকি চলতি বিশ্বকাপেও জর্ডানের বিপক্ষে ম্যাচের পর বাংলাদেশের নাম শুনেই উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন তিনি। আর এবার সেই একই ভালোবাসার প্রতিধ্বনি শোনা গেল ব্রাজিলের এক নম্বর গোলরক্ষক আলিসন বেকারের কণ্ঠে।

মাঠের জয়ে বাংলাদেশের রাত জাগা উৎসব

চলতি বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াইয়ে জাপানের বিপক্ষে নাটকীয়ভাবে পিছিয়ে পড়েও ২-১ গোলের রোমাঞ্চকর জয় তুলে নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। যখন যুক্তরাষ্ট্রের হিউস্টনে গ্যাব্রিয়েল মার্তিনেল্লি জয়সূচক গোলটি করছেন, বাংলাদেশে তখন গভীর রাত। কিন্তু চিরচেনা বাঙালি ফুটবলপ্রেমীদের উন্মাদনায় সেই মাঝরাত রূপ নেয় এক উৎসবের নগরীতে। ঢাকাসহ দেশের প্রতিটি প্রান্তে জায়ান্ট স্ক্রিনের সামনে থাকা ব্রাজিল সমর্থকরা রাস্তায় নেমে মেতে ওঠেন আনন্দ মিছিলে।

বাংলাদেশ শুনতেই আলিসনের মুখে চওড়া হাসি

ম্যাচ শেষে মিক্সড জোনে যখন বাংলাদেশি সাংবাদিকরা ব্রাজিলের অতন্দ্র প্রহরী আলিসন বেকারের মুখোমুখি হন, ‘বাংলাদেশ’ শব্দটা শোনামাত্রই এই তারকা গোলরক্ষকের মুখে ফুটে ওঠে এক চওড়া হাসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশি সমর্থকদের গভীর রাতে উদযাপনের ভিডিও ইতিমধ্যে দেখে ফেলেছেন লিভারপুলের এই তারকা।

উচ্ছ্বসিত আলিসন কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন: “ধন্যবাদ বাংলাদেশ, আমাদের সমর্থন করার জন্য। আমি সামাজিক মাধ্যমে আপনাদের উদযাপনের বেশ কিছু ভিডিও দেখেছি। বাংলাদেশের মানুষের এই ভালোবাসার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমরা ব্রাজিলিয়ানরাও তোমাদের ভালোবাসি। ঈশ্বর সবার মঙ্গল করুক।”

শুধু আলিসনই নন, ওই ম্যাচে সমতাসূচক গোল করে ম্যাচসেরা হওয়া ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরোও অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশকে। এমনকি স্ট্রাইকার মাতেউস কুনিয়া তো সরাসরি বাংলাদেশে আসার ইচ্ছাই প্রকাশ করে বসেছেন।

মার্তিনেজ যা বলেছিলেন 

২০২৬ বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারানোর পর বাংলাদেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

ডালাসে ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় এক বাংলাদেশি প্রতিবেদক পেছন থেকে ‘বাংলাদেশ’ বলে ডাক দিলে সঙ্গে সঙ্গে ফিরে তাকান মার্টিনেজ। এরপর হাসিমুখে বলেন, ‘ওহ, বাংলাদেশ। আমি বাংলাদেশকে পছন্দ করি।’

বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে কিছু বলতে বলা হলে তিনি বলেন, ‘আমি বাংলাদেশের ভক্তদের অনেক ভালোবাসি। আমি সেখানে গিয়েছিলাম। সত্যিই দেশটাকে ভালোবাসি।’

২০২২ কাতার বিশ্বকাপে বাংলাদেশের সমর্থকদের উচ্ছ্বাস আর্জেন্টিনায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের উদ্‌যাপন ও সমর্থনের ছবি ছড়িয়ে পড়ার পর দুই দেশের সমর্থকদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়।

বাংলাদেশের সমর্থকেরা আবারও আর্জেন্টিনাকে ফাইনালে দেখতে চায়-এ প্রসঙ্গে মার্টিনেজ বলেন, ‘আমি জানি তারা আমাদের কাছে কী চায়। আমি জানি আমাদের জন্য তারা কতটা উন্মাদ। সেখানে যাওয়ার অভিজ্ঞতা আমার হয়েছে। আমি তাদের সমর্থন খুব পছন্দ করি।’

বাংলাদেশি সমর্থকদের সঙ্গে আর্জেন্টাইনদের মানসিকতার মিলও তুলে ধরেন এই গোলরক্ষক। তার ভাষায়, ‘তারা একদিক থেকে আর্জেন্টাইনদের মতোই। সেটাই আমার ভালো লাগে। বাংলাদেশের জন্য আমার অনেক ভালোবাসা।’

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এক মেলবন্ধন

ভক্তদের অন্যরকম পাওয়া বিশ্বকাপের শত দেশের কোটি কোটি ভক্তের ভিড়েও বিশ্বসেরা দুই দেশের রানিং ফুটবলারদের মুখে বাংলাদেশের নাম বারবার উচ্চারিত হওয়া এ দেশের ফুটবলপ্রেমীদের জন্য এক বিশাল প্রাপ্তি। আর্জেন্টিনা ও ব্রাজিল দুই মেরুর দুই দল হলেও এ দেশের মানুষের ফুটবল আবেগ আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

আর্জেন্টাইন গোলরক্ষক মার্তিনেজ নিজে এসে এ দেশের মাটির ঘ্রাণ নিয়ে গেছেন, আর ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসন দূর থেকেই বুকে টেনে নিয়েছেন লাল-সবুজের আবেগকে। ভৌগোলিক দূরত্ব ছাপিয়ে ফুটবল কীভাবে দুটি ভিন্ন গোলার্ধের মানুষকে এক সুতোয় বেঁধে ফেলতে পারে, বাংলাদেশ ও লাতিন আমেরিকার এই ফুটবল প্রেম তারই এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।

নক আউট পর্বের লড়াই

বিশ্বকাপ ফটবলের নকআউট পর্বের অঘটন হচ্ছে সাবেক চ্যাম্পিয়ন জার্মানির বিদায়। সেই সাথে বিদায় নিয়েছে হল্যান্ড। সুপার ১৬ এ স্থান পেয়েছে কানাডা, ব্রাজিল, প্যারাগুয়ে, মরক্কো, নরওয়ে, ফ্রান্স। কানাডা নক আউপ পর্বে ১-০ গোলে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে। ব্রাজিল ২-১ গোলে জাপানকে, প্যারাগুলে ট্রাইব্রেকারে ৪-৩ গোলে জার্মানিকে পারজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে ড্র ছিলো। একই দিনের দিনের শেষ খেলায় ট্রাইব্রেকারে মরক্কো ৩-২ গোলে হল্যান্ডকে পরাজিত করে নতুন ইতিহাস তৈরি করেছে। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে ড্র ছিলো। নরওয়ে ২-১ গোলে আইভারি কোস্টকে পরাজিত করেছে। নরওয়ের পরবর্তী ম্যাচ ব্রাজিলের সাথে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)