যৌন নিপীড়নের মামলায় ক্যারলকে ৫.৬ মিলিয়ন দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 15-07-2026

যৌন নিপীড়নের মামলায় ক্যারলকে ৫.৬ মিলিয়ন দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প

যৌন নিপীড়নের মামলায় লেখক ও সাবেক ম্যাগাজিন কলামিস্ট ই. জিন ক্যারলকে জুরির রায় অনুযায়ী প্রায় ৫.৬ মিলিয়ন ডলার পরিশোধ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফেডারেল আদালতের নথি অনুযায়ী, ১৯৯০-এর দশকে নিউইয়র্কের ম্যানহাটনের একটি ডিপার্টমেন্ট স্টোরে যৌন নিপীড়ন এবং পরে তাকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে ট্রাম্পকে দেওয়ানি মামলায় দায়ী করে ২০২৩ সালে জুরি যে ক্ষতিপূরণ নির্ধারণ করেছিল, সেই অর্থই এখন ক্যারলের কাছে হস্তান্তর করা হয়েছে।

আদালতের নথিতে বলা হয়েছে, ট্রাম্প রায়ের বিরুদ্ধে আপিল করায় ক্ষতিপূরণের অর্থ এতদিন এসক্রো অ্যাকাউন্টে সংরক্ষিত ছিল। তবে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের সর্বশেষ আপিল গ্রহণ করতে অস্বীকৃতি জানালে মামলার বিচারক অর্থটি ক্যারলের কাছে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। আদালতের অনলাইন ডকেটে ১৪ জুলাই মঙ্গলবার যুক্ত হওয়া এক নোটে জানানো হয়, গত সপ্তাহেই অর্থটি ক্যারলের কাছে হস্তান্তর করা হয়েছে। ই. জিন ক্যারলের আইনজীবী রবার্টা ক্যাপলান এক বিবৃতিতে বলেন, জুরির রায়ে নির্ধারিত ক্ষতিপূরণের অর্থ ই. জিন ক্যারল গ্রহণ করেছেন,এ কথা জানাতে পেরে আমরা সন্তুষ্ট।

উল্লেখ্য, ২০২৩ সালে নিউইয়র্কের একটি ফেডারেল জুরি ট্রাম্পকে ই. জিন ক্যারলকে যৌন নিপীড়ন এবং পরবর্তীতে তার বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়ার জন্য দেওয়ানি মামলায় দায়ী বলে রায় দেয়। যদিও ট্রাম্প শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন এবং মামলার রায়ের বিরুদ্ধে একাধিকবার আপিলের চেষ্টা করেছিলেন। সুপ্রিম কোর্ট সেই প্রচেষ্টা নাকচ করে দেওয়ায় জুরির রায় কার্যকর হয় এবং ক্ষতিপূরণের অর্থ অবশেষে ক্যারলের হাতে পৌঁছায়।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)