যুক্তরাষ্ট্রের প্রায় ৭৫ মিলিয়ন সোশ্যাল সিকিউরিটি ওসাপ্লিমেন্টাল সিকিউরিটি ইনকাম (এসএসআই) গ্রহীতার জন্য ২০২৭ সালে মাসিক সুবিধা বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। স্বাধীন সোশ্যাল সিকিউরিটি ও মেডিকেয়ার নীতি বিশ্লেষক মেরি জনসনের নতুন পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের কস্ট-অব-লিভিং অ্যাডজাস্টমেন্ট বা জীবনযাত্রার খরচ অনুযায়ী ভাতা সমন্বয় ৪ দশমিক ৭ শতাংশ পর্যন্ত হতে পারে। এর ফলে গড় অবসরপ্রাপ্তদের মাসিক সোশ্যাল সিকিউরিটি সুবিধায় প্রায় ৯৮ ডলার পর্যন্ত যোগ হতে পারে। তবে এ বাড়তি অর্থের বড় অংশই জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে আবার খরচ হয়ে যেতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।
সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (এসএসএ) প্রতি বছর অক্টোবর মাসে পরবর্তী বছরের জীবনযাত্রার খরচ অনুযায়ী ভাতা সমন্বয় ঘোষণা করে। এ সমন্বয় নির্ধারণ করা হয় ভোক্তা মূল্য সূচকের (সিপিআই) একটি বিশেষ অংশ শহুরে শ্রমজীবী ও অফিসকর্মীদের জীবনযাত্রার খরচ পরিমাপের সূচকের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরের তথ্যের ভিত্তিতে। বর্তমানে যে ৪ দশমিক ৭ শতাংশ জীবনযাত্রার খরচ অনুযায়ী ভাতা সমন্বয়-এর পূর্বাভাস দেওয়া হচ্ছে, তা চূড়ান্ত নয় এবং বছরের বাকি সময়ের মূল্যস্ফীতির ওপর এর হার পরিবর্তিত হতে পারে।
সোশ্যাল সিকিউরিটি ও মেডিকেয়ার নীতি বিশ্লেষক মেরি জনসন এর আগে ২০২৭ সালের জীবনযাত্রার খরচ অনুযায়ী ভাতা সমন্বয় ৪ দশমিক ২ শতাংশ হতে পারে বলে ধারণা দিয়েছিলেন। তবে নতুন অর্থনৈতিক তথ্য অনুযায়ী, বিশেষ করে জ্বালানি খাতের মূল্যবৃদ্ধির কারণে এই পূর্বাভাস বেড়েছে। তিনি বলেছেন, জ্বালানির দাম আরো বাড়লে জীবনযাত্রার খরচ অনুযায়ী ভাতা সমন্বয়ের হার ৪ দশমিক ৭ শতাংশের চেয়েও বেশি থেকে ২০২৬ সালে সোশ্যাল সিকিউরিটি সুবিধা ২ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। এতে গড়ে প্রায় ২ হাজার ডলারের মাসিক সুবিধা গ্রহণকারীরা প্রায় ৫৬ ডলার অতিরিক্ত পেয়েছিলেন। তবে মেরি জনসনের হিসাব অনুযায়ী, মূল্যস্ফীতির সঙ্গে তাল রাখতে ওই সময় মাসে আরো প্রায় ৯৪ ডলার বৃদ্ধির প্রয়োজন ছিল। ফলে অনেক অবসরপ্রাপ্তের প্রকৃত ক্রয়ক্ষমতায় উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি।
২০২৭ সালের জীবনযাত্রার খরচ অনুযায়ী ভাতা সমন্বয় বৃদ্ধির প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে খাদ্য, জ্বালানি ও পরিবহন খাতে মূল্যবৃদ্ধি। সরকারি তথ্য অনুযায়ী, গত ১২ মাসে সামগ্রিক মূল্যস্ফীতি বেড়েছে ৪ দশমিক ২ শতাংশ এবং শহুরে শ্রমজীবী ও অফিসকর্মীদের জীবনযাত্রার খরচ পরিমাপের সূচক বেড়েছে ৪ দশমিক ৪ শতাংশ। একই সময়ে জ্বালানি তেলের দাম বেড়েছে ৬৪ দশমিক ১ শতাংশ, পেট্রোলের দাম বেড়েছে ৪০ দশমিক ৭ শতাংশ এবং বিমান ভাড়া বেড়েছে প্রায় ২৫ শতাংশ।
করোনাভাইরাস মহামারির পর যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি দ্রুত বেড়ে যাওয়ায় ২০২২ সালে সোশ্যাল সিকিউরিটি জীবনযাত্রার খরচ অনুযায়ী ভাতা সমন্বয় ছিল ৫ দশমিক ৯ শতাংশ এবং ২০২৩ সালে ছিল ৮ দশমিক ৭ শতাংশ, যা গত কয়েক দশকের অন্যতম বড় বৃদ্ধি। তবে পরবর্তী সময়ে মূল্যস্ফীতির হার কমলেও খাদ্য, আবাসন, স্বাস্থ্যসেবা ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যের দাম আগের তুলনায় অনেক বেশি রয়ে গেছে।
এএআরপির এক সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ৫০ বছর বা তার বেশি বয়সী ৬৯ শতাংশ মানুষ মনে করেন, তাদের আয়ের তুলনায় খরচ দ্রুত বাড়ছে। একই জরিপে ৬১ শতাংশ প্রবীণ জানান, গড়ে প্রায় ২ হাজার ডলারের মাসিক সোশ্যাল সিকিউরিটি সুবিধা তাদের বর্তমান জীবনযাত্রার ব্যয় মেটানোর জন্য যথেষ্ট নয়।
বিশেষজ্ঞরা আরো বলছেন, শহুরে শ্রমজীবী ও অফিসকর্মীদের জীবনযাত্রার খরচ পরিমাপের সূচকসব প্রবীণের বাস্তব ব্যয়ের চিত্র পুরোপুরি প্রতিফলিত করে না। কারণ বয়স্ক নাগরিকদের অনেকের স্বাস্থ্যসেবা, ওষুধ ও আবাসন খাতে খরচ তুলনামূলক বেশি হয়। ব্যক্তিভেদে মূল্যস্ফীতির প্রভাবও আলাদা হতে পারে, কারও জন্য খাদ্য ও ওষুধের দাম বেশি চাপ তৈরি করে, আবার কারো জন্য বাড়িভাড়া বা ইউটিলিটি বিল বড় সমস্যা হয়ে দাঁড়ায়।
খাদ্যপণ্যের দাম বাড়ার কারণে অনেক প্রবীণ ব্যয় কমাতে তাদের কেনাকাটার ধরন পরিবর্তন করছেন। কেউ কেউ দামি মাংসের পরিবর্তে কম খরচের খাবার বেছে নিচ্ছেন বা দৈনন্দিন খরচ কমানোর চেষ্টা করছেন। আর্থিক বিশেষজ্ঞদের মতে, জীবনযাত্রার খরচ অনুযায়ী ভাতা সমন্বয় বৃদ্ধি অবসরপ্রাপ্তদের জন্য সহায়ক হলেও এটি মূলত মূল্যস্ফীতির ক্ষতি পূরণের একটি ব্যবস্থা, এটি জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত করার মতো অতিরিক্ত আয় নাও দিতে পারে।