হিজাব খুলে ছবি তোলার অভিযোগে মামলা


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 15-07-2026

হিজাব খুলে ছবি তোলার অভিযোগে মামলা

হেফাজতে নেওয়ার সময় বুকিং ছবি তোলার আগে হিজাব খুলতে বাধ্য করার অভিযোগে উইসকনসিনের এক মুসলিম নারী ওয়াকেশা কাউন্টি এবং কাউন্টির শেরিফের বিরুদ্ধে মামলা করেছেন। জেনসভিলের বাসিন্দা লিন ট্যানার, একজন ধর্মপ্রাণ মুসলিম নারী, গত ৮ জুলাই ইস্টার্ন ডিস্ট্রিক্ট ফেডারেল কোর্টে ওয়াকেশা কাউন্টি এবং কাউন্টি শেরিফ এরিক সেভারসনের বিরুদ্ধে দেওয়ানি মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়েছে, হিজাব খুলতে বাধ্য করা তার ধর্মীয় স্বাধীনতার অধিকার লঙ্ঘন করেছে।

আদালতে দাখিল করা নথি অনুযায়ী, গত ১৭ নভেম্বর ওয়াকেশা কাউন্টি শেরিফের এক কর্মকর্তা নিয়মিত ট্রাফিক স্টপের সময় ট্যানারকে থামান। পরে ওই ঘটনার জেরে তাকে গ্রেফতার করে কাউন্টি জেলে নিয়ে যাওয়া হয় বুকিং প্রক্রিয়ার জন্য। মামলার অভিযোগ অনুযায়ী, প্রথমে তাকে হিজাব খুলতে বলা হলে তিনি তা মেনে নেন। তবে বুকিং ছবির জন্য আবার হিজাব খুলতে বলা হলে তিনি আপত্তি জানান। ট্যানার কর্মকর্তাকে জানান, হিজাব ছাড়া তার ছবি তোলা তার গভীর ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী।

তবে জেল কর্মকর্তা কাউন্টির নীতিমালার কথা উল্লেখ করে তার হিজাব ছাড়া ছবি তোলেন। ছবিতে তার চুল ও ঘাড় দেখা যায়। ছবি তোলার পর তাকে আবার হিজাব পরার অনুমতি দেওয়া হয়। ওয়াকেশা কাউন্টির নীতিমালা অনুযায়ী, বুকিং ছবির সময় ধর্মীয় মাথার আবরণ সরাতে হয় এবং ছবি তোলার পর তা আবার পরার অনুমতি দেওয়া হয়। কিন্তু ট্যানারের মামলায় বলা হয়েছে, ছবি তোলার প্রক্রিয়াটি ব্যক্তিগত পরিবেশে এবং শুধু নারী কর্মকর্তাদের সামনে হলেও পরে সেই ছবি কাউন্টির সার্ভারে সংরক্ষিত হয়, যা পুরুষ কর্মকর্তাসহ অন্যরা দেখতে পারেন। এছাড়া ছবিটি জনসাধারণের অনুরোধে প্রকাশ করা হতে পারে বলেও অভিযোগ করা হয়েছে। মামলায় বলা হয়েছে, ব্যক্তিগতভাবে হিজাব সরানোর সুযোগ দেওয়া হলেও সে ছবি যখন সবার দেখার জন্য সংরক্ষিত থাকে, তখন সে সুরক্ষা কার্যকর থাকে না।

মুসলিম নারীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (কেয়ার )-এর মুখপাত্র হাফসা হায়দার বলেন, মুসলিম নারীদের জন্য হিজাব শালীনতা ও ধর্মীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। পরিবারের বাইরের পুরুষদের সামনে হিজাব ছাড়া দেখা দেওয়া অনেক মুসলিম নারীর ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। হায়দার বলেন, কোনো নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে হিজাব খুলতে বাধ্য করা তার জন্য অত্যন্ত কষ্টদায়ক অভিজ্ঞতা হতে পারে।

মামলার নথিতে আরো বলা হয়েছে, ট্যানার প্রতিদিন হিজাব পরেন এবং এটি তার পরিচয়ের অংশ। তার আইনজীবীরা যুক্তি দিয়েছেন, একজন ব্যক্তি যিনি প্রতিদিন মাথা ঢেকে রাখেন, তার হিজাব ছাড়া ছবি প্রকৃত পরিচয় তুলে ধরে না।

এর আগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে কারাগারে মুসলিম নারীদের হিজাব সংক্রান্ত অনুরূপ বিরোধ নিয়ে মামলা হয়েছে। ২০২৩ সালে মিনেসোটায় এক মুসলিম নারী ফেডারেল কারা কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করেন, যেখানে অভিযোগ ছিল তাকে হিজাব খুলে ছবি তুলতে এবং সে ছবি থাকা পরিচয়পত্র বহন করতে বাধ্য করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়ম অনুযায়ী, ধর্মীয় কারণে মাথা ঢেকে রাখা ব্যক্তিরা পাসপোর্ট ছবিতে সে আবরণ রাখতে পারেন। উইসকনসিন আইনেও সরকারি পরিচয়পত্রের ছবিতে ধর্মীয় মাথার আবরণ ব্যবহারের অনুমতি রয়েছে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)