নিউইয়র্কে মেডিকেইড নবায়নে বড় পরিবর্তন


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 29-07-2026

নিউইয়র্কে মেডিকেইড নবায়নে বড় পরিবর্তন

আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নিউইয়র্কে মেডিকেইড কর্মসূচিতে আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন কার্যকর হতে যাচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, ১৯ থেকে ৬৪ বছর বয়সী কিছু প্রাপ্তবয়স্ককে বছরে একবারের পরিবর্তে প্রতি ছয় মাস অন্তর মেডিকেইডের যোগ্যতা নবায়ন বা রিনিউ করতে হবে। এর ফলে মেডিকেইড সুবিধা অব্যাহত রাখতে উপকারভোগীদের আগের তুলনায় দ্বিগুণবার তাদের যোগ্যতা যাচাইয়ের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

নিউইয়র্ক স্টেট অব হেলথ জানিয়েছে, যারা ১ জানুয়ারি ২০২৭-এর আগে মেডিকেইডের জন্য আবেদন করবেন অথবা ১ মার্চ ২০২৭-এর আগে তাদের কভারেজ নবায়ন করবেন, তারা যোগ্য হলে ১২ মাসের মেডিকেইড কভারেজ পাবেন। তবে ওই ১২ মাসের মেয়াদ শেষ হওয়ার পর থেকে তাদেরও প্রতি ছয় মাস অন্তর মেডিকেইড নবায়ন করতে হবে। অন্যদিকে যারা ১ জানুয়ারি ২০২৭ বা তার পরে নতুন করে মেডিকেইডের জন্য আবেদন করবেন, অথবা ১ মার্চ ২০২৭-এর পরে কভারেজ নবায়ন করবেন, তারা যোগ্য থাকলে শুরু থেকেই প্রতি ছয় মাস অন্তর মেডিকেইড নবায়নের আওতায় পড়বেন।

নিউইয়র্ক স্টেট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতি ছয় মাসে নবায়নের সময় আবেদনকারীর আয়, পারিবারিক অবস্থা এবং অন্যান্য যোগ্যতার তথ্য পুনরায় যাচাই করা হবে। কেউ যদি তখনও মেডিকেইডের শর্ত পূরণ করেন, তাহলে তার কভারেজ অব্যাহত থাকবে। তবে সময়মতো নবায়ন না করলে বা প্রয়োজনীয় তথ্য জমা না দিলে স্বাস্থ্যবীমা কভারেজে বিঘ্ন ঘটতে পারে।

স্বাস্থ্য বিভাগ মেডিকেইড সদস্যদের তাদের ডাকের ঠিকানা, ফোন নম্বর, ইমেইল এবং অন্যান্য যোগাযোগের তথ্য হালনাগাদ রাখার পরামর্শ দিয়েছে, যাতে নবায়ন সংক্রান্ত নোটিশ ও নির্দেশনা সময়মতো পাওয়া যায়। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে নবায়ন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে, যাতে স্বাস্থ্যবীমা সুবিধা অব্যাহত থাকে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)