এক বাংলাদেশীর উপর হামলায় ২ বাংলাদেশী গ্রেফতার


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 29-07-2026

এক বাংলাদেশীর উপর হামলায় ২ বাংলাদেশী গ্রেফতার

যুক্তরাষ্ট্রের বাফলোর ইউনিভার্সিটি ডিস্ট্রিক্টে গত ২৭ জুলাই সোমবার সন্ধ্যায় এক বাংলাদেশিকে মারধরের অভিযোগে অন্তত দুই বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় সেকেন্ড-ডিগ্রি অ্যাসল্ট এবং গ্যাং অ্যাসল্ট-এই দুটি অভিযোগে মামলা হয়েছে বলে জানা গেছে। মামলাটি পুলিশ নিজ উদ্যোগে করেছে বলে জানা গেছে। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৮ জুন মঙ্গলবার সকালে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

২৭ জুলাই সোমবার রাতে ইউনিভার্সিটি ডিস্ট্রিক্টের রোজ সুপার মার্কেটের পার্কিং লটে ঘটে যাওয়া এই অনাকাক্সিক্ষত ঘটনাকে কেন্দ্র করে বাফলোর বাংলাদেশি কমিউনিটির সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের তথ্য ছড়িয়ে পড়েছে। ঘটনা সম্পর্কে আহত আরিফুল ইসলাম জানান, জাহাঙ্গীর সম্রাট নামের এক ব্যক্তির একটি মিডিয়ায় বিজ্ঞাপন থেকে তার ফোন নম্বর সংগ্রহ করে, তিনি দুই বন্ধুকে নিয়ে নায়াগ্রা ফলসে যাওয়ার জন্য একটি রাইডের ব্যবস্থা করেন। ১০০ ডলারে ভাড়া নির্ধারিত হয়েছিল বলে জানান তিনি। আরিফুলের ভাষ্য অনুযায়ী, নির্ধারিত সময়ে সম্রাট তাকে রোজ সুপার মার্কেটের পার্কিং লট থেকে তুলে নিতে আসেন। তিনি গাড়িতে ওঠার পর সম্রাট তাকে দেখে বলেন, তিনি তাকে নিয়ে যাবেন না এবং গাড়ি থেকে নেমে যেতে বলেন। অন্য কোনো গাড়ি তাৎক্ষণিকভাবে ম্যানেজ করা সম্ভব না হওয়ায় আরিফুল গাড়ি থেকে নামতে অস্বীকৃতি জানান। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় বলে জানান তিনি।

আরিফুল অভিযোগ করেন, একপর্যায়ে তিনি পুলিশের শরণাপন্ন হন। অন্যদিকে সম্রাট জালালাবাদ অ্যাসোসিয়েশনের এক অংশের সেক্রেটারি তাজুকে ফোন করেন বলে তার দাবি। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, সম্রাটকে পুলিশে ফোন করার পরামর্শ দেওয়া হয়েছিল। পরে উভয় পক্ষই পুলিশে ফোন করে।

আরিফুলের অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে তাজু ও তার সঙ্গে থাকা কয়েকজন সেখানে এসে তাকে মারধর করেন এবং গাড়ি থেকে বের করে দেন। তার দাবি, এ সময় তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়, যেটিতে তিনি ঘটনার কিছু অংশ রেকর্ড করেছিলেন। এছাড়া তার চশমা ভেঙে ফেলা হয়েছে এবং চারজন ব্যক্তি তাকে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেছেন বলে অভিযোগ করেন তিনি। আরিফুল অভিযোগ করেন, তাজু প্রথমে তাকে আঘাত করেন। এরপর গিয়াস উদ্দিন নামের একজন তার কাছ থেকে মোবাইল ফোন নিয়ে নেন। জাহাঙ্গীর সম্রাট ও মাসুক নামের আরেক ব্যক্তি তাকে উপর্যুপরি আঘাত করেন বলেও দাবি করেন তিনি।

আরিফুল জানান, তিনি কিছুদিন আগে কিডনি ট্রান্সপ্লান্ট করেছেন এবং তিনি একজন প্রতিবন্ধী ব্যক্তি। মারধরের ঘটনায় তিনি বুকে, মাথায়, হাতে ও কোমরে ব্যথা পেয়েছেন বলে জানান। ২৮ জুলাই মঙ্গলবার সকালে হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং বাসায় বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি থেরাপি নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে বলে জানান তিনি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও স্ট্যাটাস দিয়েছেন।

এদিকে, পুলিশ এ ঘটনায় আরও আসামি খুঁজছে বলে জানা গেছে। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানা গেছে।

ঘটনার বিষয়ে জাহাঙ্গীর সম্রাট ও তাজুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, সোমবার সন্ধ্যা আনুমানিক ৯টার দিকে ঘটনাটি ঘটে। তাদের ভাষ্য, ঘটনাস্থলে অনেক মানুষ উপস্থিত ছিলেন এবং সবাই পুলিশের জন্য অপেক্ষা করছিলেন, যাতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আইনগতভাবে বিষয়টির সমাধান করে। তবে পুলিশের উপস্থিতির আগেই মারধরের ঘটনা ঘটে বলে তারা জানান।

এদিকে, গ্রেফতার হওয়া দুই ব্যক্তিকে মঙ্গলবার সকালে আদালতে তোলা হয়েছে বলে জানা গেছে। আদালতের কার্যক্রম শেষে তাদের জামিনের বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা থাকলেও, এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কারও জামিন হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার তদন্ত চলছে। পুলিশ ভিডিও ফুটেজ ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেবে বলে জানা গেছে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)