যুক্তরাষ্ট্রে বসবাসরত লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার বাসিন্দাদের প্রাণপ্রিয় সংগঠন চন্দ্রগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গত ১২ জুলাই নিউইয়র্কেও হ্যাম্পস্টেড লেক স্টেট পার্কে দিনব্যাপী এ বনভোজনে সদস্যদের পরিবার-পরিজন ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।
প্রতি বছরের মতো এবারও বনভোজন উপলক্ষে শিশু-কিশোর ও নারী-পুরুষদের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্য সংগ্রহ অভিযান চলে দিনভর। এছাড়া বাংলাদেশ সেমিট্রি থেকে চন্দ্রগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জন্য কেনা কবরের জায়গা থেকে সদস্যদের মাঝে বিক্রি করা হয়।
বার্ষিক এ আয়োজনে যুক্তরাষ্ট্রের নানাপ্রান্ত থেকে ছুটে আসা প্রবাসী পরিবারগুলো দীর্ঘদিন পর দেখা হয়ে একে অপরের সঙ্গে খোশগল্পে মেতে ওঠে, আনন্দ ভাগাভাগি করে নেয়। দিনব্যাপী আয়োজনের ফাঁকে শুভেচ্ছা জানাতে অংশ নেন বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও। বিভিন্ন পর্বে খাবারের আয়োজন ছিল চোখে পড়ার মতো।
প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন বাংলাদেশ থেকে আগত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী।
সবশেষে অনুষ্ঠিত হয় আলোচনা, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। নজরুল ইসলামের সভাপতিত্বে এবং আহমেদ জুনায়েদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএস ইনকের সভাপতি জাহিদ মিন্টু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর নোয়াখালী সোসাইটির ট্রাস্টি নাজমুল হাসান মানিক, খোকন মোশারফ, আবুল কালাম, উপদেষ্টা মাইনুল উদ্দিন মাহবুব, সহ-সভাপতি তাজু মিয়া, লক্ষ্মীপুর জেলা সোসাইটির সভাপতি লিয়াকত আলী, কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ আলী প্রমুখ।
বনভোজনে সংহতি জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল, সেক্রেটারি মোহাম্মদ আলী, বৃহত্তর নোয়াখালী সোসাইটির সেক্রেটারি ট্রাস্টি বাবু রমেশ চন্দ্র দেবনাথ, সেক্রেটারি এএসএম মাইনউদ্দিন পিন্টু, চৌমুহনী ক্লাব ইউএসএর সভাপতি মোরশেদ আলম, সেক্রেটারি সাকিব করিমসহ বিভিন্ন সংগঠনের নেতারা।