দেশ পুনর্গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 29-07-2026

দেশ পুনর্গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে

পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকার বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে গেছে। দেশের প্রতিটি সেক্টর ধ্বংসস্তূপ। এ দেশকে এগিয়ে নিতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ দেশকে পুনর্গঠনে তারেক রহমান ৩১ দফা প্রণয়ন করেছে। সেই ৩১ দফা বাস্তবায়নে আমাদের কাজ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক কমিটির সদস্য এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইসরাফিল খসরু এসব কথা বলেন। গত ২৩ জুলাই সন্ধ্যায় জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি হলে নিউইয়র্ক দক্ষিণ বিএনপি আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

নিউইয়র্ক মহানগর বিএনপির দক্ষিণের সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বদিউল আলমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ড্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সরওয়ার উল আলম, অ্যাডভোকেট খায়রুল বশার, স্বেচ্ছাসেব দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, জাসাস যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সরওয়ার্দী, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছৈয়দুল হক, নিউইয়র্ক মহানগর বিএনপি দক্ষিণের সাংগঠননিক সম্পাদক আলমগীর মৃধা।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর বিএনপি দক্ষিণের সাবেক যুগ্ম আহ্বায়ক এমলাখ হোসেন ফয়সাল, মাবেক যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন নাসির, ব্রুকলিন বিএনপির সভাপতি গোলাম মাহমুদ, তারিখ চৌধুরী দীপু প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ইসরাফিল খসরু সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা যখন দেশে কথা বলতে পারিনি, তখন আপনারা কথা বলেছেন, আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। আপনাদের আন্দোলন-সংগ্রামে আমরা অনুপ্রাণিত হয়েছি। জনমত সৃষ্টিতে আপনাদের ভূমিকা কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না। তিনি বলেন, ৫ আগস্ট একদিনে ঘটেনি। এটা ১৭ বছরের আন্দোলনের ফসল। এজন্য সবচেয়ে বেশি ত্যাগ শিকার করেছেন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন মরহুম খালেদা জিয়া। তিনি বিনা দোষে জেলে গিয়েছেন, শাস্তি ভোগ করেছেন কিন্তু কোনোভাবেই মাথানত করেননি। তিনি বলেন, ৫ আগস্টের পরে আমরা ভাত এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছি। কিন্তু এখনো আমাদের সংগ্রাম শেষ হয়নি, এখন আমাদের দেশ গঠনে সংগ্রাম করতে হবে। আমাদের অর্থনীতি ভাল অবস্থানে নেই, প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, আমরা ক্ষমতায় নেই, আমরা দায়িত্বে আছি। এখনো ক্ষমতা মানুষের হাতে। মানুষ ভোট দিয়ে আমাদের দেশ পুনর্গঠনে দায়িত্ব দিয়েছে। গত ১৭ বছরে পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকার বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে গেছে। দেশের প্রতিটি সেক্টর ধ্বংসস্তূপ। এ দেশকে এগিয়ে নিতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ দেশকে পুনর্গঠনে তারেক রহমান ৩১ দফা প্রণয়ন করেছে। সে ৩১ দফা বাস্তবায়নে আমাদের কাজ করতে হবে। আমাদের বিচার বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গণমুখী করতে হবে। তিনি বলেন, এবার যে বাজেট দেওয়া হয়েছে এটা দেখলেই বোঝা যায়, এটা মানুষের কল্যাণের বাজেট, মানবমুখী বাজেট। তিনি বলেন, সবাইকে নিয়েই দেশ এগিয়ে নিতে হবে। তবে ফ্যাসিজমের বিচার অবশ্যই বাংলাদেশের মাটিতে হতে হবে। আমরা মিডিয়ার স্বাধীনতা চাই, মানুষ কন্ঠরোধ করতে চাই না। দেশ গঠনে আপনাদের ইনফুট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ডা. সারওয়ার উল আলম প্রবাসীদের আন্দোলন এবং রেমিট্যান্সের জন্য ধন্যবাদ জানান।

হাবিবুর রহমান সেলিম রেজা বলেন, আমরা প্রবাসীরা হালুয়া রুটি চাই না, আমরা আত্মসম্মান চাই। আপনি ক্রিকেট বোর্ডের পরিচালক হয়েছেন। আপনার কাছে আরজ পতিত সরকার প্রয়াত আরাফাত রহমান কোকোর হাতে গড়া ক্রিকেটকে ধ্বংস করে দিয়েছে, আশরা করি সেই ক্রিকেট আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে।

বদিউল আলম সবাইকে ধন্যবাদ জানান অনুষ্ঠান সফল এবং সার্থক করার জন্য। অনুষ্ঠানে নিউইয়র্ক মহানগর বিএনপির দক্ষিণসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং প্রধান অতিথিকে ফুল দিয়ে সবাই বরণ করে নেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)