নিউইয়র্কের কুইন্সের উডসাইড এলাকায় একটি এমটিএ কিউ-৬৬ বাসে দুই মুসলিম তরুণী যাত্রীকে ইসলামবিদ্বেষী মন্তব্য করে বক্স কাটার প্রদর্শন এবং শারীরিক হামলার হুমকি দেওয়ার ঘটনায় এক সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে নিউইয়র্ক সিটি পুলিশ (এনওয়াইপিডি)। ঘটনাটি বর্তমানে এনওয়াইপিডির হেট ক্রাইম টাস্কফোর্স তদন্ত করছে। পুলিশ জানায়, ১৬ জুলাই ২০২৬ সন্ধ্যা প্রায় ৬টার দিকে, কুইন্সের উডসাইড এলাকার নর্দার্ন বুলেভার্ড ও ৫১তম স্ট্রিট সংলগ্ন এলাকায় চলন্ত কিউ-৬৬ বাসে এ ঘটনা ঘটে। বাসে থাকা ১৯ ও ২১ বছর বয়সী দুই নারী যাত্রীকে লক্ষ্য করে এক অজ্ঞাত ব্যক্তি এগিয়ে এসে প্রথমে জিজ্ঞাসা করে, ”তোমরা কি মুসলিম?” এরপর সে বলে, ‘যদি তোমরা মুসলিম হও, তাহলে তোমাদের মুখে ঘুসি মারবো।’ একই সময় সে একটি বক্স কাটার বের করে দুই তরুণীকে ভয়ভীতি প্রদর্শন করে এবং শারীরিক সহিংসতার হুমকি দেয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সন্দেহভাজনের আচরণে বাসের অন্যান্য যাত্রীরাও আতঙ্কিত হয়ে পড়েন। তবে হামলার আগেই ওই ব্যক্তি বাস থেকে নেমে দ্রুত পালিয়ে যায়। ঘটনায় কেউ শারীরিকভাবে আহত না হলেও এতে ভুক্তভোগীদের মধ্যে তীব্র আতঙ্ক ও নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিকে সর্বশেষ একটি বেসবল ক্যাপ, কালো ট্র্যাকস্যুট জ্যাকেট এবং নীল জিন্স পরিহিত অবস্থায় দেখা গেছে। এনওয়াইপিডি তার ছবি প্রকাশ করে জনসাধারণের সহযোগিতা চেয়েছে।
প্রাথমিকভাবে ঘটনাটি এনওয়াইপিডির ১১৪তম প্রিসিঙ্কট তদন্ত শুরু করলেও, পরে মামলাটি এনওয়াইপিডির হেট ক্রাইম টাস্ক ফোর্সের কাছে হস্তান্তর করা হয়। তদন্তকারীরা ঘটনাটিকে সম্ভাব্য ঘৃণাজনিত অপরাধ (হেট ক্রাইম) হিসেবে তদন্ত করছেন। নিউইয়র্ক স্টেটের আইনে, কোনো ব্যক্তি যদি ধর্ম, জাতি, বর্ণ, জাতীয় পরিচয়, যৌন অভিমুখিতা বা অন্য কোনো সুরক্ষিত পরিচয়ের কারণে কাউকে লক্ষ্য করে অপরাধ সংঘটিত করেন, তবে সেটি হেট ক্রাইম হিসেবে অতিরিক্ত শাস্তিযোগ্য হতে পারে।
ঘটনার পর কেয়ার-নিউইয়র্ক তীব্র নিন্দা জানিয়ে বলেছে, মুসলিম বা মুসলিম বলে মনে করা হয়, এমন ব্যক্তিদের বিরুদ্ধে বিদ্বেষমূলক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সংগঠনটির নির্বাহী পরিচালক আফাফ নাশের এক বিবৃতিতে বলেন, কোনো মানুষই তার ধর্ম বা তাকে মুসলিম বলে মনে করার কারণে নিজের নিরাপত্তা নিয়ে ভয় পাওয়ার কথা নয়। একটি গণপরিবহনে অস্ত্র প্রদর্শন করে ইসলামবিদ্বেষী মন্তব্য করা শুধু ওই দুই নারীর ওপর হামলার হুমকি নয়, বরং নিউইয়র্কের নিরাপত্তা, বৈচিত্র্য এবং ধর্মীয় স্বাধীনতার মূল্যবোধের ওপরও আঘাত। আমরা প্রত্যক্ষদর্শী বা তথ্য জানেন এমন সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই, যাতে অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনা যায়।
একই সঙ্গে কেয়ার-নিউইয়র্ক সন্দেহভাজনের গ্রেফতার এবং দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে সহায়ক তথ্যের জন্য ১,০০০ ডলার পুরস্কার ঘোষণা করেছে।
সাম্প্রতিক বছরগুলোতে নিউইয়র্ক সিটিতে ধর্মীয় বিদ্বেষ, বিশেষ করে ইহুদি, মুসলিম, এশীয় এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে ঘৃণাজনিত ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নজরদারি বাড়িয়েছে। এনওয়াইপিডির হেট ক্রাইম টাস্ক ফোর্স এ ধরনের অভিযোগের দ্রুত তদন্ত এবং অভিযুক্তদের শনাক্ত করতে বিশেষভাবে কাজ করে থাকে। পুলিশ জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে, কেউ যদি সন্দেহভাজন ব্যক্তির পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানেন বা তাকে শনাক্ত করতে সক্ষম হন, তাহলে ক্রাইম স্টপার্স-এর ১-৮০০-৫৭৭-৮৪৭৭ নম্বরে ফোন করতে পারেন।