ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি


বিশেষ প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 07-08-2026

ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি  বেশি

হামের প্রাদুর্ভাবঃ

শিশুদের নিরাপদ স্বাস্থ্য, পরিবেশ ও বাসযোগ্য নগর নিশ্চিতকরণে সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন 
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)। সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক মু. মোসলেহ উদ্দীন হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি তুলনামূলকভাবে বেশি হতে পারে। 

 এতে আরও বলা হয় যে,
শিশুদের জন্য সুচিকিৎসা নিশ্চিত করা যেমন নাগরিক অধিকারের একটি মৌলিক চাহিদা, তেমনি তাদের সুস্থ ও নিরাপদভাবে বেড়ে ওঠার জন্য নিরাপদ পরিবেশ, প্রতিবেশ এবং পরিকল্পিত নগর ও গ্রামীণ পরিসর নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের জন্য নিরাপদ ও বাসযোগ্য শহর ও গ্রামীণ পরিবেশ গড়ে তুলতে সুষ্ঠু নগর ও অঞ্চল পরিকল্পনার কোনো বিকল্প নেই বলে মনে করে দেশের নগর, অঞ্চল ও গ্রামীণ পরিকল্পনাবিদদের জাতীয় পেশাজীবী প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)।

সাম্প্রতিক সময়ে দেশে হামের প্রাদুর্ভাব এবং এতে শিশুদের আক্রান্ত ও মৃত্যুর ঘটনায় বিআইপি গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করছে। শিশুদের স্বাস্থ্যঝুঁকি ও অকালমৃত্যুর মতো পরিস্থিতি প্রতিরোধে যথাযথ চিকিৎসা ও জনস্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও বাসযোগ্য নগর ও গ্রামীণ পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করার বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছে বিআইপি।

বিআইপি মনে করে, শিশুদের স্বাস্থ্য সুরক্ষা কেবল হাসপাতাল ও চিকিৎসাসেবার মধ্যে সীমাবদ্ধ নয়। নিরাপদ পানি ও স্যানিটেশন, স্বাস্থ্যসম্মত আবাসন, পর্যাপ্ত খোলা ও সবুজ স্থান, নিরাপদ চলাচলের ব্যবস্থা, যানবাহন নিয়ন্ত্রণ, দূষণমুক্ত পরিবেশ এবং জনস্বাস্থ্যসেবার সহজপ্রাপ্যতা—এসব বিষয় একটি শিশুবান্ধব নগর ও জনপদের অপরিহার্য উপাদান। পরিকল্পিত নগরায়ণ ও কার্যকর ভূমি ব্যবহার পরিকল্পনার মাধ্যমে এসব সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব।

বিশেষ করে ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি তুলনামূলকভাবে বেশি হতে পারে। তাই নগর ও আঞ্চলিক পরিকল্পনায় শিশুদের স্বাস্থ্য, নিরাপত্তা ও কল্যাণকে অগ্রাধিকার দিয়ে Child-Sensitive Planning বা শিশুবান্ধব পরিকল্পনা কাঠামোকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

এক্ষেত্রে, দেশের নগর ও গ্রামীণ এলাকায় শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে স্বাস্থ্য, স্থানীয় সরকার, নগর ও অঞ্চল পরিকল্পনা, পরিবেশ এবং অন্যান্য সংশ্লিষ্ট খাতের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলার আহ্বান জানাচ্ছে বিআইপি। একই সঙ্গে শহর ও প্রত্যন্ত গ্রাম—সব এলাকার শিশুদের জন্য মানসম্মত ও সহজপ্রাপ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য বিআইপি জোর দাবি জানাচ্ছে।

বিআইপি মনে করে, শিশুদের জন্য নিরাপদ নগর ও গ্রামীণ পরিবেশ নিশ্চিত করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, নগর ও অঞ্চল পরিকল্পনাবিদ, প্রকৌশলী, পরিবেশবিদ এবং অন্যান্য সংশ্লিষ্ট অংশীজনের মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে দেশের প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকাগুলোতেও মানসম্মত শিশুস্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

সাম্প্রতিক হামের প্রাদুর্ভাবকে শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তার প্রতি আরও গভীরভাবে মনোযোগ দেওয়ার একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হিসেবে বিবেচনা করে বিআইপি। শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার অধিকার নিশ্চিত করতে মানসম্মত চিকিৎসাসেবা, প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থা এবং নিরাপদ ও পরিকল্পিত বসতিপরিবেশ—এই তিনটি বিষয়কে সমন্বিতভাবে বিবেচনা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে বিআইপি।

বিআইপি বিশ্বাস করে, শিশুদের সুস্থতা নিশ্চিত করা শুধু স্বাস্থ্যখাতের দায়িত্ব নয়; এটি একটি সমন্বিত নগর, অঞ্চল ও জনস্বাস্থ্য পরিকল্পনার বিষয়। আজকের শিশুদের জন্য নিরাপদ, স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করাই আগামী দিনের একটি সুস্থ, মানবিক ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার অন্যতম ভিত্তি।
 

প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)