ঢাকাসহ দেশে যানজট আদৌ উন্নত হয়নি


সালেক ‍সুফী , আপডেট করা হয়েছে : 26-08-2026

ঢাকাসহ দেশে যানজট আদৌ উন্নত হয়নি

রাষ্ট্রীয় ক্ষমতায় এসেই ন্যূনতম সময়েই ঢাকার যানজট নিরসনে দৃশ্যমান উন্নতি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন নতুন প্রধানমন্ত্রী। তার কিছু উক্তি ছিল ঢাকার যানজট উন্নয়নে বিগত আওয়ামী লীগ সরকারের কোন কাজ নাকি তার চোখে পড়েনি। ভেবে দেখুন মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে, বেশ কিছু উড়াল সড়ক স্থাপিত হয়েছিল শেখ হাসিনা সরকারের আমলে। সেই সরকারের আমলে অগ্রবর্তী থাকা এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ের অবশিষ্ট অংশ এবং মেট্রোরেল প্রকল্পের অবশিষ্ট অংশ কেন দুই বছরে শেষ হলো না? কেন আব্দুল্লাহপুর-আশুলিয়া-টাঙ্গাইল মহাসড়ক পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেস নির্মাণকাজ স্থবির হয়েছিল? কবে চালু হবে হজরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল? আপনারা যারা শেখ হাসিনার কার্যকালকে স্বৈরাচার নিয়ন্ত্রিত ব্যর্থ সরকার বলে আত্মতৃপ্তি পেয়ে থাকেন তাদের উদ্দেশেই উপরের প্রশ্নগুলো।

ঢাকার রাজপথজুড়ে দাপট করছে ব্যাটারি চালিত অটোরিকশাগুলো। এগুলো শুধু যানজট করছে তাই না সড়ক দুর্ঘটনার ক্ষেত্রেও যমদূতে পরিণত হচ্ছে। রাতের আঁধারে চোরাই পদ্ধতিতে বিদ্যুৎ চুরি করে বিদ্যুৎ সরবরাহ সিস্টেমে সংকট ঘনীভূত করছে। সরকার হারাচ্ছে রাজস্ব। নতুন সরকার বাংলাদেশের তথাকথিত টেসলার চলাচলে শৃঙ্খলা আনতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করতে পারে। বৈদ্যুতিক যানবাহন পরিকল্পনা করে বাস ট্র্যাকসহ গণপরিবহন বিদ্যুৎ চালিত বাহনে রূপান্তর করলে ডিজেল, সিএনজি ব্যবহারে নিয়ন্ত্রণ আসবে। ঢাকায় এবং আন্তঃজেলা সড়কসমূহে সোলার বিদ্যুৎ ব্যাটারি রেচারজিং স্টেশন স্থাপনের ব্যাপক সুযোগ রয়েছে।

আমি ঢাকা থেকে শ্রীপুর পর্যন্ত এবং পরবর্তীতে ঢাকা থেকে আশুগঞ্জ হয়ে ব্রাহ্মণবাড়িয়া ভ্রমণ করেছি। ঢাকা থেকে ৩০০ ফুট সড়ক দিয়ে ঢাকা বাইপাস সড়ক দিয়ে শ্রীপুর ভ্রমণকালে বাস্তবায়নধীন সুন্দর সড়ক দেখেছি। তবে বেপরোয়া গাড়ি চালনার কারণে গাজীপুরে একটি মারাত্মক সড়ক দুর্ঘনা দেখেছি। অন্যদিকে তিতাস গ্যাস ক্ষেত্রে চীনা কোম্পানির গ্যাস কূপ খননকাজ পরিদর্শন শেষে ফেরার পথে মারাত্মক সড়ক দুর্ঘটনা দেখে আমার সহযাত্রী আতঙ্কিত হয়ে পড়েছেন। আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত আধুনিক সড়ক নির্মাণকাজ অন্তর্বর্তী সরকার স্থগিত না হলে সড়কটি ইতিমধ্যে শেষ হয়ে যেতো।

আমি আশা করি, বর্তমান সরকার নিবিড়ভাবে মনিটরিং করে আশুলিয়া-আখাউড়া এবং ঢাকা সিলেট ছয় লেন মহাসড়ক নির্মাণকাজ শেষ করতে চেষ্টা করবে। একইভাবে ঢাকা সিটি বাইপাস নির্মাণকাজ, মেট্রোরেল প্রকল্পগুলো, ঢাকা এলিভেটেড এক্সপ্রেস কাজ শেষ করার সমন্বিত উদ্যোগ নেবে। দেখলাম আমাদের বুয়েট বন্ধু নিজেকে ইঞ্জিনিয়ার দাবি করে আওয়ামী লীগ আমলে সড়ক নির্মাণ বিষয়ে উষ্মা প্রকাশ করেন। অবশ্যই বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত বাস র‌্যাপিড ট্রানজিট নির্মাণ প্রকল্প নির্মাণ পরিকল্পনা, ঠিকাদার নিয়োগ এবং নির্মাণকাজে ব্যাপক দুর্নীতি হয়েছে। কিছু মানুষকে বিচার করে সাজা দেওয়ার দাবিকে আমিও সমর্থন করি।

সরকার দ্রুত ঢাকা এবং ঢাকার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ ব্যাবস্থায় উন্নয়ন সাধন না করলে দেশে কোনো খাতেই বিদেশি বিনিয়োগ আশা করা দূরাশায় পরিণত হবে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)