মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 26-08-2026

মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা

মিশিগানের ওক পার্ক সিটির এক সাবেক মুসলিম নারীকর্মী তামারা সালুম কর্মক্ষেত্রে ধর্মীয় ও জাতিগত বৈষম্য, যৌন হয়রানি, প্রতিশোধমূলক আচরণ এবং ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে সিটির বিরুদ্ধে মামলা করেছেন। ইরাকি বংশোদ্ভূত তামারা সালুম অকল্যান্ড কাউন্টি সার্কিট কোর্টে দায়ের করা মামলায় সিটি, তার সাবেক এক সুপারভাইজার এবং দুই সহকর্মীকে আসামি করেছেন।

মামলায় সালুম অভিযোগ করেছেন, কর্মক্ষেত্রে মুসলিম ও মধ্যপ্রাচ্যের বংশোদ্ভূত মানুষদের নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে এবং তার ধর্মীয় পরিচয় ও চর্চাকে কেন্দ্র করে তাকে হয়রানি করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে কর্মক্ষেত্রে মিথ্যা, আপত্তিকর ও যৌন প্রকৃতির মন্তব্য করার অভিযোগও রয়েছে। সালুম ২০২৪ সালের জুনের দিকে ওক পার্ক সিটিতে রেকর্ডস ক্লার্ক হিসেবে কাজ শুরু করেন। তার দায়িত্বের মধ্যে ফ্রিডম অব ইনফরমেশন অ্যাক্ট বা এফওআইএ অনুরোধ প্রক্রিয়াকরণ, অস্ত্রের পারমিট এবং অন্যান্য সরকারি রেকর্ড ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত ছিল।

মামলায় তার অভিযোগগুলোর মধ্যে রয়েছে, কর্মক্ষেত্রে মুসলিম এবং মধ্যপ্রাচ্যের বংশোদ্ভূত মানুষদের নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয় এবং এসব মন্তব্যের কারণে তিনি ধর্ম ও জাতীয় বংশোদ্ভূত পরিচয়ের ভিত্তিতে বৈষম্যের শিকার হন। মামলায় আরো অভিযোগ করা হয়েছে, সালুমের অতীতে যৌন নিপীড়নের শিকার হওয়ার গোপন তথ্য তার সাবেক সুপারভাইজার কোনোভাবে সংগ্রহ করে একজন পুলিশ কর্মকর্তার কাছে প্রকাশ করেন। অভিযোগ অনুযায়ী, ওই তথ্য সালুম সিটিতে চাকরি শুরু করার আগের সময়ের সঙ্গে সম্পর্কিত ছিল।

সালুমের দাবি, তার সংবেদনশীল ব্যক্তিগত তথ্য পাওয়ার ক্ষেত্রে সিটির ডেটাবেসের অনুপযুক্ত বা সম্ভাব্য অপব্যবহার করা হয়ে থাকতে পারে। মামলায় আরো অভিযোগ করা হয়েছে, তার কর্মী ফাইলে থাকা জন্মতারিখসহ ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে দেখানো হয়। দুই সহকর্মী তার সম্পর্কে কর্মক্ষেত্রে মিথ্যা, মানহানিকর ও আপত্তিকর যৌন মন্তব্য করেছেন বলেও মামলায় অভিযোগ করা হয়েছে। বৈষম্য ও হয়রানির অভিযোগ জানানোর পর তার কাজের দায়িত্ব কমিয়ে দেওয়া, ওভারটাইম ছাড়া কাজের সময়সূচি নির্ধারণ এবং তার ফ্যামিলি অ্যান্ড মেডিকেল লিভ অ্যাক্ট বা এফএমএলএ ছুটিকে ‘চাকরি পরিত্যাগ’ হিসেবে গণ্য করার হুমকি দেওয়া হয় বলে সালুম অভিযোগ করেছেন। সালুমের দাবি, তিনি ২০২৫ সালের মে মাসের শুরু থেকেই মানবসম্পদ বিভাগ ও সিটি ব্যবস্থাপনার কাছে এসব বিষয় জানান। কিন্তু তার অভিযোগ অনুযায়ী, কর্তৃপক্ষ কার্যকর কোনো শাস্তিমূলক বা সংশোধনমূলক ব্যবস্থা নেয়নি।

মামলায় বলা হয়েছে, সালুম ২০২৫ সালের ১৫ আগস্ট থেকে এফএমএলএ ছুটিতে যান এবং বর্তমানে তার মানসিক স্বাস্থ্যসংক্রান্ত চিকিৎসা অব্যাহত রয়েছে। তিনি ধর্মীয় বৈষম্য ও প্রতিশোধমূলক আচরণের অভিযোগে মিশিগান ডিপার্টমেন্ট অব সিভিল রাইটস এবং ইকুয়াল এমপ্লয়মেন্ট অপরচুনিটি কমিশনেও অভিযোগ করেন। গত ১৭ ফেব্রুয়ারি মিশিগান ডিপার্টমেন্ট অব সিভিল রাইটস অভিযোগটি খারিজ করে জানায়, অভিযোগ এগিয়ে নেওয়ার মতো পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি।

মামলায় সালুম এলিয়ট-লারসেন সিভিল রাইটস অ্যাক্ট এবং ফ্যামিলি অ্যান্ড মেডিকেল লিভ অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগ এনেছেন। এর পাশাপাশি ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন ও মানহানির অভিযোগও করা হয়েছে। সালুমের পক্ষে কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস-মিশিগানের প্রধান স্টাফ অ্যাটর্নি অ্যামি ভি. দুকুরে বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোকে কর্মক্ষেত্রে বৈষম্য ও হয়রানি প্রতিরোধে জবাবদিহির আওতায় থাকতে হবে। তার মতে, কোনো কর্মীকেই জীবিকা রক্ষা এবং মর্যাদা ও সম্মানের সঙ্গে আচরণ পাওয়ার অধিকারের মধ্যে একটি বেছে নিতে হওয়া উচিত নয়।

ওক পার্ক সিটি জানিয়েছে, বৈষম্যের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। সিটির যোগাযোগ ও জনতথ্য পরিচালক ব্রিটানি এম. টথ বলেন, ব্যক্তিগত গোপনীয়তা, পেশাদার আচরণ, কর্মক্ষেত্রের পরিবেশ ও বৈষম্যসংক্রান্ত সব অভিযোগ সিটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। তিনি আরো বলেন, সালুমের আগের অভিযোগ মিশিগান ডিপার্টমেন্ট অব সিভিল রাইটসের তদন্তে পর্যালোচনা করা হয়েছিল এবং সংস্থাটি পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় অভিযোগটি খারিজ করেছে। তার ভাষায়, সিটি এখনো নতুন মামলার আনুষ্ঠানিক নোটিশ পায়নি। বিচারাধীন মামলা হওয়ায় এ বিষয়ে এর বেশি মন্তব্য করবে না সিটি। মামলায় করা অভিযোগগুলো এখনো আদালতে প্রমাণিত হয়নি। মামলার পরবর্তী কার্যক্রমে উভয়পক্ষের বক্তব্য ও প্রমাণ পর্যালোচনা করে আদালত বিষয়টির নিষ্পত্তি করবে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)