ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 02-09-2026

ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক

ইসরায়েলের গাজা যুদ্ধের সমালোচনা বা ফিলিস্তিনপন্থী মতপ্রকাশের কারণে বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টা অসাংবিধানিক বলে রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের নর্দার্ন ডিস্ট্রিক্ট অব ক্যালিফোর্নিয়ার ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক নোয়েল ওয়াইজ। গত ২৮ আগস্ট দেওয়া ৯০ পৃষ্ঠার রায়ে বিচারক ওয়াইজ বলেন, ট্রাম্প প্রশাসন অভিবাসন আইনের কিছু বিধান ব্যবহার করে বিদেশি শিক্ষার্থীদের মতপ্রকাশের কারণে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নিয়েছে, তা সংবিধানের প্রথম ও পঞ্চম সংশোধনীতে সুরক্ষিত অধিকার লঙ্ঘন করেছে।

মামলাটি করে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ন্ডিপেন্ডেন্ট স্টুডেন্ট নিউজ পেপার দ্য স্ট্যানফোর্ড ডেইলি। সংবাদপত্রটি জানায়, যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসায় থাকা কিছু বিদেশি শিক্ষার্থী ফিলিস্তিনপন্থী বিক্ষোভ এবং ইসরায়েলের গাজা অভিযান নিয়ে প্রতিবেদন করতে ভয় পাচ্ছিলেন। বহিষ্কারের আশঙ্কায় কেউ কেউ প্রতিবেদন লেখা, অ্যাসাইনমেন্ট নেওয়া কিংবা লেখা প্রকাশ থেকে বিরত ছিলেন।

বিচারক ওয়াইজ তার রায়ে বলেন, মতপ্রকাশের স্বাধীনতা কেবল সরকারের সঙ্গে একমত হওয়া মতপ্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি বলেন, সরকারের নীতির সমালোচনা করলে যদি মানুষকে অভিবাসন-সংক্রান্ত শাস্তির ভয় করতে হয়, তাহলে মতপ্রকাশের স্বাধীনতা কার্যত অর্থহীন হয়ে পড়ে। রায়ে বলা হয়, নাগরিকদের পাশাপাশি অনাগরিকরাও যুক্তরাষ্ট্রে অবস্থানকালে প্রথম সংশোধনীর অধীনে মতপ্রকাশের অধিকার ভোগ করেন। সরকারের অভিবাসন ও পররাষ্ট্রনীতিতে বিস্তৃত ক্ষমতা থাকলেও সে ক্ষমতা এমনভাবে প্রয়োগ করা যাবে না, যাতে সাধারণ মানুষ বুঝতে না পারে কোন বক্তব্য বা আচরণ আইনসংগত।

ট্রাম্প প্রশাসন এর আগে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিল। প্রশাসনের কর্মকর্তারা অনেক বিক্ষোভকারীকে হামাসের সমর্থক বা সহানুভূতিশীল হিসেবে আখ্যায়িত করে ভিসা বাতিল ও বহিষ্কারের হুমকি দিয়েছিলেন। আদালতের রায়ে ২০২৫ সালের মার্চে ফিলিস্তিনপন্থী বক্তব্য এবং ইসরায়েলের কর্মকাণ্ডের সমালোচনার কারণে অভিবাসন কর্তৃপক্ষের নেওয়া পদক্ষেপের কথাও উল্লেখ করা হয়েছে।

বিচারক ওয়াইজ বলেন, ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ভয়ের পরিবেশ তৈরি করেছে। দ্য স্ট্যানফোর্ড ডেইলির আইনগতভাবে অবস্থানরত বিদেশি শিক্ষার্থীরা চাকরি ছেড়েছেন, প্রতিবেদন প্রকাশ থেকে বিরত থেকেছেন এবং অভিবাসন-সংক্রান্ত নেতিবাচক পরিণতির আশঙ্কায় পরিচয় গোপন রাখার অনুরোধ করেছেন বলেও রায়ে উল্লেখ করা হয়। দ্য স্ট্যানফোর্ড ডেইলির প্রধান সম্পাদক জর্জ পোরটিয়াস রায়কে স্বাগত জানিয়ে বলেন, সংবাদকক্ষে কাজ করা সাংবাদিকদের কোনো প্রতিবেদন লেখার কারণে বহিষ্কারের ভয় পাওয়া উচিত নয়। ফাউন্ডেশন ফর ইন্ডিভিজুয়াল রাইটস অ্যান্ড এক্সপ্রেশনের আইনজীবী কনর ফিটজপ্যাট্রিকও রায়ের প্রশংসা করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে মতপ্রকাশের স্বাধীনতা শুধু সরকারের সঙ্গে একমত হওয়া ব্যক্তিদের জন্য নয়।এর আগে বোস্টনের এক ফেডারেল বিচারকও ফিলিস্তিনপন্থী অবস্থান ও ইসরায়েলের সমালোচনার কারণে অনাগরিকদের বহিষ্কারের প্রচেষ্টাকে অসাংবিধানিক বলে রায় দিয়েছিলেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)