নিউইয়র্কে ৪০তম ফোবানার সফল সমাপ্তি, আগামীতে ওয়াশিংটন


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 10-09-2026

নিউইয়র্কে ৪০তম ফোবানার সফল সমাপ্তি, আগামীতে ওয়াশিংটন

নিউইয়র্কে ৪০তম ফোবানার সফল সমাপ্তি হয়েছে। আগামী বছর ৪১তম ফোবানা অনুষ্ঠিত হবে ওয়াশিংটন ডিসিতে। তিন দিনব্যাপী এ সম্মেলন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ কর হয়েছে। এ সম্মেলনে ছিল আলোচনা, সেমিনার, টকশো এবং সাংস্কৃতিক পরিবেশনা। সম্মেলনে দিনের বেলায় মানুষের উপস্থিতি একটু কম থাকলেও সন্ধ্যায় মানুষজনের অংশগ্রহণে অডিটোরিয়াম ভর্তি দেখা যায়। এটা আসলে অনুষ্ঠিতব্য আরো চারটি ফোবানা সম্মেলনের বেলাতেও প্রযোজ্য। নিউইয়র্কে অনুষ্ঠিত ফোবানার পরবর্তী নির্বাহী কমিটির কর্মকর্তারা হলেন : চেয়ারম্যান-জাকারিয়া চৌধুরী, এক্সিকিউটিভ সেক্রেটারি-দেওয়ান মনিরুজ্জামান, সিনিয়র ভাইস চেয়ারম্যান নূরল আমিন বাবু, ভাইস চেয়ারম্যান শফিকুল আলম, যুগ্ম এক্সিকিউটিভ সেক্রেটারি সুব্রত তালুকদার ও মাহমুদুল হাসান, ট্রেজারার-সাজ্জাদুল হাসান।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করে নিউইয়র্কে শুরু হল ৩ দিনের ফোবানা কনভেনশন২০২৬। গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় নিউইয়র্কের লংআইল্যান্ড সিটির ইভানজেল ক্রিস্টিয়ান সেন্টার অডিটোরিয়ামে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও কানাডার জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় বঙ্গবন্ধু ফোবানা কনভেনশন২০২৬।

এরপর আগত অতিথিদের নিয়ে আয়োজক কমিটির নেতৃবৃন্দ জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ৪০তম ফোবানার আয়োজক কমিটির আহবায়ক নূরল আমিন বাবুর পরিচালনায় এ সময় সবাইকে স্বাগত জানিয়ে বক্তৃতা করেন ফোবানা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী।

এ সময় শুভেচ্ছা বক্তৃতা করেন ফোবানার প্রধান উপদেষ্টা একুশে পদকপ্রাপ্ত বিজ্ঞানী, গবেষক, লেখক ড. নূরুন নবী, সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সাবেক হুইপ নজরুল ইসলাম বাবু, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ফরিদা ইয়াসমিন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ফোবানা কেন্দ্রীয় কমিটির নির্বাহী মহাসচিব দেওয়ান মনিরুজ্জামান, ফোবানা আয়োজক কমিটির চিফ পেট্রন শফিকুল আলম, সদস্য সচিব মনজুর কাদেরসহ অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের স্থপতি। তাকে বাদ দিয়ে বাংলাদেশ কল্পনাও করা যায়না। কিন্তু আজ দেশে সেই চেষ্টাই করা হচ্ছে। তার স্মৃতি মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। কিন্তু বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ কখনও তা হতে দেবেনা। তারা বলেন, এই ফোবানা কনভেনশন বঙ্গবন্ধুকে উৎসর্গ করে একটি যুগোপযোগী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেজন্য বক্তারা, আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান। পরে ৪০তম ফোবানার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ফোবানা আয়োজক কমিটির আহবায়ক নূরুল আমিন বাবু। এ সময় গোটা অডিটোরিয়ামে উপস্থিত দর্শক-শ্রোতা করতালির মাধ্যমে এই ঘোষণাকে স্বাগত জানান। শুভেচ্ছা বক্তৃতার পর ছিল থিম সং।

এটি পরিবেশন করেন শিল্পী শাহ মাহবুব ও বিন্দু কনা। উল্লেখ্য, থিম সং টি লিখেছেন বিশিষ্ট লেখক, সাহিত্যিক হুমায়ূন কবির ঢালী। আর সুর করেছেন ইবরার টিপু। দিনের সবচেয়ে দৃষ্টিনন্দন ইভেন্ট ছিল বিপা পরিবেশিত গীতিনাট্য ‘জয় বাংলা’। এতে অংশ নেন বিপার শিল্পীরা। পরিচালনায় ছিলেন বিপার সহপ্রতিষ্ঠাতা এ্যানি চৌধুরী এবং আর ধারা বর্ণনায় ছিলেন জেরিন মাইশা। ৪০তম ফোবানার প্রথম দিনে নিজ নিজ ক্ষেত্রে অবদানের জন্য বিপার দুই সহপ্রতিষ্ঠাতা যথাক্রমে সেলিমা আশরাফ ও এ্যানি চৌধুরী এবং শিল্পী দিনাত জাহান মুন্নির হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। 

সবশেষে ছিল সংগীতানুষ্ঠান। সংগীত পরিবেশন করেন সেলিমা আশরাফ, দিনাত জাহান মুন্নি, আলভান চৌধুরী এবং জেরিন মাইশা। বিপুলসংখ্যক মানুষ প্রথম দিনের নানা আয়োজন উপভোগ করেন। প্রথম দিনের আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আব্দুল হামিদ, মিনহাজ আহমেদ, গোপাল স্যান্যাল, শিবলী সাদিক, পিনাকি তালুকদার, রামস্বামী ঘরামি, লিটু আনামসহ অনেকে। প্রথম দিনের অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন নিউইয়র্কের জনপ্রিয় উপস্থাপক শারমিনা সিরাজ সোনিয়া।

দ্বিতীয় এবং তৃতীয় দিনেও ছিল আলোচনা, কবিতা আবৃতি, সেমিনার, সম্মাননা প্রদান এবং সঙ্গীত পরিবেশনা। তৃতীয় দিনে আলোচিত ছিল কার্যনির্বাহী কমিটির নির্বাচন এবং আগামী বছরের ফোবানা সম্মেলনের স্পট। এবারও চেয়ারম্যান নির্বাচিত হন জাকারিয়া চৌধুরী, এক্সিকিউটিভ সেক্রেটারি দেওয়ান মনিরুজ্জামান। চমক ছিল সিনিয়র ভাইস চেয়ারম্যান নূরল আমিন বাবু, ভাইস চেয়ারম্যান শফিকুল আলম, যুগ্ম এক্সিকিউটিভ সেক্রেটারি সুব্রত তালুকদার ও মাহমুদুল হাসান, ট্রেজারার-সাজ্জাদুল হাসান।

এবারের সম্মেলন সফল এবং সার্থক করার জন্য চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী সম্মেলনে যোগদানের আহ্বান জানান।

উল্লেখ্য, চার খণ্ডে বিভক্ত ফোবানার (ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েন্স ইন নর্থ আমেরিকা) ব্যানারে আগামী বছর ৪১তম সম্মেলন হবে চার সিটিতেই। ঐক্যের স্লোগানে কর্মরত ফোবানা অনৈক্যের অভিশাপ থেকে মুক্তি পাওয়ার কোনো লক্ষণ এবারও দেখা যায়নি। উল্লেখ্য, এবারের লেবার ডে উইকেন্ডে (৪-৬ সেপ্টেম্বর) নিউইয়র্ক, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া এবং কানাডার টরন্টোতে ফোবানা সম্মেলন হলো। সেসব সম্মেলনের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছর লেবার ডে উইকেন্ডে ফোবানার আসর বসবে ওয়াশিংটন ডিসিতে ‘ইউএস-বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশন’, নিউইয়র্ক সিটিতে ‘বাংলাদেশ লীগ অব আমেরিকা’ এবং টেক্সাসের হিউস্টন সিটিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের উদ্যোগে। টরন্টোতে অনুষ্ঠিত সম্মেলনের পক্ষ থেকে এখনো পরবর্তী সম্মেলনের হোস্ট সিটি ঘোষণা করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে সেটি নিউইয়র্ক স্টেটের বাফেলোতে হতে পারে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)