বাংলাদেশ সোসাইটির আয় ১ লাখ ৩৯ হাজার ডলার


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 10-09-2026

বাংলাদেশ সোসাইটির আয় ১ লাখ ৩৯ হাজার ডলার

আগামী ২৫ অক্টোবর প্রবাসের মাদার সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। সেই তফসিল অনুযায়ী গত ৬ সেপ্টেম্বরছিল মনোনয়নপত্র দাখিল। মনোনয়নপত্র গ্রহণ করা হয় উডসাইডের কুইন্স প্যানেলে।মনোনয়নপত্র দাখিলের সময় বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত থাকলেও মূলত সন্ধ্যা ৭টা পর থেকেই লোকজন আসতে থাকে। এবারের নির্বাচনে দটো প্যানেল সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছে। সেই সঙ্গেদুজন স্বতন্ত্রী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র গ্রহণ করেন নির্বাচন কমিশনের সদস্যরা। যার মধ্যে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের। নির্বাচন কমিশনের সদস্য রুহুল আমিন সরকার, আহবাব চৌধুরী খোকন, বদরুল হোসেন খান, শামসুদ্দীন আজাদ, মিয়া মোহাম্মদ দুলাল ও মিঠু হামিদ। প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের জানিয়েছেন ৪৮টি মনোনয়নপত্র বিক্রি করে আয় হয়েছিল ২৪ হাজার ডলার। আর ৪৪টি মনোনয়নপত্র গ্রহণ করে আয় হয়েছিল ১ লাখ ১৫ হাজার ডলার। মনোনয়নপত্র বিক্রি এবং দাখিল করে আয় হয়েছে ১ লাখ ৩৯ হাজার ডলার। মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ হচ্ছে আগামী ১০ সেপ্টেম্বর এবং চূড়ান্ত প্রার্থিতা ঘোষণা করা হবে ১১ সেপ্টেম্বর। এরপরই নির্বাচনের চূড়ান্ত প্রচারণা শুরু হবে। উভয় প্যানেল থেকে ২১টি মনোনয়নপত্র জমা দেয়া হয়। তবে এবার প্যানেল গঠনে ভাঙ্গাপড়ার খেলাও হয়েছে। গত বারের সেলিম-আলী প্যানেলের পাঁচজন প্রার্থী কুনু-ফিরোজ প্যানেলের সঙ্গে যোগ দিয়েছেন। আবার দুজন প্রার্থী অনাকাঙ্খিতভাবে বাদ পড়েছেন কারো কারো অনুরোধের ঢেঁকি গিলতে গিয়ে।কুনু-ফিরোজ প্যানেলে গিয়েছেন আবুল কালাম ভূঁইয়া, মফিজুল ইসলাম ভূইয়া রুমি, আকতার বাবুল, আনসারি, এ সিদ্দিক পাটোয়ারী। বলি হয়েছেন স্কুল ও শিক্ষা বিষয়ক হাসান জিলানী ও সদস্য আবুল কাশেম চৌধুরী।

গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যা থেকেই উভয় প্যানেলের প্রার্থী এবং সমর্থকরা ব্যানার ও ফেস্টুন হাতে স্লোগান দিতে দিতে অডিটোরিয়ামে প্রবেশ করেন। তবে এবারের নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের দিনই দেখা গেল শোআপের প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় উভয় প্যানেলই সক্রিয় ছিল। বলা যায়, কেউ কারে নাহি হারে সমানে সমান। তবে স্লোগানে স্লোগানে পুরো কুইন্স প্যালেসে এবং তার সামনে উত্তেজনা সৃষ্টি হয়। এক স্লোগান দিলে অপর পক্ষও স্লোগান দেয়া শুরু করে। যে কারণ নির্বাচন কমিশন এবং প্রতিদ্বন্দ্বী সভাপতি প্রার্থীদের তাদের সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানান। অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনারও ছিলেন বেশ তৎপর। তিনি তার আসন থেকে উঠে পরিস্থিতির সুন্দরভাবে নিয়ন্ত্রণ করেন।

প্রথমেই মনোনয়নপত্র দাখিল করার জন্য অডিটোরিয়ামে প্রবেশ করেন কুনু-ফিরোজ প্যানেলের প্রার্থীরা। নিয়ম অনুযায়ী তারাই প্রথম তাদের মনোনয়নপত্র দাখিল করেন। সভাপতি প্রার্থী আজম হোসেন কুনুর পর সবাই পদের সিরিয়াল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল করেন। এই প্যানেলের পক্ষ থেকে ২১ জন প্রার্থী তাদের মনোয়ন পত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিল শেষে তারা নির্বাচন কমিশনের সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন। এ প্যানেলের প্রার্থীরা হলেন—সভাপতি আজমল হোসেন কুনু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, সিনিয়র সহ-সভাপতি দুলাল বেহেদু, সহ-সভাপতি আবুল কালাম ভূইয়া, সহ-সাধারণ সম্পাদক নওশাদ হোসেন, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি, সাংগঠনিক সম্পাদক জামিল আনসারী, সাংস্কৃতিক সম্পাদক রুশদী আহমেদ চৌধুরী, প্রচার সম্পাদক সাঈদ গাউছুস আলম, সমাজ কল্যাণ সম্পাদক কয়েস আহমেদ, সাহিত্য সম্পাদক বাবুল আকতার, ক্রীড়া সম্পাদক মোর্শেদ আলম, স্কুল ও শিক্ষাবিষয়ক সম্পাদক মাঈন উদ্দীন নাটু, মহিলাবিষয়ক সম্পাদক মেহের বেগম চৌধুরী, যুব ও আইটি বিষয়ক সম্পাদক কাজী হাসান এবং কার্যকরী সদস্য—সিরাজুদ্দৌলা হক (বাশার ভূঁইয়া), এবি সিদ্দিক পাটোয়ারি, প্রফেসর আব্দুল বাসির, মাছুদুল হক সানু, মোহাম্মদ কায়সার আলম, মোহাম্মদ এম ইসলাম (মনিরুল ইসলাম)। মনোনয়নপত্র জমা দেয়ার সময় কুনু-ফিরোজ প্যানেলের সমর্থকরা ছাড়াও তাদের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এই প্যানেলের পর মনোনয়নপত্র দাখিল করেন স্বতন্ত্র সাধারণ সম্পাদক প্রার্থী সৈয়দ রাব্বী। তিনি তার পরিবার নিয় এসেছিলেন। সঙ্গে ছিলেন কয়েকজন সমর্থকও। সাংস্কৃতিক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী শক্তিদাস গুপ্তও তার মনোয়ন পত্র দাখিল করেন।

সব শেষে মনোনয়নপত্র দাখিল করেন সেলিম-আলী প্যানেলের প্রার্থীরা। সভাপতি পদে আতাউর রহমান সেলিম মনোনয়নপত্র জমা দেওয়ার পর অন্য প্রার্থীরাও মনোনয়নপত্র দাখিল করেন। যার মধ্যে ছিলেন—সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সহ-সাধারণ সম্পাদক হারুণ অর রশীদ, কোষাধ্যক্ষ নওশাদ হায়দার, সাংগঠনিক সম্পাদক ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সমাজকল্যাণ সম্পাদক মনসুর আহমেদ, সাহিত্য সম্পাদক রুমানা আহমেদ, স্কুল ও শিক্ষাবিষয়ক সম্পাদক মাইনুদ্দীন বাবুল, ক্রীড়া সম্পাদক হাসান খান, মহিলা বিষয়ক সম্পাদক শাহনাজ হোসেন, যুব ও আইটি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর সরওয়ার্দী, কার্যকরী সদস্য উজ্জ্বল বিপুল, সরওয়ার খান বাবু, শামীম আহমেদ, কাজী রবিউজ্জামান, আবদুল মান্নান ও আব্দুল মালেক খান।

সুন্দর ভাবে উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করার জন্য প্রধান নির্বাচন কমিশনার সকল প্রার্থী এবং তাদের সমর্থকদের ধন্যবাদ জানান। সেই সঙ্গে নির্বাচন কমিশনের সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরো বলেন, একটি স্ষ্ঠুু এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে আমরা সকলের সহযোগিতা চাই।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)