ইসলামিক সেন্টারে হত্যার হুমকি, ১৪ অস্ত্রসহ ব্যক্তি গ্রেফতার


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 10-09-2026

ইসলামিক সেন্টারে হত্যার হুমকি, ১৪ অস্ত্রসহ ব্যক্তি গ্রেফতার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ইসলামিক সেন্টার অব টেমেকুলা ভ্যালি মসজিদে মুসল্লিদের হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানোর অভিযোগে ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে গত ২৯ আগস্টরিভারসাইড কাউন্টি শেরিফের দফতরের তদন্তের পর গ্রেফতার করা হয়। তদন্তে তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে একাধিক অবৈধ অ্যাসল্ট অস্ত্র, মোট ১৪টি আগ্নেয়াস্ত্র এবং প্রায় ৩,০০০ রাউন্ড গুলি। মসজিদে পাঠানো চিঠিতে তোমাদের প্রত্যেককে হত্যা করার হুমকি দেওয়ার অভিযোগে অভিযুক্ত সান ডিয়েগো কাউন্টির ওয়ার্নার স্প্রিংসের বাসিন্দা লুইস জর্জ হোয়াইট জুনিয়রকেগত ৩ সেপ্টেম্বর আদালতে হাজির করা হলে তিনি নিজেকে দোষী নন বলে দাবি করেন।

এর আগে ২৬ আগস্ট বুধবার টেমেকুলার নিকোলাস রোডের ৩১০০০ ব্লকে অবস্থিত ইসলামিক সেন্টার অব টেমেকুলা ভ্যালিকে ঘিরে অপরাধমূলক হুমকির অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে রিভারসাইড কাউন্টি শেরিফের কর্মকর্তারা। আদালতের নথি অনুযায়ী, হোয়াইট ইসলামিক সেন্টারের কাছে একটি চিঠি পাঠান। ওই চিঠিতে তিনি মসজিদের সদস্যদের উদ্দেশে ভয়াবহ হত্যার হুমকি দেন। চিঠিতে তিনি লেখেন, তোমাদের প্রত্যেককে হত্যা করার দিনের জন্য আমি অপেক্ষা করতে পারছি না। সেই দিন যত দ্রুত আসে, ততই ভালো। এরপর তিনি অশালীন ভাষায়ও মন্তব্য করেন।

মসজিদ কর্তৃপক্ষ চিঠিটি পাওয়ার পরপরই শেরিফের দফতরকে বিষয়টি জানায়। তদন্তকারীরা চিঠিতে হোয়াইটের আঙুলের ছাপ পাওয়ার পর তার বাড়িতে তল্লাশি চালানোর জন্য সার্চ ওয়ারেন্ট সংগ্রহ করেন।তদন্তকারীদের কাছে দেওয়া বক্তব্যে হোয়াইট স্বীকার করেন যে তিনি নিজের রান্নাঘরে বসে ওই চিঠিটি লিখেছিলেন। পরে তিনি হাইওয়ে ৭৯ ও ৩৭১-এর কাছে যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের একটি ডাকবাক্সে চিঠিটি ফেলে দেন বলে জানান।

তদন্তের শুরুতে হোয়াইট চিঠি পাঠানোর জন্য ক্ষমা চেয়েছিলেন বলে আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে। তবে পরে তিনি তার অবস্থান পরিবর্তন করে মুসলিমদের সম্পর্কে বিদ্বেষপূর্ণ মন্তব্য করেন বলে অভিযোগ রয়েছে।তদন্তকারীদের কাছে তিনি বলেন, ‘মুসলিমরা খারাপ’। এরপর তিনি তদন্তকারীকে প্রশ্ন করেন, তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে। তদন্তকারী পাল্টা একই প্রশ্ন করলে হোয়াইট বলেন, আমি এখন আর কিছু করতে পারব না। আপনারা আমার বন্দুকগুলো নিয়ে নিয়েছেন।

তদন্তে আরো উঠে আসে, হোয়াইট কয়েকবার ইসলামিক সেন্টারের পাশ দিয়ে গাড়ি চালিয়েছেন। তার দাবি ছিল, টেমেকুলার টার্গেট ও ওয়ালমার্টে যাওয়ার পথে তিনি ওই এলাকা দিয়ে যেতেন। তবে তদন্তকারীদের হলফনামায় বলা হয়েছে, তার বাড়ি থেকে ওই দুটি দোকানে যাওয়ার সবচেয়ে সংক্ষিপ্ত পথ মসজিদের পাশ দিয়ে যায় না।এছাড়া হোয়াইটের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলোতেও মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে হুমকিমূলক বক্তব্য পাওয়া গেছে বলে আদালতের নথিতে দাবি করা হয়েছে।

তার বাড়িতে তল্লাশি চালানোর সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অবৈধ হিসেবে বিবেচিত দুটি শর্ট-ব্যারেলড রাইফেল উদ্ধার করে। পাশাপাশি থ্রেডেড ব্যারেল, ফ্ল্যাশ সাপ্রেসর ও ডিট্যাচেবল ম্যাগাজিন-যুক্ত একটি অ্যাসল্ট অস্ত্রও উদ্ধার করা হয়। এছাড়া পিস্তল গ্রিপ ও ডিট্যাচেবল ম্যাগাজিন-যুক্ত আরো দুটি সেমি-অটোমেটিক অ্যাসল্ট অস্ত্র জব্দ করা হয়েছে বলে শেরিফের দফতর জানিয়েছে।

সব মিলিয়ে হোয়াইটের বাড়ি থেকে আরো ১১টি আগ্নেয়াস্ত্র এবং প্রায় ৩,০০০ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি উদ্ধার করা হয়। তার সঙ্গে থাকা বান্ধবী এসব অস্ত্রের মালিকানা অস্বীকার করেছেন বলে তদন্ত নথিতে উল্লেখ করা হয়েছে। হোয়াইটের বিরুদ্ধে একটি শিক্ষা বা ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে হুমকি প্রকাশ, চারটি অবৈধ অ্যাসল্ট অস্ত্র রাখার অভিযোগ এবং নাগরিক অধিকার হরণ-সংক্রান্ত একটি অভিযোগ আনা হয়েছে।

গত ৩ আগস্টসুপিরিয়র কোর্টের বিচারক থেরেসা ক্যানেপার সামনে তার অ্যারেইনমেন্ট অনুষ্ঠিত হয়। আদালত আগামী ১৬ অক্টোবর মুরিয়েটার সাউথওয়েস্ট জাস্টিস সেন্টারে একটি ফেলোনি সেটেলমেন্ট কনফারেন্স নির্ধারণ করেছেন। হোয়াইট বর্তমানে ৭০ হাজার ডলারের জামিনের পরিবর্তে বার্ড ডিটেনশন সেন্টারে আটক রয়েছেন।

আদালতের নথিতে আরো বলা হয়েছে, হোয়াইটের অন্য একটি এলাকায় পূর্ববর্তী কিছু অপরাধমূলক দণ্ডের রেকর্ড রয়েছে। তবে সেই মামলাগুলোর বিস্তারিত আদালতের নথিতে উল্লেখ করা হয়নি।তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। যুক্তরাষ্ট্রের আইনে আদালতে দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত হোয়াইটকে আইনগতভাবে নির্দোষ হিসেবে বিবেচনা করা হবে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)