হিজাব পরা নিয়ে রিপাবলিকান গভর্নর প্রাথীর কটাক্ষে পাল্টা জবাব হোচুলের


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 10-09-2026

হিজাব পরা নিয়ে রিপাবলিকান গভর্নর প্রাথীর কটাক্ষে পাল্টা জবাব হোচুলের

ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সফরের সময় হিজাব পরা নিয়ে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল ও তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী নাসাউ কাউন্টির নির্বাহী ব্রুস ব্লেকম্যানের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য শুরু হয়েছে। হোচুলের হিজাব পরার সমালোচনা করে ব্লেকম্যানের দেওয়া বক্তব্যের পর বিতর্কটি ধর্মীয় সম্মান, নারীবাদ এবং গত ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকী ঘিরেও ছড়িয়ে পড়েছে।বিতর্কের সূত্রপাত গত ৪ অগাস্টহোচুলের ম্যানহাটনের আপার ইস্ট সাইডের ইসলামিক কালচারাল সেন্টার সফরকে ঘিরে। সেখানে তিনি বিভিন্ন কমিউনিটি স্পেস পরিদর্শন করেন। মসজিদে প্রবেশের সময় তিনি মাথা ঢেকে নেন।

হোচুল তার এ সিদ্ধান্তের পক্ষে বলেন, ধর্মীয় স্থানে অতিথি হিসেবে গেলে তিনি সব সময় সেখানকার উপযুক্ত পোশাক পরার চেষ্টা করেন। তিনি বলেন, আমি একজন অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছিলাম এবং আমি সব সময় উপযুক্ত পোশাক পরি সেটি হোক সেটি কোনো মন্দির, অর্থোডক্স কমিউনিটি কিংবা ভ্যাটিকানের কোনো ক্যাথলিক গির্জা।

ব্লেকম্যান সামাজিক যোগাযোগমাধ্যমে হোচুলের একটি ছবি পোস্ট করে সেটির ক্যাপশনে লেখেন, ‘হিজাব হোচুল। ক্যাথির সর্বশেষ পোশাক দর্শক অনুযায়ী যা খুশি।’ তিনি হোচুলের এ আচরণকে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা হিসেবে সমালোচনা করেন। ১১ সেপ্টেম্বরের হামলার ২৫তম বার্ষিকীর দুই সপ্তাহেরও কম সময় আগে এমন আচরণকে তিনি সংবেদনশীলতার অভাব বলেও মন্তব্য করেন।

হোচুল ব্লেকম্যানের সমালোচনা প্রত্যাখ্যান করে বলেন, তার যদি এ নিয়ে সমস্যা থাকে, তাহলে সেটি অন্য কারো চেয়ে তার সম্পর্কেই বেশি কিছু বলে। গভর্নরের দফতর জানিয়েছে, এর আগেও হোচুল হিজাব পরেছেন। ২০২২ সালে রনকনকোমার একটি মসজিদে হামলার পর সেখানে সফরের সময় এবং গত বছর এনওয়াইপিডি কর্মকর্তা দিদারুল ইসলামের জানাজায় অংশ নেওয়ার সময়ও তিনি মাথা ঢেকেছিলেন।

কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস নিউইয়র্কের নির্বাহী পরিচালক আফাফ নাশের বলেন, কোনো উপাসনালয়ে যাওয়ার সময় মাথা ঢেকে রাখা সম্মান প্রদর্শনের অংশ। গত ১১ সেপ্টেম্বরের হামলার সঙ্গে হিজাব পরার বিষয়টিকে যুক্ত করারও সমালোচনা করেন তিনি। নাশের বলেন, মুসলিমদের বিরুদ্ধে কোনো ধরনের হুমকির বিষয়কে ৯/১১-এর সঙ্গে যুক্ত করা উচিত নয়, কারণ অন্য নিউইয়র্কবাসী ও আমেরিকানদের মতো মুসলিমরাও ওই হামলার স্মরণে শোক পালন করছেন।

পরে ব্লেকম্যান বলেন, তার বক্তব্য মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে কোনো আক্রমণ ছিল না। নাসাউ কাউন্টির নির্বাহী হিসেবে তিনি নিয়মিত মসজিদে যান বলেও জানান। তবে নিউজডেকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, হিজাব পরা এবং নিজেকে নারীবাদী হিসেবে পরিচয় দেওয়া—এ দুটি অবস্থান হোচুলের ক্ষেত্রে পরস্পরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

ব্লেকম্যানের এ মন্তব্যের জবাবে হোচুল বলেন, পুরুষেরা একজন নারী নারীবাদী কি না, তা নিয়ে তাকে বক্তৃতা দিলে বিষয়টি আমার কাছে বেশ মজার লাগে।

আফাফ নাশেরও ব্লেকম্যানের বক্তব্যের বিরোধিতা করেন। তিনি বলেন, সমান অধিকারের মূল বিষয় হলো একজন নারী হিজাব পরবেন কি না, সে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা থাকা। তার মতে, হোচুলের হিজাব পরার সিদ্ধান্ত এবং মুসলিম নারীদের হিজাব পরার অধিকারকে আক্রমণ করাই বরং নারীর ক্ষমতায়নবিরোধী ও নারীবাদবিরোধী অবস্থান।এদিকে বিতর্কে অন্যান্য রিপাবলিকান নেতার পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মন্তব্য করেছেন। তিনি হোচুলের ছবিটি পোস্ট করে দাবি করেন, ওই ছবি থেকে বোঝা যায় গভর্নর আরব ভোট পাওয়ার চেষ্টা করছেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)