একসময়ে দেশের সর্ববৃহৎ উপজেলা ছিল বেগমগঞ্জ। সেই বৃহত্তর বেগমগঞ্জ তথা বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলার যুক্তরাষ্ট্র প্রবাসীদের প্রাণপ্রিয় সংগঠন দি গ্রেটার বেগমগঞ্জ সোসাইটি ইউএসএর দ্বিবার্ষিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমাদানের শেষদিন ২০ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় ব্রুকলিনের ইস্ট নিউইয়র্কে সংগঠনের স্থায়ী কার্যালয়ে নির্বাচন কমিশনের কাছে তারা মনোনয়নপত্র জমা দেন।
উৎসব মুখর পরিবেশে ১৭টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৩টি পদে মনোনয়ন জমা দেয়া হয়। এর মধ্যে শুধু সহ-সভাপতি পদে দুইজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এছাড়া অন্য সকল পদে একজন করে প্রার্থী মনোয়ন পত্র জমা দেন। সহ-সভাপতি পদে মনোনয়নপত্র জমা দেয়া দুইজন প্রার্থী হচ্ছেন শাহ আলম ও আবুল কালাম আজাদ।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, একটি করে মনোনয়নপত্র জমা পড়া প্রার্থীরা হচ্ছেন—সভাপতি পদে নুরুল আমিন, সাধারণ সম্পাদক পদে মাহমুদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক পদে জামাল উদ্দিন, অর্থ সম্পাদক পদে আমির হোসেন, সহ-অর্থ সম্পাদক পদে নুর হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে জহিরুল ইসলাম, দফতর সম্পাদক পদে মোহাম্মদ আব্দুল ওহাব, সমাজ কল্যাণ সম্পাদক পদে মোহাম্মদ শাহজাহান, সদস্য পদে যথাক্রমে মোহাম্মদ জিয়াউর রহমান (রিটু), সোহেল আলম ভূঁঞা, মোহাম্মদ এ পাটোয়ারি ও চাঁদ মিয়া।
আগামী ১৮ অক্টোবর অনুষ্ঠিতব্য নির্বাচনে ৯২২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে সহ-সভাপতি পদের একজন প্রার্থী যদি প্রত্যাহার করে নেন সেক্ষেত্রে মনোনয়নপত্র জমাদানকারী সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।
চারটি পদ শূন্য প্রসঙ্গে জানতে চাওয়া হলে প্রধান নির্বাচন কমিশনার শাহ নাসের স্বপন জানান, ১৭টি পদের বিপরীতে ২৭টি মনোনয়নপত্র বিক্রি হয়েছিল। রোববার ১৩টি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা হয়। ৪টি পদে কোন প্রার্থী মনোনয়পত্র জমা দেননি।
মনোনয়নপত্র জমাদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—প্রধান নির্বাচন কমিশনার শাহ নাসের স্বপন, দুই কমিশনার মোহাম্মদ ফজলুল হক এবং হাবিব উল্যাহ বাহার। আরো উপস্থি ছিলেন বৃহত্তর নোয়াখালী সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নাজমুল হাসান মানিক, সহ-সভাপতি তাজু মিয়া, সেক্রেটারি এএসএম মাইনউদ্দিন পিন্টু, উপদেষ্টা মালেক খান, শিক্ষাবিদ আবুল কাসেম, বেগমগঞ্জ সোসাটির সাবেক উপদেষ্টা কামাল উদ্দিন প্রমুখ।
প্রধান নির্বাচন কমিশনার শাহ নাসের স্বপন বলেন, আমরা একটি সুন্দর, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই। এজন্য প্রয়োজন সবার সহযোগিতা।