ভার্জিনিয়ার নর্দার্ন ভার্জিনিয়ার অন্যতম বৃহৎ মসজিদ এডিএএমএস সেন্টারে বোমা হামলার হুমকির ঘটনায় ৫০ বছর বয়সী অ্যাডাম সয়ারকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। স্পটসিলভানিয়ার বাসিন্দা সয়ারের বিরুদ্ধে মসজিদের একটি অনুষ্ঠানে বিস্ফোরক ডিভাইস নিয়ে যাওয়ার হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এডিএএমএস সেন্টারের ইনস্টাগ্রাম পেজে দেওয়া একটি মন্তব্য থেকে তদন্ত শুরু হওয়ার পর গত ১৮ সেপ্টেম্বর তার বাড়িতে তল্লাশি চালানো হয় এবং পরদিন গত ১৯ সেপ্টেম্বর তাকে গ্রেফতার করা হয়।
হুমকিটি ঠিক কোন দিন বা কখন পোস্ট করা হয়েছিল, তা তদন্তের কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রকাশ করেনি। তবে ২১ সেপ্টেম্বর প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, মন্তব্যটিতে এডিএএমএস সেন্টারের একটি অনুষ্ঠানে বিস্ফোরক ডিভাইস নিয়ে যাওয়ার অভিপ্রায়ের কথা উল্লেখ ছিল। কর্তৃপক্ষ এখনো জানায়নি, কোন নির্দিষ্ট অনুষ্ঠানকে লক্ষ্য করা হয়েছিল কিংবা ইনস্টাগ্রাম মন্তব্যে ঠিক কী লেখা হয়েছিল।
মন্তব্যটি সম্পর্কে জানতে পেরে লাউডাউন কাউন্টি শেরিফের কার্যালয়ের গোয়েন্দারা তদন্ত শুরু করেন এবং এর সূত্র ধরে স্পটসিলভানিয়া কাউন্টির একটি ঠিকানা শনাক্ত করেন। এরপর গত ১৮ সেপ্টেম্বর লাউডাউন কাউন্টির গোয়েন্দারা ভার্জিনিয়া স্টেট পুলিশ ও স্পটসিলভানিয়া কাউন্টি শেরিফের কার্যালয়ের সহযোগিতায় স্পটসিলভানিয়ার লুস লেনের ৬৮০০ ব্লকে একাধিক তল্লাশি পরোয়ানা কার্যকর করেন। তদন্তে ফেয়ারফ্যাক্স কাউন্টি পুলিশও সহযোগিতা করে। গত ১৯ সেপ্টেম্বও স্পটসিলভানিয়া কাউন্টি শেরিফের কার্যালয় অ্যাডাম সয়ারকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে থ্রেটস টু বম্ব বা বোমা হামলার হুমকি দেওয়ার একটি অভিযোগ আনা হয়েছে। ভার্জিনিয়া আইনে এটি ‘ক্লাস ফাইভ’ অপরাধ। দোষী সাব্যস্ত হলে এ অপরাধে এক থেকে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
গ্রেফতারের পর সয়ারকে র্যাপাহ্যানক রিজিওনাল জেলে নেওয়া হয়। পরে তাকে আনসিকিউরড বন্ডে মুক্তি দেওয়া হয়। মামলার বিচারিক কার্যক্রম লাউডাউন কাউন্টিতে হবে। তল্লাশির সময় আইনশৃঙ্খলা বাহিনী কী কী আলামত উদ্ধার করেছে, তা এখনো প্রকাশ করা হয়নি। একইভাবে, কর্তৃপক্ষ কোনো বিস্ফোরক ডিভাইস উদ্ধার করেছে কি না, সেটিও জানায়নি। ফলে বর্তমানে প্রকাশ্যে নিশ্চিত তথ্য অনুযায়ী, মামলাটি এডিএএমএস সেন্টারের ইনস্টাগ্রাম পেজে দেওয়া অনলাইন হুমকির অভিযোগকে কেন্দ্র করে তদন্ত ও গ্রেফতারের পর্যায়ে রয়েছে।
মুসলিম নাগরিক অধিকার সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (কেয়ার) ঘটনায় দ্রুত পদক্ষেপের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে স্বাগত জানিয়েছে। সংগঠনটির জাতীয় নির্বাহী পরিচালক নিহাদ আওয়াদ বলেছেন, উপাসনালয়কে লক্ষ্য করে হুমকি ধর্মীয় স্বাধীনতা ও জননিরাপত্তার জন্য গুরুতর উদ্বেগের বিষয়। তদন্তে ধর্মীয় বিদ্বেষপ্রসূত উদ্দেশ্যের প্রমাণ পাওয়া গেলে উপযুক্ত হেট ক্রাইম বা বিদ্বেষপ্রসূত অপরাধের অভিযোগ বিবেচনা করার জন্য তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান। তিনি ইসলামিক প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকার এবং শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখার পরামর্শও দেন।
স্টার্লিংয়ের ৪৬৯০৩ সুগারল্যান্ড রোডে অবস্থিত এডিএএমএস সেন্টার ১৯৮৩ সালে রেস্টন ও হার্নডনের কয়েকটি মুসলিম পরিবারের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এটি নর্দার্ন ভার্জিনিয়ার অন্যতম বৃহৎ মুসলিম সংগঠন। প্রতিষ্ঠানটির সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, এর সদস্যসংখ্যা ৩৫ হাজারের বেশি।স্টার্লিংয়ের প্রধান ক্যাম্পাসে প্রায় ২৫ হাজার বর্গফুটের একটি মসজিদ রয়েছে, যেখানে ৭০০ জনের বেশি মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। এডিএএমএস সেন্টারের ফেয়ারফ্যাক্স, শ্যান্টিলি ও রেস্টনসহ আরো ছয়টি শাখা রয়েছে। গেইনসভিলে সংগঠনটির আরেকটি নতুন কেন্দ্র বর্তমানে নির্মাণাধীন।