নিউইয়র্কে স্থায়ী ‘জবস এনওয়াইসি’ কেন্দ্র চালু


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 30-09-2026

নিউইয়র্কে স্থায়ী ‘জবস এনওয়াইসি’ কেন্দ্র চালু

নিউইয়র্ক সিটিতে সরকারি চাকরির সুযোগ খুঁজছেন এমন বাসিন্দাদের জন্য স্থায়ী জবস এনওয়াইসি সেন্টার চালু করেছেন মেয়র জোহরান মামদানি। ম্যানহাটনের ২ লাফায়েত স্ট্রিটে স্থাপিত নতুন এই কেন্দ্রে চাকরিপ্রার্থীরা সরকারি চাকরির খালি পদ খোঁজা, আবেদন করা এবং সিভিল সার্ভিস নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সরাসরি সহায়তা পাবেন। ২৮ সেপ্টেম্বর মেয়র মামদানি, অর্থনৈতিক ন্যায়বিচারবিষয়ক ডেপুটি মেয়র জুলি সু, স্মল বিজনেস সার্ভিসেস কমিশনার কেনি মিনায়া এবং ডিপার্টমেন্ট অব সিটিওয়াইড অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস কমিশনার ইউমে কিতাসেই আনুষ্ঠানিকভাবে কেন্দ্রটির উদ্বোধন করেন। নিয়মিত ওয়াক ইন সেবা শুরু হবে ৫ অক্টোবর থেকে।

কেন্দ্রটি সোমবার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই চাকরিপ্রার্থীদের সেবা দেবে। সেখানে ক্যারিয়ার পরামর্শ, চাকরির আবেদন, সিভিল সার্ভিস পরীক্ষার তথ্য, প্রশিক্ষণ কর্মশালা এবং বিভিন্ন সরকারি সংস্থার নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হবে। শুক্রবারসহ অন্যান্য দিনে নির্ধারিত নিয়োগ ও কর্মসূচিও থাকতে পারে।

নতুন কেন্দ্র চালুর পেছনে রয়েছে নিউইয়র্ক সিটি গভর্নমেন্টের বিপুল সংখ্যক শূন্য পদ। ৩১ আগস্ট পর্যন্ত শহরে অনুমোদিত ৩ লাখ ৭ হাজার ১৯৯টি পদের বিপরীতে কর্মরত ছিলেন ২ লাখ ৯২ হাজার ৮০৮ জন। ফলে ১৪ হাজার ৩৯১টি পদ খালি ছিল, যা মোট অনুমোদিত পদের ৪.৬৮ শতাংশ।

এর মধ্যে ডিপার্টমেন্ট অব সোশ্যাল সার্ভিসেসে ১ হাজার ৮৬০টি পদ খালি, যা সংস্থাটির অনুমোদিত পদের ১৪.৮৭ শতাংশ। অ্যাডমিনিস্ট্রেশন ফর চিলড্রেনস সার্ভিসেসে খালি রয়েছে ৬৭৬টি পদ, যার হার ৯.৬২ শতাংশ।

মেয়র মামদানি বলেন, প্রতিটি নিউইয়র্কবাসীর ভালো চাকরি পাওয়ার বাস্তব সুযোগ থাকা উচিত এবং সরকারি চাকরিতে প্রবেশের পথকে জটিল রাখা উচিত নয়। নতুন কেন্দ্রটি চাকরিপ্রার্থীদের সুযোগ খুঁজে বের করা, নিয়োগের প্রয়োজনীয়তা বোঝা এবং সরকারি চাকরিতে ক্যারিয়ার গড়তে সহায়তা করবে।

জবস এনওয়াইসি উদ্যোগটি অবশ্য মামদানি প্রশাসনের আগে ২০২৪ সালে সাবেক মেয়র এরিক অ্যাডামসের সময়ে শুরু হয়েছিল। সিটি হলের তথ্য অনুযায়ী, কর্মসূচিটি ইতোমধ্যে ৪৭টি সিটি এজেন্সি ও সরকারি প্রতিষ্ঠানের নিয়োগ কার্যক্রমে সহায়তা করেছে।

নতুন কেন্দ্রটি শুধু সিটি সরকারের চাকরির জন্য নয়। চাকরিপ্রার্থীদের স্টেট ও ফেডারেল সরকারি চাকরি, সিটির সঙ্গে চুক্তিবদ্ধ অলাভজনক প্রতিষ্ঠানের চাকরি এবং অন্যান্য জনসেবামূলক কর্মসংস্থানের সুযোগ সম্পর্কেও তথ্য দেওয়া হবে।

কেন্দ্রটির প্রথম নিয়োগ কার্যক্রমে আগস্টের একটি হায়ারিং হলের মাধ্যমে ১৭ জনকে এনওয়াইসি বেস্ট টিমে নিয়োগ দেওয়া হয়েছে। এর ফলে ব্যবসায়ীদের পারমিট, লাইসেন্স ও পরিদর্শন সংক্রান্ত সহায়তা দেওয়া এনওয়াইসি বেস্ট দলের সদস্যসংখ্যা ১৩ থেকে বেড়ে ৩০ হয়েছে।

মেয়র মামদানির ওপেন ফর স্মল বিজনেস নির্বাহী আদেশের আওতায় ‘এনওয়াইসি বেস্ট’ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ব্যবস্থায় ব্যবসায়ীদের জন্য নির্দিষ্ট প্রজেক্ট ম্যানেজার নিয়োগ, প্রয়োজনীয় পারমিট ও লাইসেন্স শনাক্তকরণ, আবেদন প্রক্রিয়ায় সহায়তা এবং পরিদর্শনের সমন্বয়ের ব্যবস্থা রাখা হয়েছে।

সিটি হল জানিয়েছে, নতুন জবস এনওয়াইসি সেন্টার স্মল বিজনেস সার্ভিসেস এবং ডিপার্টমেন্ট অব সিটিওয়াইড অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেসের বিদ্যমান বাজেটের আওতায় পরিচালিত হবে। দীর্ঘদিন খালি থাকা সিটি মালিকানাধীন একটি জায়গাকে পুনরায় জনসেবায় ব্যবহার করা হচ্ছে বলেও জানানো হয়েছে।

চাকরিপ্রার্থীরা কেন্দ্রটির নিয়োগ কর্মসূচি ও অন্যান্য তথ্যের জন্য এনওয়াইসি জবস ওয়েবসাইট দেখতে, জবসএনওয়াইসি অ্যাট এসবিএস ডট এনওয়াইসি ডট গভ-ইমেইলে যোগাযোগ করতে অথবা ৮৮৮-৭২৭-৪৬৯২ নম্বরে ফোন করতে পারবেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)