গত ২৬ সেপ্টেম্বর নিউইয়র্কের বাংলাদেশী অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে বিপুল পরিমাণ নেতাকর্মীদের উপস্থিতিতে যুক্তরাষ্ট্র যুবদলের কর্মিসভা অনুষ্ঠিত হয়।
যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সভাপতি জাকির এইচ চৌধুরীর সভাপতিত্বে কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি আবু সাইদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সহ সভাপতি আতিকুল হক আহাদ, সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিজান, আমানত হোসেন আমান, সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মাহমুদ, নিউইয়র্ক স্টেট যুবদলের সাবেক সাবেক সাধারণ সম্পাদক রেজাউল আজাদ ভূঁইয়া।
প্রধান অতিথি যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন তার বক্তব্যে যুবদলের নেতাকর্মীদেরকে সাংগঠনিক দিকনির্দেশনা দিয়ে যুক্তরাষ্ট্র যুবদলের নতুন কমিটি গঠনের আশ্বাস প্রদান করেন। তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশর যুবসমাজকে রক্ষা করার জন্য এবং দেশ গড়ার কাজে অংশগ্রহণ করার জন্য যুবদল গঠন করেছিলেন। কারণ স্বাধীনতার পর বাংলাদেশের যুব সমাজ অপরাধ জগতের সাথে জড়িয়ে পড়েছিলো। এ ছাড়াও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের জাতিসত্ত্বার পরিচয় দিয়েছিলেন বাংলাদেশী জাতীয়তাবাদ। শেখ মুজিবুর রহমান আমাদের বাঙালি হবার আহবান জানিয়েছিলেন অন্যদিকে জিয়াউর রহমান বাংলাদেশী হিসাবে পরিচয় দিয়েছিলেন। তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করেন প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়াকে। ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী তারেক জিয়াকে, যিনি ১৭ বছর ধরে দেশবাসীকে ঐক্যবদ্ধ করে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়তে নেতৃত্ব দিয়েছিলেন।
উল্লেখ্য, জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগদানের জন্য প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরকালে যুক্তরাষ্ট্র যুবদলের নেতাকর্মীদের সহযোগিতা ও কর্মকাণ্ডের প্রশংসা করে ধন্যবাদ জানান। তিনি বর্তমান সরকারকে সহযোগিতা করতে বৈধ উপায়ে রেমিটেন্স পাঠানোর জন্য প্রবাসী বাংলাদেশীদেরকে আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করা হয়।