হামের প্রকোপ বাড়ায় নিউইয়র্কে ডিজাস্টার ইমার্জেন্সি ঘোষণা


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 07-10-2026

হামের প্রকোপ বাড়ায় নিউইয়র্কে ডিজাস্টার ইমার্জেন্সি ঘোষণা

নিউইয়র্ক স্টেটে হামের সংক্রমণ বাড়তে থাকায় স্টেটজুড়ে ‘স্টেট ডিজাস্টার ইমার্জেন্সি’ বা দুর্যোগকালীন জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর ক্যাথি হোচুল। ৫ অক্টৈাবর সোমবার স্বাক্ষর করা এক নির্বাহী আদেশের মাধ্যমে সংক্রমণ মোকাবিলায় টিকাদান ও পরীক্ষা কার্যক্রম দ্রুত সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। স্টেটের স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ৩ অক্টোবর পর্যন্ত নিউইয়র্ক সিটিতে ৭টি এবং সিটির বাইরে নিউইয়র্ক স্টেটে ১০১টি নিশ্চিত হামের ঘটনা শনাক্ত হয়েছে। চলতি বছরে স্টেটজুড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০৮ জনে। বিশেষ করে টিকাদানের হার কম এমন গ্রামীণ এলাকায় সংক্রমণ বেড়েছে। ১৫ জুলাই থেকে ১৮টি কাউন্টির এসব এলাকায় ৯২টি হামের ঘটনা শনাক্ত হয়েছে। সংক্রমণ ঠেকাতে স্থানীয় স্বাস্থ্য বিভাগগুলো ইতোমধ্যে গ্রামীণ নিউইয়র্কের বিভিন্ন এলাকায় ১ হাজারের বেশি এমএমআর টিকার ডোজ দিয়েছে।

নতুন নির্বাহী আদেশের আওতায় হামের টিকা দেওয়ার জন্য অনুমোদিত স্বাস্থ্যকর্মীদের পরিধি আরও বাড়ানো হয়েছে। এখন প্যারামেডিক, অ্যাডভান্সড ইএমএস কর্মী, মিডওয়াইফ এবং ফার্মাসিস্টরাও নির্দিষ্ট পরিস্থিতিতে টিকা দেওয়ার কাজে যুক্ত হতে পারবেন। এর ফলে দ্রুত বেশি সংখ্যক মানুষকে টিকা দেওয়া এবং সংক্রমণ নিয়ন্ত্রণের সুযোগ তৈরি হবে বলে স্টেট কর্তৃপক্ষ জানিয়েছে।

গভর্নর হোচুল বলেন, নিউইয়র্ক স্টেটে হামের সর্বশেষ তথ্য পর্যালোচনা করে রোগটির বিস্তার মোকাবিলায় চলমান প্রচেষ্টা আরও জোরদার করার জন্য তিনি জরুরি অবস্থা ঘোষণা করেছেন। টিকা দিয়ে প্রতিরোধ করা সম্ভব এমন রোগে কারও গুরুতর অসুস্থ হওয়া বা মৃত্যুবরণ করা উচিত নয় বলেও তিনি মন্তব্য করেন।

হোচুল বলেন, আরও বেশি স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া ও পরীক্ষা কার্যক্রমে যুক্ত করার মাধ্যমে নিউইয়র্কবাসীকে সুরক্ষা দেওয়া এবং রোগের বিস্তার মোকাবিলায় স্থানীয় স্বাস্থ্য সংস্থাগুলোকে সহায়তা করাই এই জরুরি পদক্ষেপের লক্ষ্য। এদিকে সোমবার গভর্নর নিজেও ফ্লু টিকা নিয়েছেন এবং নিউইয়র্কের বাসিন্দাদের ফ্লু টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ। স্টেট কর্তৃপক্ষ বিশেষ করে যেসব এলাকায় টিকাদানের হার কম, সেখানে দ্রুত টিকাদান বাড়ানোর ওপর জোর দিচ্ছে। নিউইয়র্কের গ্রামীণ এলাকায় নতুন সংক্রমণ অব্যাহত থাকায় আগামী দিনগুলোতে পরিস্থিতি পর্যবেক্ষণ ও টিকাদান কার্যক্রম আরও জোরদার করা হবে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)