নিউইয়র্ক পুলিশের বাংলাদেশি আমেরিকান কর্মকর্তাদের পদোন্নতি


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 07-10-2026

নিউইয়র্ক পুলিশের বাংলাদেশি আমেরিকান কর্মকর্তাদের পদোন্নতি

নিউইয়র্ক সিটির এনওয়াইপিডি পুলিশ হেডকোয়ার্টারে গত ২৮ সেপ্টেম্বর সকালে এবং বিকালে দুই ধাপে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পুলিশ বিভাগের বিভিন্ন কর্মকর্তাদের পদোন্নতি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনওয়াইপিডি পুলিশ কমিশনার জেসিকা টিশ। তার হাত থেকে পদোন্নতির সনদ গ্রহণ করেন বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের গর্বিত সদস্যরা।

বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন অত্যন্ত গর্বের সঙ্গে উদযাপন করছে আমাদের ১০ জন সদস্যের পদোন্নতি ও নতুন দায়িত্ব গ্রহণের এই বিশেষ অর্জন! ডেপুটি ইন্সপেক্টর মোহাম্মদ ইসলাম, লেফটেন্যান্ট হুমায়ুন কবির, মোহাম্মদ চৌধুরী, মো. করিম, সার্জেন্ট মোহাম্মদ শারবেল, মোহাম্মদ চৌধুরী। প্রবেশনারি অ্যাসোসিয়েট ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্ট লেভেল ওও (ট্রাফিক কমান্ডার) মোহাম্মদ রহমান, প্রবেশনারি অ্যাসোসিয়েট ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্ট লেভেল ও (ট্রাফিক সুপারভাইজার) মোহাম্মদ রহমান, জেহেদী রহমান। ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্ট লেভেল ওওও আকরাম হোসেন।

এই অসাধারণ অর্জনে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। সংগঠনের প্রেসিডেন্ট ক্যাপ্টেন একেএম আলম, ভাইস প্রেসিডেন্ট সার্জেন্ট ডিটেকটিভ স্কোয়াড এরশাদুর সিদ্দিক এবং সেক্রেটারি ডিটেকটিভ জামিল সারোয়ার এক যৌথ শুভেচ্ছা বার্তায় বলেন, এ সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং সমগ্র বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির জন্য গর্বের বিষয়। বাপার মিডিয়া লিয়াজোঁ সার্জেন্ট জসিম মিয়া বলেন, আমাদের এই সদস্যদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে এ পদোন্নতি এসেছে। তাদের এ সাফল্য আগামী প্রজন্মের বাংলাদেশি-আমেরিকান তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

অনুষ্ঠানে বাপার বর্তমান এবং সাবেক নেতারা উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পেশাজীবী, শুভানুধ্যায়ী এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন। পদোন্নতিপ্রাপ্ত এই কর্মকর্তাদের সাফল্যে পুরো বাংলাদেশি-আমেরিকান কমিউনিতে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। কমিউনিটির নেতারা মনে করেন, তাদের এই অর্জন ভবিষ্যৎ প্রজন্মকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যোগদানে উৎসাহিত করবে এবং বাংলাদেশি-আমেরিকানদের ইতিবাচক ভাবমূর্তি আরো উজ্জ্বল করবে।

ডেপুটি ইন্সপেক্টর মোহাম্মদ এস ইসলাম

নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে (এনওয়াইপিডি) ১৮ বছরের গৌরবময় কর্মজীবনে ডেপুটি ইন্সপেক্টর মোহাম্মদ এস. ইসলাম সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে নিজেকে একজন দক্ষ ও সম্মানিত পুলিশ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বর্তমানে তিনি ব্রুকলিনের ৬২তম প্রিসিঙ্কটের কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্রুকলিনে জন্ম ও বেড়ে ওঠা ডেপুটি ইন্সপেক্টর ইসলাম তার নিজ কমিউনিটির সেবা করাকে অত্যন্ত সম্মানের বিষয় হিসেবে মনে করেন। উল্লেখ্য তার পিতা-মাতার জন্মস্থান বাংলাদেশের নোয়াখালী জেলায় ।

২০০৮ সালে এনওয়াইপিডিতে কর্মজীবন শুরু করার পর তিনি প্যাট্রোল, হাউজিং, ডিটেকটিভ ব্যুরো, নারকোটিক্স, স্পেশাল অপারেশনস ও ভায়োলেন্ট ক্রাইমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। নেতৃত্বের বিভিন্ন পর্যায়ে তিনি জননিরাপত্তা বৃদ্ধি, অপরাধ দমন এবং কমিউনিটির সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শিক্ষাজীবনেও তার রয়েছে উল্লেখযোগ্য অর্জন। তিনি ব্রুকলিন কলেজ থেকে জীববিজ্ঞানে স্নাতক এবং জন জে কলেজ অব ক্রিমিনাল জাস্টিস থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তার এ সাফল্যের পেছনে রয়েছে মহান আল্লাহর প্রতি বিশ্বাস, বাবা-মায়ের শিক্ষা, কঠোর পরিশ্রম এবং পরিবারের ভালোবাসা ও সমর্থন।

লেফটেন্যান্ট পদে হুমায়ুন কবির

বাংলাদেশের শরীয়তপুর জেলার সন্তান হুমায়ুন কবির দীর্ঘ কর্মজীবনের সাফল্যের ধারাবাহিকতায় নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি)-এর লেফটেন্যান্ট পদে পদোন্নতি পেয়েছেন। তার এ অর্জন বাংলাদেশি-আমেরিকান পুলিশ কমিউনিটির জন্য অত্যন্ত গর্বের।

২০০১ সালে যুক্তরাষ্ট্রে আসার পর ২০০৫ সালে পুলিশ ক্যাডেট হিসেবে এনওয়াইপিডিতে যোগ দেন হুমায়ুন কবির। ২০০৮ সালে ম্যানহাটনের বারুক কলেজ থেকে ইন্টারন্যাশনাল মার্কেটিং-এ ব্যাচেলর ডিগ্রি অর্জনের পর তিনি পুলিশ অফিসার হিসেবে এনওয়াইপিডিতে যোগ দেন। ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত ম্যানহাটন ট্রানজিট পুলিশে গোয়েন্দা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালে টানা তিনবার তিনি অফিসার অব দ্য ইয়ার নির্বাচিত হন। ২০১৭-২০১৮ সালে ১১৩ প্রিসিঙ্কটের ডিটেকটিভ স্কোয়াডে দায়িত্ব পালন করার পর তিনি সার্জেন্ট পদে পদোন্নতি পান। পরবর্তী সময়ে ৭ম প্রিসিঙ্কটে সার্জেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন এবং ইইও ইউনিটে যোগ দেন।

২০২২ সালে সার্জেন্ট হুমায়ুন কবির ও সার্জেন্ট এরশাদ সিদ্দিকী প্রথম বাংলাদেশি হিসেবে এনওয়াইপিডি ইন্টেলিজেন্স ডিভিশনের মেয়রস সিকিউরিটি ডিভিশনে যোগ দেন এবং সেখানে প্রায় চার বছর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০২৪ সালে কর্মক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ডিটেকটিভ সার্জেন্ট পদে পদোন্নতি পান। সর্বশেষ ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ইন্টেলিজেন্স ডিভিশনে কর্মরত অবস্থায় তিনি এনওয়াইপিডি-এর লেফটেন্যান্ট পদে পদোন্নতি অর্জন করেন।

পুলিশ পেশার পাশাপাশি বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির সেবায়ও হুমায়ুন কবিরের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা)-এর প্রতিষ্ঠাতা জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন।

ব্যক্তিগত জীবনে হুমায়ুন কবির বিবাহিত। তার স্ত্রী তানজিলা খান, ছেলে তাসিন কবির এবং মেয়ে তাসমিয়া কবির। তিনি বর্তমানে লং আইল্যান্ডে বসবাস করছেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)