জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হচ্ছে। নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।


তবে দলের শীর্ষ দুই পদে কোনো পরিবর্তন আসছে না। আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম এবং সদস্যসচিব হিসেবে আখতার হোসেনই দায়িত্বে থাকছেন।



এনসিপির একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহেই পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটির তালিকা প্রকাশ করা হতে পারে। কমিটি পুনর্গঠনের ক্ষেত্রে নেতাদের পারফরম্যান্স ও সাংগঠনিক কার্যক্রমে ভূমিকা বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দলটির নেতারা।


সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, নতুন কমিটিতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হচ্ছে। অন্যদিকে, সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পেতে পারেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিবের পদ।




বর্তমানে এনসিপির শীর্ষ পর্যায়ে ১১টি পদ রয়েছে, যা দলটির ভেতরে ‘সুপার ইলেভেন’ নামে পরিচিত। কমিটি পুনর্গঠনের মাধ্যমে শীর্ষ নেতৃত্বের এই কাঠামো ছোট করে ‘সুপার সিক্সে’ নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন দলটির নেতারা।


নতুন কমিটির মাধ্যমে দলের সাংগঠনিক কাঠামো আরও সংক্ষিপ্ত ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে পুনর্গঠিত কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের পরই কে কোন দায়িত্ব পাচ্ছেন সেটি বোঝা যাবে।


জানতে চাইলে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন জাগো নিউজকে বলেন, আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে অনেক দিন হলো। আমাদের দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা দরকার। এজন্য এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। দায়িত্ব পুনর্বণ্টন করা হবে। দলীয় ফোরামে আলোচনা হয়েছে। এই সপ্তাহেই নতুন দায়িত্ব বণ্টনের ঘোষণা দেওয়া হবে।





তিনি বলেন, দলের বয়স বেশ কিছুদিন হলো। আমরা এর মধ্যে বুঝেছি কার কতটা অবদান, কে সাংগঠনিকভাবে কতটা ভূমিকা রাখতে পারে। সেই অনুযায়ী দলকে শক্তিশালী করতে দায়িত্ব পুনর্বণ্টনের সিদ্ধান্ত হয়েছে।